রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। আক্রান্ত হচ্ছেন একই পরিবারের একাধিক সদস্য। একজন সুস্থ হওয়ার আগেই আরেকজন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। পরিবারের পর পরিবার ডেঙ্গুর সঙ্গে লড়াই করছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেকের কাছে এই রোগের বিরুদ্ধে লড়াই এখন যুদ্ধের মতো মনে হচ্ছে।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মৃত্যুর পরিসংখ্যানেও পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ নভেম্বর পর্যন্ত হাসপাতালটিতে ডেঙ্গুতে মারা গেছেন ২৩ জন। এর মধ্যে ১০ জনই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। অর্থাৎ হাসপাতালটিতে ডেঙ্গুতে মোট মৃত্যুর প্রায় ৪৩ শতাংশ এই জেলার। দ্বিতীয় সর্বোচ্চ ছয়জন মারা গেছেন রাজশাহীর।
চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী মিলিয়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১৬ জন, যা মোট মৃত্যুর প্রায় ৭০ শতাংশ। এ ছাড়া নাটোর ও কুষ্টিয়ায় দুজন করে এবং পাবনা, ঝিনাইদহ ও সিরাজগঞ্জে একজন করে মারা গেছেন।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ডেঙ্গুতে ২৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি চাঁপাইনবাবগঞ্জে। এরপর রয়েছে রাজশাহী।
সর্বশেষ গত ১০ নভেম্বর বিকালে ডেঙ্গু হেমোরেজিক ফিভারে আক্রান্ত হয়ে মারা যান রাজশাহী নগরীর দরগাপাড়া এলাকার গৃহিণী বুলু বেগম (৪০)। আগের দিন ৯ নভেম্বর বিকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর আগে ১ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের নামোপাড়া এলাকার রুনা বেগম (৪০) ডেঙ্গু শক সিনড্রোমে মারা যান।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ১০ নভেম্বর সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ৬০ জন। বর্তমানে সেখানে ১৭৯ জন রোগী চিকিৎসাধীন।
চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণের ভয়াবহ চিত্র
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর সংক্রমণ দীর্ঘদিন ধরেই উদ্বেগজনক। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৫ নভেম্বর পর্যন্ত জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ১১১ জন। একই সময়ে বহির্বিভাগে ডেঙ্গু শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৪০৩ জনের। উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে ২১৪ জনকে। সরকারি হিসাবে জেলায় ডেঙ্গুতে মারা গেছেন ১৫ জন।
তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, ডেঙ্গুর উপসর্গ নিয়ে আরও কয়েকজনের মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
জেলায় এডিস মশার বিস্তারের চিত্রও উঠে এসেছে একটি জরিপে। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পাঁচটি এলাকায় ১৫০টি বাড়িতে পরীক্ষা চালিয়ে ৫৪টিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। অর্থাৎ জরিপ করা প্রতি তিনটি বাড়ির একটির বেশি বাড়িতে মিলেছে ডেঙ্গুর বাহক মশার লার্ভা।
অপরিকল্পিত নালা ও জলাবদ্ধতার কারণে শহরের বিভিন্ন স্থানে মশার প্রজনন বাড়ছে। এর প্রভাব পড়েছে ২৫০ শয্যার জেলা হাসপাতালেও। রোগীর চাপ সামলাতে অনেককে নির্ধারিত শয্যার বাইরে মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংকটের পাশাপাশি হাসপাতালের কর্মীদের মধ্যেও ডেঙ্গু সংক্রমণের ঘটনা ঘটেছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বাসিন্দা মরিয়ম তার ননদকে নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এসেছেন। তিনি জানান, তার স্বামী বিদেশে থাকেন। বাড়িতে শ্বশুর-শাশুড়িসহ পরিবারের অন্য সদস্যরা থাকেন। পরিবারের সবাই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তিনিও আক্রান্ত হয়েছেন। ননদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে আসতে হয়েছে।
মরিয়মের ভাষায়, পরিবারের একজন সুস্থ হওয়ার আগেই আরেকজন আক্রান্ত হচ্ছেন। বারবার হাসপাতালে ছুটতে হচ্ছে। পরিস্থিতি এমন যে, মনে হচ্ছে তারা ডেঙ্গুর সঙ্গে যুদ্ধ করছেন।
রাজশাহীতেও এডিস মশার বিস্তার
শুধু চাঁপাইনবাবগঞ্জ নয়, রাজশাহী নগরীতেও এডিস মশার বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।
গত ৩ থেকে ১০ আগস্ট নগরীর কাজিহাটা, চণ্ডীপুর, উপরভদ্রা, নামোভদ্রা ও হাজরাপুকুর এলাকায় পরিচালিত জরিপে ৭৫টি বাড়ির মধ্যে ২৪টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এ সময় ৬৮টি পানির পাত্র পরীক্ষা করে ৪৬টিতে লার্ভার সন্ধান মেলে।
বিভিন্ন প্রজননস্থল থেকে সংগ্রহ করা ৬৮৫টি মশার লার্ভার মধ্যে ৫০৫টি ছিল এডিস অ্যালবোপিকটাস এবং ৮৬টি এডিস ইজিপ্টাই প্রজাতির। বাকি ৯৪টি ছিল অন্য প্রজাতির মশা।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুর রহমান জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, কোনো এলাকায় ব্রেটো সূচক ২০-এর বেশি হলে সেটিকে ডেঙ্গুর উচ্চঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। সর্বশেষ জরিপে রাজশাহীর এই সূচক দাঁড়িয়েছে ৬১ দশমিক ৩৩। ফলে নগরীতে ডেঙ্গুর ঝুঁকি যথেষ্ট বেশি।
নিয়ন্ত্রণে বিশেষ অভিযান
ডেঙ্গুর বিস্তার ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও জেলা প্রশাসন বিশেষ কার্যক্রম শুরু করেছে। পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মামুন অর রশীদ জানান, অপরিকল্পিত নালা ও জলাবদ্ধতার কারণে মশার প্রজনন বাড়ছে। এ সমস্যা সমাধান এবং মশার বংশবিস্তার রোধে বিশেষ দল কাজ করছে।
জেলা প্রশাসক আবু সালেহ মো. মুসা জানান, পৌর এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে আটটি বিশেষ দল গঠন করা হয়েছে। এসব দল মশার প্রজননস্থল ধ্বংস, লার্ভা নিধন ও জনসচেতনতা তৈরিতে কাজ করছে।
জেলার সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন জানান, মাইকিংয়ের পাশাপাশি জুমার নামাজের সময় মসজিদে ইমামদের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে।
রাজশাহী সিটি করপোরেশনও মশক নিধন কার্যক্রম জোরদার করেছে। প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় গত ১০ নভেম্বর নগরীর ৯, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে কীটনাশক ছিটানো হয়েছে। পর্যায়ক্রমে নগরীর ৩০টি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হবে।
সিটি করপোরেশনের মশক নিধন কর্মকর্তা সৈয়দ যুবায়ের হোসেন জানান, তিন মাসের বিশেষ কর্মসূচির আওতায় মশা নিধনে ওষুধ ছিটানো, এলাকাভিত্তিক পরিচ্ছন্নতা অভিযান, নালা পরিষ্কার এবং লার্ভা ধ্বংসের কার্যক্রম চলছে।
এদিকে নগরবাসীকে নিজেদের বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানিয়েছে সিটি করপোরেশন।












