জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগ জোরদার করার প্রত্যাশা নিয়ে তুরস্কের আনতালিয়ায় শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১। তবে সম্মেলনের শুরুতেই বিশ্বের প্রভাবশালী কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের অনুপস্থিতি, জলবায়ু অর্থায়ন নিয়ে অনিশ্চয়তা এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার অব্যাহত থাকার বিষয়গুলো নতুন করে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক জলবায়ু রাজনীতির কার্যকারিতা নিয়ে।
গত সোমবার শুরু হওয়া এ সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত। জলবায়ু সংকট মোকাবিলায় দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছা, অর্থায়নের প্রতিশ্রুতি এবং বাস্তব পদক্ষেপ নেওয়ার সক্ষমতা যাচাইয়ের গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখা হচ্ছে কপ৩১-কে।
প্রভাবশালী নেতাদের অনুপস্থিতি
এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুপস্থিত রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিও।
বুধবার অনুষ্ঠিত লিডার্স সামিটেও বিশ্বের কয়েকটি প্রভাবশালী দেশের শীর্ষ নেতাদের দেখা যায়নি। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন সম্মেলনে অংশ নিলেও ইউরোপের বড় অর্থনীতির কয়েকটি দেশের সরকারপ্রধানের অনুপস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন পরিবেশকর্মীরা।
জলবায়ু কূটনীতি নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ই৩-জির বিশেষজ্ঞ কসিমা ক্যাসেল বলেন, ইউরোপের কয়েকটি বড় দেশের নেতাদের অনুপস্থিতি দুঃখজনক। এবারের সম্মেলনে ইউরোপের আরও জোরালো উপস্থিতি প্রয়োজন ছিল।
ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক ইউরোপের পরিচালক কিয়ারা মার্টিনেলির মতে, বিশ্বের জ্বালানিব্যবস্থার ভবিষ্যৎ কোন দিকে যাবে, তা নির্ধারণে ভূমিকা রাখতে চাইলে বিশ্বনেতাদের এ ধরনের সম্মেলনে উপস্থিত থাকা জরুরি। ইউরোপীয় ইউনিয়নের বড় অর্থনীতির দেশগুলোর নেতারা না থাকায় সম্মেলনের রাজনৈতিক গুরুত্ব কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে।
জলবায়ু ন্যায়বিচারের নতুন চুক্তির আহ্বান
এমন পরিস্থিতিতে লিডার্স সামিটে বক্তব্য দেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় শুধু প্রতিশ্রুতি যথেষ্ট নয়; প্রয়োজন যৌথ দায়িত্ব ও ন্যায়বিচারের ভিত্তিতে নতুন আন্তর্জাতিক সমঝোতা।
গুতেরেস ‘ক্লাইমেট জাস্টিস কমপ্যাক্ট’ বা জলবায়ু ন্যায়বিচার চুক্তির প্রস্তাব তুলে ধরেন। তাঁর মতে, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় যৌথ দায়িত্ব, নিরাপত্তা ও সুফলের ভিত্তিতে দেশগুলোর এগিয়ে আসা প্রয়োজন। অভিন্ন কিন্তু পৃথক দায়িত্বের নীতি অনুসারে প্রতিটি দেশকে নিজ নিজ অঙ্গীকার পূরণ করতে হবে।
প্রস্তাবিত চুক্তির চারটি প্রধান ভিত্তিও তুলে ধরেন তিনি। এগুলো হলো জীবাশ্ম জ্বালানি থেকে ন্যায়সংগতভাবে সরে আসার প্রক্রিয়া দ্রুত করা, জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা, পর্যাপ্ত অর্থায়নের ব্যবস্থা করা এবং ভূরাজনৈতিক বিভক্তির পরিবর্তে আন্তর্জাতিক সহযোগিতাকে অগ্রাধিকার দেওয়া।
আয়োজক তুরস্কের কয়লানির্ভরতা নিয়েও প্রশ্ন
সম্মেলনের আয়োজন ঘিরেও রয়েছে বিতর্ক। পর্যটননগরী আনতালিয়াকে সবুজ প্রচারণা ও জলবায়ু সচেতনতামূলক বার্তায় সাজানো হলেও তুরস্ক নিজেই কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের অন্যতম বড় কেন্দ্র। ইউরোপে কয়লানির্ভর বিদ্যুৎ উৎপাদনে দেশটির অবস্থান শীর্ষে।
স্থানীয় পরিবেশকর্মীদের যুক্তি, আগের কয়েকটি সম্মেলনের আয়োজক দেশগুলোর অর্থনীতি ও জ্বালানিব্যবস্থার সঙ্গেও জীবাশ্ম জ্বালানির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। দুবাই, বাকু ও ব্রাজিলের উদাহরণ টেনে তাঁরা বলেন, দায়িত্ব দেওয়ার মধ্য দিয়েও পরিবর্তনের সুযোগ তৈরি হতে পারে। তবে জলবায়ু প্রতিশ্রুতি ও বাস্তবায়নের ব্যবধান নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ
কপ৩১-এর আলোচনা বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্যও গুরুত্বপূর্ণ। কারণ, বৈশ্বিক নিঃসরণে বাংলাদেশের অবদান কম হলেও জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় দেশটিকে বড় মূল্য দিতে হচ্ছে।
সম্মেলনে ওয়াটারকিপার্স বাংলাদেশ ও ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ প্রচারাভিযানের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন শরীফ জামিল। তিনি বলেন, বিশ্বের মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান খুবই কম। অথচ জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশকে প্রতিনিয়ত বড় মূল্য দিতে হচ্ছে।
বিশ্বনেতাদের অনুপস্থিতি, অর্থায়নের অনিশ্চয়তা এবং জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার প্রশ্ন—সব মিলিয়ে কপ৩১-এর আলোচনায় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে প্রতিশ্রুতিকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়া।












