ইরানের সঙ্গে আট মাসের বেশি সময় ধরে চলা সংঘাত থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে যুক্তরাষ্ট্র। কিন্তু যুদ্ধের অবসান ঘটাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন এমন কিছু বিকল্প রয়েছে, যার কোনোটিই ঝুঁকিমুক্ত নয়। নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানো, সীমিত আকারে হামলা অব্যাহত রাখা, কূটনৈতিক আলোচনার দায়িত্ব ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের হাতে দেওয়া কিংবা আপাতত সংঘাত নিয়ন্ত্রণে রেখে ধীরে ধীরে মধ্যপ্রাচ্য থেকে সরে আসা—প্রতিটি পথের সঙ্গেই জড়িয়ে আছে বড় রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক হিসাব।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর এই সিদ্ধান্ত আরও কঠিন হয়ে উঠেছে। প্রশাসনের ভেতরেও যুদ্ধের প্রয়োজনীয়তা নিয়ে মতপার্থক্য প্রকাশ্যে এসেছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মনে করছেন, ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের বিপুল অর্থ ও সামরিক সক্ষমতা ব্যয় হচ্ছে। অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এখনো সামরিক চাপ বাড়ানোর পক্ষে।
গত বুধবার নির্বাচনে পরাজয়ের পর ভ্যান্স সরাসরি বলেছেন, যুদ্ধই রিপাবলিকানদের হারের অন্যতম কারণ। তাঁর বক্তব্য, যুদ্ধের কারণে আগামী ছয় বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ হারানোকে যদি কেউ সঠিক সিদ্ধান্ত মনে করেন, তাহলে তাঁকে সেই যুক্তি তুলে ধরতে হবে।
এর জবাবে হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নেন। তাঁর বক্তব্যে ছিল আরও কঠোর সামরিক পদক্ষেপের ইঙ্গিত।
এই পরিস্থিতিতে ট্রাম্পকে ঠিক করতে হবে, তিনি নতুন করে ইরানে হামলা চালাবেন, নাকি আলোচনার মাধ্যমে সংঘাতের অবসান ঘটানোর চেষ্টা করবেন।
যুদ্ধের লক্ষ্য নিয়েই প্রশাসনে মতবিরোধ
ইরানে সামরিক অভিযান শুরুর সময় ট্রাম্প প্রশাসন একাধিক লক্ষ্য ঘোষণা করেছিল। এর মধ্যে ছিল ইরানের সরকারকে দুর্বল করা, দেশটির পারমাণবিক কর্মসূচির অবশিষ্ট সক্ষমতা ধ্বংস করা, ক্ষেপণাস্ত্রের মজুত সীমিত করা এবং মধ্যপ্রাচ্যে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি তেহরানের সহযোগিতা বন্ধ করা।
কিন্তু আট মাসের বেশি সময় পার হওয়ার পরও এসব লক্ষ্য কতটা অর্জিত হয়েছে, তা নিয়ে স্পষ্ট কোনো অবস্থান তৈরি হয়নি।
ট্রাম্প স্বীকার করেছেন, যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় নির্বাচনে রিপাবলিকানদের ক্ষতি হয়েছে। তবে একই সঙ্গে তিনি বলেছেন, সুযোগ পেলে আবারও যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নিতেন।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হিসাবে, ইরান অভিযান পরিচালনায় এখন পর্যন্ত অন্তত ৪৭ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। এর বাইরে তেল ও গ্যাসের দাম বৃদ্ধির কারণে অর্থনীতিতে শত শত বিলিয়ন ডলারের অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।
মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পের রাজনৈতিক অবস্থানও আগের মতো শক্তিশালী নেই। ইরান মনে করতে পারে, যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তাদের জন্য সময়ক্ষেপণের সুযোগ তৈরি করেছে। অন্যদিকে ট্রাম্পের সামনে রয়েছে পরাজিত হিসেবে ইতিহাসে জায়গা পাওয়ার আশঙ্কা।
আটলান্টিক কাউন্সিলের মধ্যপ্রাচ্যবিষয়ক কর্মসূচির জ্যেষ্ঠ পরিচালক উইলিয়াম এফ. ওয়েক্সলার মনে করেন, ট্রাম্প যদি মনে করেন আগামী দুই বছর তাঁকে রাজনৈতিকভাবে দুর্বল অবস্থানে থাকতে হবে, তাহলে যুদ্ধ জয়ের মাধ্যমে সেই পরিস্থিতি পাল্টানোর চেষ্টা করতে পারেন। সে ক্ষেত্রে নতুন করে বড় সামরিক অভিযান শুরুর ঝুঁকিও বাড়বে।
প্রথম বিকল্প: কয়েক দিনের তীব্র সামরিক অভিযান
ট্রাম্প প্রশাসনের বিবেচনায় থাকা সবচেয়ে উচ্চাভিলাষী পরিকল্পনা হলো কয়েক দিনব্যাপী ব্যাপক সামরিক অভিযান। এ পরিকল্পনায় ইরানের জ্বালানি অবকাঠামো, পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র এবং চালকবিহীন আকাশযান বা ড্রোনের মজুতকে লক্ষ্যবস্তু করা হতে পারে।
এ ধরনের অভিযানে মধ্যপ্রাচ্যে অবস্থানরত দুটি মার্কিন বিমানবাহী রণতরির যুদ্ধবিমান, আঞ্চলিক ঘাঁটিতে থাকা যুদ্ধবিমান এবং যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত দূরপাল্লার বি-১ ও বি-২ বোমারু বিমান ব্যবহার করা হতে পারে। তৃতীয় একটি বিমানবাহী রণতরি দুই সপ্তাহের মধ্যে ওই অঞ্চলে পৌঁছানোর কথা।
ইরান অভিযান ঘিরে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা দায়িত্বে রয়েছে। পাশাপাশি এক ডজনের বেশি যুদ্ধজাহাজও এ অভিযানের সঙ্গে যুক্ত।
ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী ইরাকের আকাশসীমায় বিমান পরিচালনার মহড়া বাড়িয়েছে। সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি ও স্থাপনা থেকে মার্কিন কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। ইসরায়েলেও অতিরিক্ত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা পাঠানো হয়েছে।
ট্রাম্প বিশেষভাবে ইরানের গভীর ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা পিকঅ্যাক্স মাউন্টেন ধ্বংস করার কথা বলেছেন। এ জন্য যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমা মোয়াব ব্যবহারের সম্ভাবনাও আলোচনায় এসেছে।
তবে সামরিক বিশেষজ্ঞদের মতে, মোয়াব মূলত ভূপৃষ্ঠের ওপরে বিস্ফোরণ ঘটিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করতে সক্ষম। গ্রানাইট পাথরের গভীরে অবস্থিত স্থাপনা ধ্বংসে এটি কতটা কার্যকর হবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
সুবিধা: কয়েক দিনের বড় অভিযান ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতাকে আরও দুর্বল করতে পারে। একই সঙ্গে পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে তেহরানকে ছাড় দিতে বাধ্য করার সুযোগ তৈরি হতে পারে।
ঝুঁকি: ইরান পাল্টা আঘাত হানলে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামো আক্রান্ত হতে পারে। এতে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম এবং মূল্যস্ফীতি আবারও বাড়বে। ইরান এবার তথ্যকেন্দ্র, সমুদ্রতলের ইন্টারনেট ও যোগাযোগব্যবস্থার তারেও হামলার হুমকি দিয়েছে। এসব স্থাপনা রক্ষায় যুক্তরাষ্ট্রকে আরও ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থা ব্যয় করতে হবে।
দ্বিতীয় বিকল্প: সীমিত সামরিক হামলা
বড় অভিযানের পরিবর্তে তুলনামূলক ছোট পরিসরে সামরিক অভিযান চালানোর আরেকটি পরিকল্পনাও রয়েছে। এ ক্ষেত্রে ইরানের জ্বালানি স্থাপনাগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা থেকে বাদ দিয়ে মূলত সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হতে পারে।
এই কৌশলের উদ্দেশ্য হলো ইরানকে এমনভাবে আঘাত করা, যাতে দেশটি উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোর ওপর বড় ধরনের পাল্টা হামলা চালানোর সুযোগ বা অজুহাত কম পায়।
গত কয়েক সপ্তাহে ইরানের কেশম দ্বীপ এবং দেশটির বিভিন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণকেন্দ্রে সীমিত আকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের ক্রমবর্ধমান আক্রমণ ঠেকানোই ছিল এসব হামলার ঘোষিত উদ্দেশ্য।
সুবিধা: সীমিত হামলার পর ট্রাম্প দাবি করতে পারেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতার আরও ক্ষতি করেছে এবং লক্ষ্য অর্জিত হয়েছে। এরপর মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করা সম্ভব হতে পারে। এ কৌশলে যুক্তরাষ্ট্রের সীমিত ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থার মজুতও তুলনামূলকভাবে সুরক্ষিত থাকবে।
ঝুঁকি: সীমিত হামলায় ট্রাম্পের ঘোষিত মূল লক্ষ্যগুলো অর্জিত হওয়ার সম্ভাবনা কম। ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ অক্ষত থাকতে পারে। হরমুজ প্রণালির ওপর তেহরানের প্রভাবও বজায় থাকবে। এর পাশাপাশি ক্ষতিগ্রস্ত সামরিক স্থাপনা পুনর্গঠনের সক্ষমতা ইরান ইতিমধ্যে দেখিয়েছে।
তৃতীয় বিকল্প: আলোচনার দায়িত্ব ভ্যান্সের হাতে
সামরিক অভিযান বন্ধ করে কূটনৈতিক সমাধানের পথও খোলা রয়েছে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আলোচনার নেতৃত্ব দিতে পারেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
মধ্যবর্তী নির্বাচনের আগে ভ্যান্স ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের সাবেক প্রধান মোহসেন রেজায়ির সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের দ্রুত বৈঠকে বসার প্রস্তাব দেন এবং নিজেই মার্কিন পক্ষের আলোচনার নেতৃত্ব দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
এপ্রিল থেকে জুন পর্যন্ত ইরানের সঙ্গে সমঝোতা স্মারক নিয়ে আলোচনায়ও ভ্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কাতার, পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরব এ প্রক্রিয়ায় যোগাযোগ রক্ষায় যুক্ত ছিল।
তবে আলোচনার পথে বড় বাধা রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ মতবিরোধ হলো, চুক্তির কোন পর্যায়ে ইরানের পারমাণবিক উপাদান নিয়ে সিদ্ধান্ত হবে।
যুক্তরাষ্ট্র চায়, ইরানের পারমাণবিক উপাদান প্রথমেই নিয়ন্ত্রণে আনা হোক। এরপর বিদেশে আটকে থাকা ইরানের কয়েক বিলিয়ন ডলারের অর্থ ছাড় এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে।
অন্যদিকে ইরান পুরো প্রক্রিয়ার শেষ পর্যন্ত পারমাণবিক উপাদান নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়। দেশটির কাছে এটি আলোচনায় দর-কষাকষির একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার।
এ ছাড়া ক্ষেপণাস্ত্র সক্ষমতা সীমিত করা, ভবিষ্যৎ পারমাণবিক কার্যক্রম এবং আন্তর্জাতিক পরিদর্শনের পরিধি নিয়েও মতবিরোধ রয়েছে।
সুবিধা: দীর্ঘ মেয়াদে কোনো দেশের পারমাণবিক কর্মসূচির ওপর কার্যকর সীমাবদ্ধতা আরোপের সবচেয়ে বাস্তবসম্মত পথ কূটনীতি। ২০১৫ সালে বারাক ওবামা প্রশাসনের সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তিতে দেশটি তাদের ইউরেনিয়ামের মজুতের ৯৭ শতাংশ দেশের বাইরে পাঠাতে সম্মত হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, নতুন কোনো সমঝোতায় এমনকি ওই চুক্তির কাছাকাছি শর্ত অর্জন করাও ট্রাম্পের জন্য বড় সাফল্য হতে পারে। উল্লেখ্য, ২০১৮ সালে ট্রাম্প নিজেই ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন।
ঝুঁকি: ইরানের ভেতরে প্রকৃত সিদ্ধান্ত গ্রহণকারী কারা, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। দেশটির কট্টরপন্থীরা পারমাণবিক বোমা তৈরির পথে দ্রুত এগিয়ে যাওয়ার পক্ষেও অবস্থান নিতে পারে। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা হলেও তেহরানের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধ তা ভেস্তে দিতে পারে।
চতুর্থ বিকল্প: সময় নিয়ে ধীরে ধীরে সরে আসা
আরেকটি সম্ভাব্য কৌশল হলো আপাতত বর্তমান পরিস্থিতি বজায় রাখা। এ ক্ষেত্রে ইরানের তেল রপ্তানি ঠেকাতে নৌ অবরোধ অব্যাহত থাকবে। একই সঙ্গে মার্কিন নৌবাহিনীর পাহারা ও টহলের মাধ্যমে প্রতিদিন ১ কোটি ১০ লাখ থেকে ১ কোটি ৮০ লাখ ব্যারেল অ-ইরানি তেল পরিবহনের পথ সচল রাখার চেষ্টা করা হবে।
এই কৌশলে ট্রাম্পকে তাৎক্ষণিকভাবে নতুন করে যুদ্ধ শুরু কিংবা বড় কোনো সমঝোতায় পৌঁছানোর সিদ্ধান্ত নিতে হবে না। বরং দীর্ঘ সময় ধরে চাপ বজায় রেখে ইরানের সঙ্গে ভবিষ্যতে সমঝোতার সুযোগ তৈরি করা হবে।
আরেকটি সম্ভাবনা হলো, নিষেধাজ্ঞা বহাল রেখেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে সীমিত চুক্তি করা। এরপর ধীরে ধীরে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা যেতে পারে। উপসাগরীয় আরব দেশগুলোকে ইরানের সঙ্গে প্রণালি পরিচালনা নিয়ে সমঝোতায় পৌঁছানোর সুযোগও দেওয়া যেতে পারে।
তবে এতে ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা কিংবা দেশটির নেতৃত্বের রাজনৈতিক অবস্থান নিয়ে কোনো সমাধান হবে না।
সুবিধা: দীর্ঘমেয়াদি চাপের মাধ্যমে ইরানের নেতৃত্বকে আলোচনায় ছাড় দিতে বাধ্য করার সুযোগ তৈরি হতে পারে। তাৎক্ষণিক সামরিক সংঘাত এড়িয়ে যুক্তরাষ্ট্র নিজের পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য সময় পাবে।
ঝুঁকি: নৌ অবরোধ বজায় রাখা ব্যয়বহুল। যুদ্ধ না থাকলেও শান্তি প্রতিষ্ঠিত না হলে ইউরোপীয় ও আরব মিত্ররা দীর্ঘদিন এ অবস্থানে যুক্ত থাকতে চাইবে না। সবচেয়ে বড় কথা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপের মধ্যে ইরানের সাধারণ মানুষকে দীর্ঘদিন দুর্ভোগ পোহাতে হতে পারে। কোনো নির্দিষ্ট সময়সীমা না থাকায় সংঘাত ট্রাম্পের বাকি মেয়াদ এমনকি তাঁর উত্তরসূরির সময়েও গড়াতে পারে।
যুদ্ধ শেষ করার সিদ্ধান্তই এখন ট্রাম্পের সবচেয়ে বড় পরীক্ষা
ইরান যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে সবচেয়ে বড় সমস্যা হলো, যুক্তরাষ্ট্র এখনো নিজেদের চূড়ান্ত লক্ষ্য নিয়ে একমত হতে পারেনি। সরকার পরিবর্তন, পারমাণবিক কর্মসূচি ধ্বংস, ক্ষেপণাস্ত্র সক্ষমতা সীমিত করা কিংবা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিশ্চিত করা—কোন লক্ষ্যকে অগ্রাধিকার দেওয়া হবে, তা স্পষ্ট নয়।
অন্যদিকে ইরানও বুঝতে পারছে, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি বদলে গেছে। নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্প প্রশাসনের ওপর যুদ্ধ শেষ করার চাপ বাড়ছে। কিন্তু রাজনৈতিকভাবে পরাজয় স্বীকার না করে সংঘাত থেকে বেরিয়ে আসা তাঁর জন্য কঠিন।
ইতিহাসে কোরিয়া, ভিয়েতনাম, ইরাক ও আফগানিস্তানের যুদ্ধ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের জন্য একই ধরনের জটিলতা তৈরি করেছিল। সামরিক শক্তি প্রয়োগ করে যুদ্ধ শুরু করা তুলনামূলক সহজ হলেও কখন এবং কী শর্তে তা শেষ হবে, সেই সিদ্ধান্ত অনেক বেশি কঠিন।
ট্রাম্পের সামনেও এখন একই বাস্তবতা। নতুন করে বড় অভিযান চালালে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। সীমিত হামলায় যুদ্ধের মূল লক্ষ্য অপূর্ণ থেকে যেতে পারে। আলোচনায় গেলে ইরানের সঙ্গে কঠিন শর্ত নিয়ে সমঝোতা করতে হবে। আর সময়ক্ষেপণের কৌশল নিলে দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা ও অর্থনৈতিক চাপ অব্যাহত থাকবে।
সবচেয়ে বড় প্রশ্ন, ট্রাম্প কি এমন একটি সমাধান খুঁজে পাবেন, যেখানে যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পারবে, অথচ পরাজয় স্বীকার করতে হবে না? কারণ ইরানের সামরিক সক্ষমতা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যুদ্ধের শেষ পরিণতি। শেষ পর্যন্ত এই সংঘাত ইরানের পারমাণবিক সক্ষমতা কমাবে, নাকি দেশটির কট্টরপন্থী নেতৃত্বকে আরও শক্তিশালী করবে—ইতিহাসে ট্রাম্পের সিদ্ধান্তের মূল্যায়ন হবে সেই প্রশ্নের ভিত্তিতেই।












