আকাশজুড়ে ঝড়ের আশঙ্কা, রাজপথে পুলিশের উপস্থিতি—কোনো কিছুই স্পেনের আবাসন সংকটের প্রতিবাদে শ্রমিকদের আন্দোলন থামাতে পারেনি। বাড়িভাড়া ও বাড়ির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ায় বুধবার দেশজুড়ে ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘট পালন করেছেন প্রায় ৪০ লাখ শ্রমিক। ১৪ বছর পর স্পেনে এমন সাধারণ ধর্মঘট অনুষ্ঠিত হলো। দিনের বেশির ভাগ সময় কর্মসূচি শান্তিপূর্ণ থাকলেও সন্ধ্যায় মাদ্রিদ ও বার্সেলোনায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় সারা দেশে অন্তত ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশটির মোট কর্মজীবী মানুষের প্রায় এক-পঞ্চমাংশ এই ধর্মঘটে অংশ নেন বলে শ্রমিক সংগঠনগুলোর দাবি। বন্দর ও গাড়ি উৎপাদন কারখানাগুলোতে ধর্মঘটের প্রভাব ছিল সবচেয়ে বেশি। বড় শহরগুলোতে মিছিল, দোকানপাট বন্ধ এবং বিভিন্ন স্থানে অবরোধের মধ্য দিয়ে আবাসন সংকটের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা।
আবাসন সংকট ঘিরে রাজপথে ক্ষোভ
রাজধানী মাদ্রিদের গ্রান ভিয়া সড়কে বিক্ষোভকারীদের উপস্থিতিতে বেশ কয়েকটি বড় দোকান বন্ধ হয়ে যায়। এর মধ্যে প্রাইমার্ক, এইচঅ্যান্ডএম ও পুল অ্যান্ড বিয়ারের মতো প্রতিষ্ঠানও ছিল। পুলিশের ব্যাপক উপস্থিতির মধ্যেই আন্দোলনকারীরা বাড়ির চাবি ঝাঁকিয়ে ভাড়া ও বাড়ির দাম কমানোর দাবি জানান। বার্সেলোনার অনেক দোকানও সম্ভাব্য অস্থিরতার আশঙ্কায় বন্ধ রাখা হয়।
স্পেনের কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, দেশটিতে বর্তমানে প্রায় ৭ লাখ ৫০ হাজার বাড়ির ঘাটতি রয়েছে। ২০২৮ সালের মধ্যে এই ঘাটতি ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে। বাড়ি কেনার সামর্থ্য কমে যাওয়ায় ভাড়াবাড়ির ওপর নির্ভরতা বাড়ছে, ফলে ভাড়ার বাজারেও চাপ তৈরি হয়েছে।
স্পেনের যুব কাউন্সিলের তথ্য অনুযায়ী, দেশটিতে গড় মাসিক বাড়িভাড়া ১ হাজার ১৭৬ ইউরো। অথচ একজন তরুণের গড় মাসিক বেতনের প্রায় ৯৮ দশমিক ৭ শতাংশই চলে যায় ভাড়া পরিশোধে।
মাদ্রিদের বাসিন্দা ৩৬ বছর বয়সী যিশুস গনসালেস বলেন, হাসপাতালের তথ্যপ্রযুক্তি বিভাগে কাজ করলেও এখনো একা থাকার মতো বাড়ি নেওয়ার সামর্থ্য তাঁর হয়নি। বাড়িভাড়া ও বাড়ির দাম ক্রমাগত বাড়তে থাকায় নিজের আবাসনের ব্যবস্থা করা অসম্ভব হয়ে পড়েছে বলে জানান তিনি।
ধর্মঘটে স্থবির শিল্প ও পরিবহন
স্পেনের প্রধান দুটি শ্রমিক সংগঠন ইউজিটি ও সিসিওও ধর্মঘটের আয়োজন করে। তাদের হিসাবে, বন্দর ও গাড়ি উৎপাদন খাতে ধর্মঘটে অংশগ্রহণের হার ছিল ৯০ শতাংশ। নাভারায় ভক্সওয়াগেন এবং বার্সেলোনায় সিয়াটের কারখানায় উৎপাদন পুরোপুরি বন্ধ থাকার খবর পাওয়া গেছে।
দেশটির বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে ১১টার মধ্যে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ ১৫ দশমিক ৫ শতাংশ কমে যায়। বার্সেলোনার মেট্রো কর্তৃপক্ষ জানায়, ব্যস্ত সময় ছাড়া অন্য সময়ে ট্রেন চলাচল বন্ধ থাকবে। মাদ্রিদে গত সপ্তাহের একই সময়ের তুলনায় ব্যস্ত সময়ে মেট্রো ব্যবহারের হার ৪২ শতাংশ কমে যায়।
তবে দূর থেকে কাজের সুযোগ বৃদ্ধি এবং সেবা খাতের সম্প্রসারণের কারণে ধর্মঘটের অর্থনৈতিক প্রভাব আগের সময়ের তুলনায় কম হতে পারে বলে মনে করছেন বিবিভিএ রিসার্চের প্রধান অর্থনীতিবিদ মিগেল কারদোসো। তাঁর হিসাবে, এই ধর্মঘট স্পেনের বার্ষিক মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি ০.১ থেকে ০.২ শতাংশীয় পয়েন্ট কমিয়ে দিতে পারে।
নির্বাচনের আগে বাড়ছে রাজনৈতিক চাপ
স্পেনের ইতিহাসে সর্বশেষ সাধারণ ধর্মঘট হয়েছিল ২০১২ সালে। ইউরোজোনের ঋণসংকটের সময় সরকারের ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে সেবার শ্রমিকেরা কর্মবিরতি পালন করেছিলেন। এবারের ধর্মঘটে বড় শ্রমিক সংগঠনগুলোর পাশাপাশি ভাড়াটিয়াদের সংগঠনগুলোও সমর্থন দিয়েছে। বাড়িভাড়া বৃদ্ধি ও উচ্ছেদের ঘটনায় ক্ষুব্ধ ভাড়াটিয়ারা আন্দোলনে যুক্ত হয়েছেন।
আগামী ২৯ নভেম্বরের আগাম সাধারণ নির্বাচনের আগে আবাসন সংকট স্পেনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার এই সংকট মোকাবিলায় নিজেদের অবস্থান তুলে ধরার চেষ্টা করছে। তবে জনমত জরিপে তাঁর সমাজতান্ত্রিক দল এখনো পিছিয়ে রয়েছে।
সম্প্রতি মাদ্রিদে উচ্ছেদের পর ৮৭ বছর বয়সী এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলেছে। এর সঙ্গে গত মাসে উচ্ছেদ ঠেকানো ও বাড়িভাড়ার চাপ কমাতে সরকারের আনা কয়েকটি অধ্যাদেশ পার্লামেন্টে প্রত্যাখ্যাত হওয়ায় রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। এসব ঘটনার পরই আগাম নির্বাচনের ঘোষণা দেন সানচেজ।
পুলিশি পদক্ষেপ নিয়েও বিতর্ক
বুধবার সন্ধ্যায় বার্সেলোনায় প্রধান মিছিল শেষ হওয়ার পর কয়েকটি স্থানে সংঘর্ষ শুরু হয়। রাস্তায় আসবাবপত্রে আগুন জ্বলতে দেখা যায়। মাদ্রিদের প্লাজা দে এসপানিয়া এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ ফোমের গুলি, কাঁদানে গ্যাস ও মরিচের স্প্রে ব্যবহার করে।
রাত ৯টা পর্যন্ত দেশজুড়ে ধর্মঘটসংশ্লিষ্ট অন্তত ১ হাজার ৪৪টি ঘটনার খবর পাওয়া যায়। এসব ঘটনার মধ্যে বিভিন্ন কার্যালয় ও শিল্পাঞ্চলে অবরোধ এবং ময়লার পাত্রে আগুন দেওয়ার ঘটনাও রয়েছে।
শ্রমিক সংগঠনগুলোর দাবি, পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগে অন্তত ২০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন। এ ঘটনায় তারা পুলিশের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়েরের ঘোষণা দিয়েছে। তবে এ বিষয়ে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্পেনের আবাসন সংকট এখন শুধু বাড়িভাড়া বা বাড়ির দাম নিয়ে অসন্তোষের মধ্যে সীমাবদ্ধ নেই; কর্মসংস্থান, শ্রমবাজার ও আসন্ন নির্বাচনেও এর প্রভাব পড়ছে।












