এআই প্রযুক্তির দ্রুত বিস্তার নিয়ে যুক্তরাষ্ট্রে জনমনে অসন্তোষ বাড়ছে। বিশেষ করে এআই পরিচালনার জন্য প্রয়োজনীয় বিশাল তথ্যকেন্দ্র নির্মাণের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন সাধারণ মানুষ। সদ্য শেষ হওয়া মধ্যবর্তী নির্বাচনে তথ্যকেন্দ্র নির্মাণ নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দেওয়া প্রার্থীদের প্রতি ব্যাপক সমর্থন জানিয়েছেন ভোটাররা। তবে এই বিরোধিতার মধ্যেই নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছেন ডেমোক্র্যাট নেতারা। কারণ, এআই এখন যুক্তরাষ্ট্রের অর্থনীতির প্রায় প্রতিটি খাতের সঙ্গে গভীরভাবে যুক্ত।
অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, এআই অবকাঠামো নির্মাণের গতি কিছুটা কমানো হলে দীর্ঘ মেয়াদে অর্থনীতির জন্য তা ইতিবাচক হতে পারে। এতে অতিরিক্ত বিনিয়োগ, মূল্যস্ফীতি এবং সম্ভাব্য আর্থিক বুদ্বুদের ঝুঁকি নিয়ন্ত্রণে আসতে পারে। তবে হঠাৎ করে বিনিয়োগ কমে গেলে সাময়িক অর্থনৈতিক সংকটও তৈরি হতে পারে।
অর্থনীতিতে এআইয়ের অবদান, বাড়ছে ব্যয়ও
গত কয়েক বছরে এআই খাতে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে। ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো প্রতিষ্ঠানগুলো এই অর্থ ব্যয় করছে উন্নত কম্পিউটার চিপ, তথ্যকেন্দ্র এবং বিদ্যুৎ অবকাঠামো তৈরিতে। এর প্রভাব পড়েছে নির্মাণশিল্প, ইস্পাত, যন্ত্রপাতি এবং বিভিন্ন শিল্পপণ্যের বাজারে।
এআইকেন্দ্রিক বিনিয়োগের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে নতুন কর্মসংস্থানও তৈরি হয়েছে। তথ্যকেন্দ্রের যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো কর্মী নিয়োগ অব্যাহত রেখেছে। একইভাবে নির্মাণ খাতে তথ্যকেন্দ্র প্রকল্পের চাহিদা আবাসন, গুদাম ও দপ্তর নির্মাণে দুর্বল চাহিদার ঘাটতি কিছুটা পূরণ করেছে।
এ ছাড়া এআই-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় অনেক মার্কিন নাগরিকের বিনিয়োগ ও অবসরকালীন সঞ্চয়ের মূল্য বেড়েছে। এর ফলে মূল্যবৃদ্ধি ও মজুরি বৃদ্ধির গতি কমে যাওয়ার মধ্যেও ভোক্তা ব্যয় ধরে রাখতে সহায়তা মিলেছে।
তবে এই প্রবৃদ্ধির বিপরীতে তৈরি হয়েছে নতুন চাপ। এআই শিল্পের বিপুল চাহিদায় শ্রমিক ও নির্মাণসামগ্রীর দাম বেড়েছে। মেমোরি চিপের সংকটে ভোক্তা ইলেকট্রনিকস পণ্যের দামও বেড়েছে। তথ্যকেন্দ্র পরিচালনায় বিপুল বিদ্যুৎ প্রয়োজন হওয়ায় বিদ্যুতের দাম বাড়ছে। অন্যদিকে এ খাতে বিপুল মূলধন বিনিয়োগের কারণে সুদের হারেও চাপ তৈরি হচ্ছে।
তথ্যকেন্দ্র নিয়ে স্থানীয় মানুষের ক্ষোভ
তথ্যকেন্দ্র নির্মাণের বিরোধিতার পেছনে স্থানীয় জনগোষ্ঠীর বাস্তব অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ। এসব স্থাপনা থেকে শব্দদূষণ, যানজট এবং বিদ্যুতের বাড়তি বিলের মতো সমস্যা তৈরি হচ্ছে। যেসব এলাকায় তথ্যকেন্দ্র নেই, সেখানকার মানুষের মধ্যেও এআইয়ের কারণে কর্মসংস্থান হারানো, পরিবেশের ক্ষতি এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ রয়েছে।
সমালোচকদের মতে, এআই প্রযুক্তির অর্থনৈতিক সুবিধা মূলত অল্প কয়েকজন প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবেরের হাতে কেন্দ্রীভূত হচ্ছে। অথচ এর ব্যয় বহন করতে হচ্ছে সাধারণ মানুষ ও স্থানীয় জনগোষ্ঠীকে।
নিয়ন্ত্রণ চান ডেমোক্র্যাটরা, বন্ধ করতে নয়
নির্বাচনের পর ডেমোক্র্যাট নেতাদের একাংশ এআই শিল্পের ওপর নিয়ন্ত্রণ বাড়ানো এবং তথ্যকেন্দ্র নির্মাণ সীমিত করার কথা বলেছেন। তবে তাঁদের অনেকেই পুরো শিল্প বন্ধ করার পক্ষে নন।
টেক্সাসের নবনির্বাচিত ডেমোক্র্যাট গভর্নর জিনা হিনোজোসা জানিয়েছেন, স্থানীয় মানুষের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তথ্যকেন্দ্র নির্মাণের অনুমোদন বিলম্বিত করতে চান। তবে তিনি রাজ্যটির ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখার পক্ষেও অবস্থান নিয়েছেন।
অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এআই ও তথ্যকেন্দ্রের সম্প্রসারণের পক্ষে অবস্থান নিয়েছেন। তাঁর মতে, এসব স্থাপনা রাজ্যগুলোর জন্য বিপুল সম্পদ ও অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আসতে পারে।
বিনিয়োগের বুদ্বুদ ফেটে যাওয়ার আশঙ্কা
এআই খাতে অতিরিক্ত বিনিয়োগ নিয়ে অর্থনীতিবিদদের উদ্বেগ বাড়ছে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ স্টেইন ভ্যান নিউয়েনবার্গের এক গবেষণায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় অবকাঠামো বিনিয়োগে পরিণত হওয়ার পথে রয়েছে এআই সম্প্রসারণ। উনিশ শতকের রেলপথ নির্মাণের বিশাল বিনিয়োগের সঙ্গেও এর তুলনা করা হচ্ছে। তবে অতীতে এ ধরনের অনেক বড় বিনিয়োগ শেষ পর্যন্ত ভয়াবহ আর্থিক বিপর্যয় ডেকে এনেছিল।
বিশেষজ্ঞদের আশঙ্কা, এআই খাতে বিনিয়োগের গতি কমানোর উদ্যোগে শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হতে পারে। এতে সম্পদশালী পরিবারগুলোর ব্যয় কমে যেতে পারে, যার প্রভাব সামগ্রিক অর্থনীতিতে পড়তে পারে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ গ্যাব্রিয়েল চোডোরো-রাইখের মতে, সবচেয়ে বড় ঝুঁকি হলো আর্থিক ব্যবস্থার ভেতরে এমন কিছু অপ্রকাশিত দুর্বলতা থাকা, যা এখনো নীতিনির্ধারকদের নজরে আসেনি। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংকের সতর্ক নজরদারি প্রয়োজন।
২০০৮ সালের আর্থিক সংকটের অভিজ্ঞতা সামনে রেখে বিশেষজ্ঞরা বলছেন, এআই খাতের বিনিয়োগ নিয়ন্ত্রণে ভারসাম্যপূর্ণ নীতি জরুরি। কারণ, অতিরিক্ত সম্প্রসারণ যেমন অর্থনীতিতে ঝুঁকি তৈরি করতে পারে, তেমনি হঠাৎ নিয়ন্ত্রণ আরোপও বড় ধরনের আর্থিক অস্থিরতার কারণ হতে পারে।












