জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে শতকোটি ডলারের এআই চিপ সংগ্রহের অভিযোগ
বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে এক চীনা ব্যবসায়ী নারীর ব্যক্তিগত ও ব্যবসায়িক সম্পর্ক এখন যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিগত প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ধারণা, অ্যালিস হুয়াং নামের ওই নারী চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, জেনসেন হুয়াংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা এড়িয়ে চীনা স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য বিপুল পরিমাণ উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ সংগ্রহে ভূমিকা রেখেছেন।
১২ নভেম্বর প্রকাশিত দ্য নিউইয়র্ক টাইমস-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। পত্রিকাটির অনুসন্ধান অনুযায়ী, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের যোগাযোগ শুধু ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ ছিল না; বরং তা এনভিডিয়ার প্রযুক্তি সংগ্রহ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় এআই অবকাঠামো গড়ে তোলার একটি বড় ব্যবসায়িক নেটওয়ার্কের সঙ্গেও যুক্ত ছিল।
সম্পর্কের সূত্রে এনভিডিয়ার প্রযুক্তিতে প্রবেশ
২০২৩ সালের ডিসেম্বরে সিঙ্গাপুরের একটি ইতালীয় রেস্তোরাঁয় জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াংয়ের সাক্ষাৎ হয়। তাঁদের সঙ্গে কয়েকজন সহকর্মীও ছিলেন। ওই বৈঠকের একটি ছবি দ্য নিউইয়র্ক টাইমস যাচাই করেছে। ছবিতে জেনসেন হুয়াংয়ের পাশে অ্যালিস হুয়াংকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়।
সেই সময় অ্যালিস হুয়াং সাংহাইয়ের ধনী বিনিয়োগকারীদের সমর্থনে একটি কোম্পানির মালিকানা পুনর্গঠন করেছিলেন। প্রতিষ্ঠানটির নাম মেগাস্পিড। সিঙ্গাপুরভিত্তিক একটি শেল কোম্পানির মাধ্যমে মালিকানা কাঠামো পরিবর্তন করে প্রতিষ্ঠানটিকে চীনের সঙ্গে সরাসরি সম্পর্কহীন হিসেবে উপস্থাপনের ব্যবস্থা করা হয়।
এর মাত্র চার দিন পর মেগাস্পিড এনভিডিয়ার ক্লাউড পার্টনার হিসেবে স্বীকৃতি পায়। ফলে প্রতিষ্ঠানটি এনভিডিয়ার অত্যন্ত চাহিদাসম্পন্ন এআই চিপ পাওয়ার সুযোগ তৈরি করে।
যুক্তরাষ্ট্র তখন চীনা কোম্পানিগুলোর কাছে উন্নত এআই চিপ বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ওয়াশিংটনের আশঙ্কা ছিল, এসব প্রযুক্তি চীনের অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা বাড়াতে ব্যবহৃত হতে পারে।
চার বিলিয়ন ডলারের বেশি চিপ সংগ্রহ
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে মেগাস্পিড এনভিডিয়ার উন্নত এআই প্রযুক্তির কয়েক বিলিয়ন ডলারের সরঞ্জাম কিনেছে। প্রতিষ্ঠানটি শেষ পর্যন্ত চার বিলিয়ন ডলারের বেশি মূল্যের এআই চিপ সংগ্রহ করে।
এ ব্যবসার পেছনে ছিল চীনের ধনী প্রযুক্তি বিনিয়োগকারীদের একটি নেটওয়ার্ক। তাঁদের সঙ্গে দেশটির ডেটা সেন্টার, সরকার এবং প্রতিরক্ষা খাতের সংযোগ ছিল বলে অনুসন্ধানে উঠে এসেছে।
মেগাস্পিডের ব্যবসা দ্রুত সম্প্রসারিত হয়। প্রতিষ্ঠানটি মালয়েশিয়ায় একটি সহযোগী কোম্পানি গঠন করে। ওই কোম্পানি নিজেদের সার্ভার ও মেধাস্বত্ব আলিবাবার সহযোগী প্রতিষ্ঠান অ্যাপেক্সের কাছে বন্ধক রাখে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবা একপর্যায়ে মেগাস্পিডের প্রধান গ্রাহকে পরিণত হয়।
মালয়েশিয়ায় একটি ডেটা সেন্টার নির্মাণের কাজও শুরু করে প্রতিষ্ঠানটি। প্রকল্পটির প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার পথে। এদিকে চীন থেকে বিপুলসংখ্যক প্রকৌশলী পাঠিয়ে প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া হয়েছে।
সম্পর্ক নিয়ে ট্রাম্প প্রশাসনের উদ্বেগ
জেনসেন হুয়াং ও অ্যালিস হুয়াংয়ের সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর উদ্বেগ নতুন নয়। ২০২৫ সালের শেষ দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রথমবার এ বিষয়ে অবহিত করা হয়েছিল বলে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে।
চলতি বছরের মে মাসে চীন সফরের পথে এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্পকে আবারও বিষয়টি জানানো হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও তাঁকে জানান, জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্ক থাকা ওই নারী চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছেন বলে সংবেদনশীল গোয়েন্দা তথ্য পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ধারণা, অ্যালিস হুয়াং চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের হয়ে কাজ করছিলেন। তবে চীন এ ধরনের গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে।
সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, চীন সফরের সময় জেনসেন হুয়াংয়ের সঙ্গে ওই নারীর সম্পর্কের বিষয়ে তিনি কিছু জানতেন না। তবে এর আগে তাঁকে অন্তত দুবার এ বিষয়ে অবহিত করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ব্যক্তিগত সম্পর্কের স্বীকারোক্তি, এনভিডিয়ার তদন্ত
রোববার ৬৩ বছর বয়সী জেনসেন হুয়াং অ্যালিস হুয়াংয়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক থাকার কথা স্বীকার করেন। এ ঘটনার পর এনভিডিয়া জানায়, তারা বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে।
গত তিন বছরে তাঁদের একাধিক দেশে একসঙ্গে দেখা গেছে। সাংহাই, এনভিডিয়ার সিলিকন ভ্যালির সদর দপ্তর, ক্যালিফোর্নিয়ার একটি গলফ রিসোর্ট এবং তাইওয়ানে তাঁদের সাক্ষাতের ছবি অ্যালিস হুয়াংয়ের সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া গেছে। ছবিগুলো যাচাই করেছে দ্য নিউইয়র্ক টাইমস।
২০২৪ সালের জুনে তাইপেতে একটি প্রযুক্তি অনুষ্ঠানে অ্যালিস হুয়াং উপস্থিত ব্যক্তিদের বলেছিলেন, তিনি চাইলে জেনসেন হুয়াংকে সেখানে নিয়ে আসতে পারবেন। কিছুক্ষণের মধ্যেই এনভিডিয়া প্রধান সেখানে উপস্থিত হন। ওই অনুষ্ঠানে অংশ নেওয়া নেটথান্ডারের প্রধান নির্বাহী পার্কার স্মিট এ তথ্য জানিয়েছেন।
সাংহাইয়ের অর্থজগৎ থেকে প্রযুক্তি ব্যবসায়
অ্যালিস হুয়াংয়ের পেশাগত জীবন শুরু হয়েছিল টেলিভিশন সাংবাদিক হিসেবে। তাঁর অনলাইন জীবনবৃত্তান্ত অনুযায়ী, চার বছর সাংবাদিকতা করার পর তিনি এইচএসবিসির প্রাইভেট ব্যাংকিং বিভাগ এবং চীনের রাষ্ট্রীয় বিনিয়োগ ব্যাংক সিটিক সিকিউরিটিজে কাজ করেন।
চীনের ব্যবসায়ী কাং ওয়েইয়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্ক ছিল। ৫১ বছর বয়সী কাং একজন তহবিল ব্যবস্থাপক। চীনা বিনিয়োগকারী ও মেগাস্পিডের কর্মীদের কাছে তাঁকে অ্যালিস হুয়াংয়ের স্বামী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হতো। তবে তাঁদের বৈবাহিক সম্পর্ক নিশ্চিত করতে পারেনি দ্য নিউইয়র্ক টাইমস।
২০২০ সালে তাঁদের ব্যবসায়িক নেটওয়ার্ক সাংহাইয়ে টেনসেন্টের জন্য একটি এআই কম্পিউটিং সেন্টার নির্মাণ ও পরিচালনার প্রকল্পে যুক্ত হয়। পরবর্তী সময়ে বিদেশে উন্নত এআই চিপ সংগ্রহের উদ্যোগে সেই অভিজ্ঞতা কাজে লাগানো হয়।
সিঙ্গাপুর ও তাইওয়ানের তদন্ত
মেগাস্পিডের বিপুল পরিমাণ চিপ কেনাকাটা যুক্তরাষ্ট্রের নজরে আসার পর ২০২৪ সালের শেষ দিকে দেশটির বাণিজ্য বিভাগ প্রতিষ্ঠানটির একটি ডেটা সেন্টার পরিদর্শন করে। সেখানে সরবরাহ করা এনভিডিয়ার কিছু সরঞ্জাম বাক্সবন্দি অবস্থায় পাওয়া যায়। এতে চিপগুলো প্রকৃতপক্ষে ওই স্থানে স্থাপন করা হয়েছে, নাকি অন্য কোথাও পাঠানো হচ্ছে—তা নিয়ে সন্দেহ তৈরি হয়।
যুক্তরাষ্ট্রের পরামর্শে তাইওয়ানের কর্তৃপক্ষও অ্যালিস হুয়াংয়ের দ্বীপটিতে যাতায়াত পর্যবেক্ষণ শুরু করে। তিনি হংকংয়ের পাসপোর্ট ব্যবহার করে তাইওয়ানে প্রবেশ করতেন।
২০২৫ সালে সিঙ্গাপুরে মিথ্যা আমদানি ঘোষণা সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে তাঁকে দেশত্যাগে নিষেধ করা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয়। তবে সংশ্লিষ্ট এক ব্যক্তির ভাষ্য অনুযায়ী, ওই মিথ্যা ঘোষণার ঘটনায় অ্যালিস হুয়াংয়ের সম্পৃক্ততার পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি এবং তাঁর বিরুদ্ধে তদন্ত শেষ করা হয়েছে। যদিও সিঙ্গাপুরের কর্তৃপক্ষ মেগাস্পিডের কার্যক্রম নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে বলে জানিয়েছে।
পরে অ্যালিস হুয়াং সাংহাইয়ে ফিরে যান। তাঁর অনুপস্থিতিতে মেগাস্পিডের দায়িত্ব অন্য একজন নির্বাহী গ্রহণ করেন। তবে মালয়েশিয়ায় ডেটা সেন্টার নির্মাণসহ প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হয়নি।
প্রযুক্তি প্রতিযোগিতায় নতুন নিরাপত্তা প্রশ্ন
অ্যালিস হুয়াংকে ঘিরে এই ঘটনা যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ দিক সামনে এনেছে। উন্নত এআই চিপের ওপর যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও তৃতীয় দেশের কোম্পানি, জটিল মালিকানা কাঠামো এবং আন্তর্জাতিক ব্যবসায়িক নেটওয়ার্ক ব্যবহার করে প্রযুক্তি সংগ্রহের সুযোগ তৈরি হতে পারে।
একই সঙ্গে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নেতৃত্বের ব্যক্তিগত সম্পর্ক কীভাবে ব্যবসায়িক সিদ্ধান্ত, প্রযুক্তি সরবরাহ এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নের সঙ্গে জড়িয়ে যেতে পারে, সেটিও স্পষ্ট হয়েছে।
তবে অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগের স্বাধীনভাবে প্রমাণিত বিচারিক সিদ্ধান্তের কথা প্রতিবেদনে উল্লেখ নেই। এনভিডিয়া ও মেগাস্পিড এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। অ্যালিস হুয়াংও মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।












