ওজন কমানোর জন্য বহুল ব্যবহৃত জিএলপি-১ শ্রেণির ওষুধে বিরল এক ধরনের চোখের রোগের ঝুঁকি নিয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। ওজন কমানোর ওষুধে অন্ধত্বের ঝুঁকি নিয়ে সংস্থাটি ওষুধ প্রস্তুতকারকদের প্যাকেটের সতর্কবার্তায় নতুন তথ্য যুক্ত করার নির্দেশ দিয়েছে। এ রোগে আক্রান্ত হলে হঠাৎ এক চোখের দৃষ্টিশক্তি কমে যেতে পারে, এমনকি স্থায়ীভাবে অন্ধত্বও দেখা দিতে পারে।
এফডিএর নির্দেশ অনুযায়ী, ওজেমপিক, ওয়েগোভি, মাউনজারো ও জেপবাউন্ডের মতো জনপ্রিয় ওষুধের প্রস্তুতকারকদের নতুন সতর্কবার্তা যুক্ত করতে হবে। এসব ওষুধ মূলত ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও স্থূলতা কমানোর চিকিৎসায় ব্যবহৃত হয়।
কোন রোগের ঝুঁকি রয়েছে
যে চোখের রোগটি নিয়ে সতর্ক করা হয়েছে, তার নাম নন-আর্টেরিটিক অ্যান্টেরিয়র ইস্কেমিক অপটিক নিউরোপ্যাথি (এনএআইওএন)। এ রোগে চোখের দৃষ্টিস্নায়ুতে রক্ত সরবরাহকারী রক্তনালিতে বাধা সৃষ্টি হয়। ফলে স্নায়ুটি প্রয়োজনীয় অক্সিজেন থেকে বঞ্চিত হয় এবং দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। এফডিএ জানিয়েছে, এ রোগে আক্রান্ত হলে সাধারণত কোনো ব্যথা ছাড়াই এক চোখের দৃষ্টিশক্তি কমে যায়। কিছু ক্ষেত্রে এই ক্ষতি স্থায়ী হতে পারে।
ওজন কমানোর ওষুধে অন্ধত্বের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের চক্ষুবিশেষজ্ঞদের সংগঠন আমেরিকান একাডেমি অব অফথ্যালমোলজি জানিয়েছে, ওষুধগুলোর সঙ্গে এ রোগের ঝুঁকি বাড়ার বিষয়টি নিয়ে উদ্বেগ থাকলেও ঝুঁকির পরিমাণ এখনো কম বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি এসব ওষুধ সরাসরি এনএআইওএন রোগ সৃষ্টি করে, এমন সম্পর্কও এখনো নিশ্চিত হয়নি।
চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ নয়
সংগঠনটি রোগীদের জানিয়েছে, চিকিৎসকের সঙ্গে আলোচনা না করে কোনোভাবেই এসব ওষুধ গ্রহণ বন্ধ করা উচিত নয়। তবে হঠাৎ কোনো ব্যথা ছাড়াই এক চোখের দৃষ্টিশক্তি কমে গেলে দ্রুত চক্ষুবিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। বিশেষজ্ঞদের মতে, এনএআইওএনের কারণে দৃষ্টিশক্তি হারালে তা ফিরিয়ে আনার কার্যকর কোনো চিকিৎসা এখনো জানা নেই। ৫০ বছরের বেশি বয়সীদের মধ্যে হঠাৎ দৃষ্টিস্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার অন্যতম সাধারণ কারণ এই রোগ।
ওষুধ নিয়ে কী বলছে প্রস্তুতকারক
এফডিএ জানিয়েছে, জিএলপি-১ ওষুধ ব্যবহারকারীদের মধ্যে এনএআইওএন আক্রান্ত হওয়ার বিভিন্ন প্রতিবেদন বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি অন্যান্য গবেষণার তথ্যও পরীক্ষা করেছে সংস্থাটি। এসব পর্যালোচনার ভিত্তিতে ওষুধ গ্রহণকারীদের মধ্যে বিরল হলেও এ রোগের ঝুঁকি বেড়ে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে তারা। অন্যদিকে ওয়েগোভি প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভো নরডিস্ক বলেছে, তাদের পর্যালোচনায় ওষুধের সঙ্গে রোগটির সরাসরি কারণ-সম্পর্ক প্রতিষ্ঠিত হয় না।
বিশ্বজুড়ে ডায়াবেটিস ও স্থূলতার চিকিৎসায় জিএলপি-১ শ্রেণির ওষুধের ব্যবহার বাড়ছে। এসব ওষুধের স্বাস্থ্যগত উপকারিতা গুরুত্বপূর্ণ হলেও ওজন কমানোর ওষুধে অন্ধত্বের ঝুঁকির মতো সম্ভাব্য বিরল পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে রোগীদের সচেতন রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।












