ভারতের দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়ালকে হত্যার হুমকি দিয়েছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং। একই সঙ্গে তাঁর কাছে ৭ কোটি রুপি চাঁদা দাবি করা হয়েছে। টাকা না দিলে কেজরিওয়াল ও তাঁর মেয়ে হর্ষিতাকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।
আম আদমি পার্টির এক বিধায়কের করা পুলিশি অভিযোগে এসব তথ্য উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী, দিল্লি বিধানসভার তিলকনগর আসনের বিধায়ক জারনাইল সিংকে ফোনকল ও হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে হুমকি দেওয়া হয়। গত ৬ নভেম্বর ভারতের পাঞ্জাবের মোহালিতে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে তিনি এ বিষয়ে অভিযোগ করেন। পাশাপাশি কেজরিওয়াল ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে মোহালি সাইবার অপরাধ দমন বিভাগকে। সন্দেহভাজন ব্যক্তির ফোনকলের তথ্য, আইপি লগ এবং অবস্থান শনাক্তের তথ্য পরীক্ষা করছেন তদন্তকারীরা।
তারকা ও রাজনীতিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ
কারাগারে থাকা অপরাধী লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং দীর্ঘদিন ধরে বলিউড তারকা, সংগীতশিল্পী ও রাজনীতিকদের লক্ষ্যবস্তু করে আসছে। গত মাসে মুম্বাইয়ে অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে তিন হামলাকারীর গুলিবর্ষণের ঘটনায় আবারও আলোচনায় আসে গ্যাংটি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের বিষ্ণোই গ্যাংয়ের সদস্য দাবি করে দুজন ওই হামলার দায় স্বীকার করে।
এর আগে বলিউড তারকা সালমান খান, রণবীর সিং, আমির খান এবং পরিচালক রোহিত শেঠিকেও লক্ষ্যবস্তু করার অভিযোগ উঠেছে গ্যাংটির বিরুদ্ধে। ২০২২ সালের মে মাসে পাঞ্জাবের জনপ্রিয় সংগীতশিল্পী সিধু মুসেওয়ালাকে হত্যা করা হয়। ২০২৪ সালের অক্টোবরে খুন হন মহারাষ্ট্রের রাজনীতিক বাবা সিদ্দিকি।
আন্তর্জাতিক নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
টাইগার শ্রফের গাড়িতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রপ্রবাসী অনিল পণ্ডিত দায় স্বীকার করেছেন। লরেন্স বিষ্ণোইয়ের যুক্তরাষ্ট্রভিত্তিক সহযোগী সতবিন্দর সিং ওরফে গোল্ডি ব্রারকে আড়ালে রেখে গ্যাংটির কর্মকাণ্ডের প্রচার নিজের দিকে টানার চেষ্টা করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে গোল্ডি ব্রারকে খুঁজছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।
এফবিআই গ্যাংটিকে ‘লরেন্স বিষ্ণোই অর্গানাইজড ক্রাইম গ্রুপ’ হিসেবে চিহ্নিত করেছে। সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে কার্যক্রম পরিচালনা, বিদেশ থেকে স্থানীয় বন্দুকধারী নিয়োগ এবং প্রভাবশালী ব্যক্তিদের লক্ষ্য করে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে অর্থ আদায়ের সক্ষমতা রয়েছে গ্যাংটির।
কেজরিওয়ালকে দেওয়া হুমকির ঘটনায় তদন্ত চলছে। তবে হুমকিদাতা ব্যক্তি সত্যিই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য কি না, তা এখনো নিশ্চিত হয়নি।












