যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পর দলটির ভবিষ্যৎ নেতৃত্ব ও ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে শুরু হয়েছে নতুন হিসাব-নিকাশ। নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে শোচনীয় পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, টেক্সাসের সিনেটর টেড ক্রুজ ও ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস নিজেদের অবস্থান তুলে ধরেছেন। তাঁদের বক্তব্যে স্পষ্ট, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন বর্তমান প্রশাসনের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একই সঙ্গে ট্রাম্প-পরবর্তী রিপাবলিকান নেতৃত্বের প্রতিযোগিতাও সামনে চলে এসেছে।
গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে রিপাবলিকানরা। শুধু তাই নয়, টেক্সাস, সাউথ ক্যারোলাইনা ও কানসাসের মতো ঐতিহ্যগতভাবে রিপাবলিকান-সমর্থিত অঙ্গরাজ্যেও জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে বিপুল ব্যবধানে ভোট দেওয়া বিভিন্ন আসনেও জয় ছিনিয়ে নিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা।
ডিস্যান্টিস এই বিপর্যয়ের মাত্রা বোঝাতে বলেছেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে গত প্রায় ১০০ বছরের মধ্যে রিপাবলিকানদের জন্য এটিই সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক বিপর্যয়গুলোর একটি। তাঁর ভাষায়, এটি দলটির অস্তিত্বের জন্য বড় ধরনের হুমকির সমান।
ইরান যুদ্ধকেই পরাজয়ের কারণ বলছেন ভ্যান্স
নির্বাচনের পর ৪ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিশ্লেষণে ভ্যান্স বলেন, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন বা ম্যাগা সমর্থকেরা উল্লেখযোগ্য সংখ্যায় ভোট দিতে এলেও ২০২৪ সালে ট্রাম্প-ভ্যান্সকে ভোট দেওয়া অনেক মানুষ এবার ডেমোক্র্যাটদের সমর্থন করেছেন।
এই পরিবর্তনের প্রধান কারণ হিসেবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধকে দায়ী করেছেন তিনি। যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে তাঁর বক্তব্য।
ভ্যান্স বলেন, পরাজয়ের কারণ যুদ্ধ। প্রেসিডেন্ট নিজেও নির্বাচনের পর এ কথা স্বীকার করেছেন। যুদ্ধের অবসান ঘটাতে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি। তাঁর মতে, রিপাবলিকানদের ভবিষ্যৎ কৌশল নির্ধারণ করতে হলে প্রথমেই এই যুদ্ধের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে সৎ আলোচনা করতে হবে।
তবে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়নের দৌড়ে ভ্যান্সের অবস্থানও এখন আগের মতো নিশ্চিত নয়। সাবেক রিপাবলিকান প্রতিনিধি পরিষদের স্পিকার নিউট গিংরিচ মনে করেন, মধ্যবর্তী নির্বাচনে দলের বিপর্যয়কর পরাজয় ভ্যান্সের জন্য আগেভাগে মনোনয়ন নিশ্চিত করার সুযোগ নষ্ট করেছে।
ট্রাম্পের শুল্কনীতি ও অর্থনৈতিক বৈষম্যকে দায়ী ক্রুজের
টেক্সাসের সিনেটর টেড ক্রুজ রিপাবলিকানদের পরাজয়কে ঐতিহাসিক রাজনৈতিক প্রত্যাখ্যান হিসেবে বর্ণনা করেছেন। তাঁর মতে, এবারের নির্বাচন শুধু ডেমোক্র্যাটদের পক্ষে একটি বড় ঢেউ ছিল না, বরং ছিল রাজনৈতিক সুনামি।
মধ্যবর্তী নির্বাচনে জাতীয় পর্যায়ে জনপ্রিয় ভোটে ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের চেয়ে ১৩ শতাংশ পয়েন্টে এগিয়ে ছিল। টেক্সাসে একমাত্র রাজ্যব্যাপী নির্বাচিত রিপাবলিকান প্রতিনিধি হিসেবে নিজের অবস্থান তুলে ধরে ক্রুজ বলেন, এই ফলাফল দলটির জন্য গভীর সতর্কবার্তা।
পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির সমালোচনা করেন। তাঁর মতে, আমদানি পণ্যের ওপর শুল্ক আরোপের ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। পাশাপাশি ইরানের সঙ্গে যুদ্ধও প্রয়োজনের তুলনায় দীর্ঘায়িত হয়েছে। যুদ্ধটি স্বল্পমেয়াদি, সিদ্ধান্তমূলক ও দ্রুত শেষ হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।
অর্থনৈতিক বৈষম্যকেও বড় কারণ হিসেবে চিহ্নিত করেছেন ক্রুজ। তাঁর বক্তব্য, ধনকুবেরদের সম্পদ বাড়লেও সাধারণ আমেরিকানদের বিদ্যুৎ ও অন্যান্য প্রয়োজনীয় পরিষেবার বিল পরিশোধ করতে হিমশিম খেতে হচ্ছে। সাধারণ মানুষের এই বাস্তব সংকট মোকাবিলায় রিপাবলিকান নেতারা যথেষ্ট উদ্যোগ নেননি।
ক্রুজের মতে, মানুষের ক্ষোভ ছিল স্বাভাবিক। তবে তিনি ভবিষ্যদ্বাণী করেছেন, ডেমোক্র্যাটরা ক্ষমতায় গিয়ে অতিরিক্ত নীতিগত পরিবর্তনের পথে হাঁটলে তা আবারও সাধারণ মানুষের ব্যয় বাড়াতে পারে।
তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, রিপাবলিকান পার্টিকে নতুন করে শ্রমজীবী মানুষের দল হিসেবে গড়ে তোলা হবে এবং টেক্সাসে হারানো রাজনৈতিক অবস্থান পুনরুদ্ধার করা হবে।
টেক্সাসে ডেমোক্র্যাটদের জয়, ২০২৮ সালে নতুন সমীকরণ
মধ্যবর্তী নির্বাচনে টেক্সাসে রিপাবলিকানদের পরাজয় ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের হিসাব বদলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে টেক্সাসের ৪০টি ইলেকটোরাল ভোট দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের জন্য গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিবেচিত হয়ে আসছে।
কিন্তু সিনেটর নির্বাচিত জেমস তালারিকোসহ একাধিক ডেমোক্র্যাট প্রার্থীর জয় অঙ্গরাজ্যটিকে নতুন করে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঞ্চলে পরিণত করেছে। ফলে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে টেক্সাসে জয় পাওয়া রিপাবলিকানদের জন্য আর নিশ্চিত বিষয় নয়। অঙ্গরাজ্যটিতে ডেমোক্র্যাটদের শক্তিশালী অবস্থান দলটির নির্বাচনী কৌশলকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।
ফ্লোরিডায় টিকে থাকার কৃতিত্ব নিজের নেতৃত্বকে দিলেন ডিস্যান্টিস
টেক্সাসে রিপাবলিকানদের দুর্গ ভেঙে পড়লেও ফ্লোরিডায় দলটির অবস্থান অক্ষুণ্ন রয়েছে। এই সাফল্যের কৃতিত্ব নিজের প্রশাসনের অর্জন ও ভোটারদের আস্থাকে দিয়েছেন গভর্নর রন ডিস্যান্টিস।
৪ নভেম্বর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফ্লোরিডায় তাঁর প্রশাসনের কাজের রেকর্ড ভোটারদের মধ্যে আস্থা তৈরি করেছে। রাজনৈতিক পরিস্থিতি যত প্রতিকূলই হোক, সেই আস্থার কারণেই রিপাবলিকানরা অঙ্গরাজ্যটিতে নিজেদের অবস্থান ধরে রাখতে পেরেছে।
ফ্লোরিডার সিনেট নির্বাচনে রিপাবলিকান অ্যাশলি মুডি ডেমোক্র্যাট প্রার্থী অ্যাঞ্জি নিক্সনকে পরাজিত করেছেন। অন্যদিকে গভর্নর পদে বাইরন ডোনাল্ডস ডেমোক্র্যাট ডেভিড জোলিকে হারিয়ে জয়ী হয়েছেন। মেয়াদ শেষ হওয়ায় ডিস্যান্টিস আর গভর্নর পদে থাকতে পারবেন না।
তবে জাতীয় পর্যায়ে রিপাবলিকানদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী নন ডিস্যান্টিস। তাঁর আশঙ্কা, প্রতিনিধি পরিষদ ও সিনেটে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা এতটাই বাড়তে পারে যে ২০২৮ সালে রিপাবলিকানদের পক্ষে যেকোনো একটি কক্ষের নিয়ন্ত্রণ ফিরে পাওয়াও কঠিন হয়ে উঠবে।
ট্রাম্প-পরবর্তী নেতৃত্বের লড়াই শুরু
২০২৮ সালের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার বিষয়ে ভ্যান্স ও ক্রুজ এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। ডিস্যান্টিসকেও সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নামও সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের তালিকায় রয়েছে। তবে মধ্যবর্তী নির্বাচনের ফলাফল নিয়ে তিনি এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
সাবেক স্পিকার নিউট গিংরিচের মতে, রিপাবলিকানরা নির্বাচনে বড় জয় পেলে ভ্যান্সকে দলের সম্ভাব্য ও অনিবার্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠার সুযোগ তৈরি হতো। কিন্তু পরাজয়ের মাত্রা সেই পরিস্থিতি বদলে দিয়েছে। এখন মনোনয়নের লড়াই সবার জন্য উন্মুক্ত।
এদিকে ট্রাম্প ভ্যান্সের নির্বাচনী পর্যালোচনাকে ভালো বলে মন্তব্য করেছেন। তবে ২০২৮ সালে ভ্যান্স প্রার্থী হবেন কি না, সে বিষয়ে নিশ্চিত কিছু বলেননি। ট্রাম্পের বক্তব্য, কে নির্বাচনে অংশ নেবেন তা এখনই বলা সম্ভব নয়। ইরান যুদ্ধের বিষয়ে নিজের সিদ্ধান্ত পরিবর্তনের প্রয়োজন ছিল বলেও তিনি মনে করেন না।
সব মিলিয়ে মধ্যবর্তী নির্বাচনের পর রিপাবলিকান পার্টির সামনে এখন দুটি বড় চ্যালেঞ্জ—একদিকে সাধারণ ভোটারদের আস্থা ফিরিয়ে আনা, অন্যদিকে ট্রাম্প-পরবর্তী নেতৃত্ব নির্ধারণ। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই দুই প্রশ্নের সমাধানই দলটির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।












