ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা দীর্ঘদিনের। ২০২৫ সালের এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে হামলার পর দুই দেশের সম্পর্ক আরও অবনতি ঘটে। বন্ধ হয়ে যায় অধিকাংশ বাণিজ্যিক যোগাযোগ। সীমান্ত বাণিজ্য স্থগিতের পাশাপাশি আকাশসীমা ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে পাকিস্তান। মে মাসে দুই দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনাও ঘটে। চার দিনের সংঘাতের পর ১০ মে যুদ্ধবিরতি কার্যকর হয়।
তবে রাজনৈতিক বৈরিতা সত্ত্বেও অর্থনৈতিক বাস্তবতা দুই দেশকে আবারও বাণিজ্যের কাছাকাছি নিয়ে আসছে। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, ভারত থেকে দেশটির আমদানি আবার বাড়তে শুরু করেছে। বিশেষ করে ওষুধ, টিকা ও চিকিৎসাসংশ্লিষ্ট পণ্যের ক্ষেত্রে ভারতের ওপর পাকিস্তানের নির্ভরতা এখনো উল্লেখযোগ্য।
এক বছরে আমদানি বেড়েছে ৬৯ শতাংশ
পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারত থেকে ৬ কোটি ১৭ লাখ ডলারের পণ্য আমদানি করেছে পাকিস্তান। আগের বছরের একই সময়ের তুলনায় এই আমদানি বেড়েছে ৬৯ শতাংশ।
২০২৫ সালের জুলাই-সেপ্টেম্বর সময়ে ভারতীয় পণ্য আমদানির বিপরীতে পাকিস্তানের ব্যাংকগুলোর পরিশোধের পরিমাণ ছিল ৩ কোটি ৬৬ লাখ ডলার।
২০২৫ সালের এপ্রিলে সংঘাতের ঠিক আগে ভারত থেকে আমদানির বিপরীতে মাসিক পরিশোধের পরিমাণ ছিল ২ কোটি ডলার। সংঘাতের পর জুনে তা কমে ৯২ লাখ ডলার এবং জুলাইয়ে ৮২ লাখ ডলারে নেমে আসে। তবে সেপ্টেম্বরে আবার বেড়ে দাঁড়ায় ১ কোটি ৯৬ লাখ ডলারে।
২০২৫-২৬ অর্থবছরে ভারত থেকে পণ্য আমদানির বিপরীতে পাকিস্তানের মোট পরিশোধ ছিল ২০ কোটি ৩৮ লাখ ডলার। আগের অর্থবছরের তুলনায় এই পরিমাণ ৭ দশমিক ৬ শতাংশ কম। তবে সংঘাতের আগের ১২ মাসে মাসিক গড় পরিশোধ ছিল ১ কোটি ৯৩ লাখ ডলার। আর ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে পরবর্তী ১৩ মাসে মাসিক গড় দাঁড়িয়েছে ১ কোটি ৯১ লাখ ডলার। অর্থাৎ সংঘাতের পর সাময়িক ধাক্কা কাটিয়ে আমদানি প্রায় আগের অবস্থায় ফিরেছে।
আমদানির বড় অংশজুড়ে ওষুধ ও রাসায়নিক
ভারত থেকে পাকিস্তানের আমদানির সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত ওষুধ ও জৈব রাসায়নিক পণ্য। পাকিস্তানের সরকারি বাণিজ্য তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ভারত থেকে আমদানির ৯৬ দশমিক ২ শতাংশই ছিল জৈব রাসায়নিক ও ওষুধজাত পণ্য। আগের অর্থবছরে এই হার ছিল ৯৩ শতাংশ।
আমদানির সবচেয়ে বড় অংশ ছিল টিকা, রক্তজাত উপাদান ও এ ধরনের চিকিৎসাসামগ্রী। এসব পণ্যের আমদানি মূল্য ছিল ৯ কোটি ৩৬ লাখ ডলার, যা আগের অর্থবছরে ছিল ৭ কোটি ৩ লাখ ডলার।
বিশেষ করে মানুষের ব্যবহারের জন্য টিকা আমদানি বেড়েছে উল্লেখযোগ্য হারে। ২০২৪-২৫ অর্থবছরে এ ধরনের টিকা আমদানিতে ব্যয় হয়েছিল ১ কোটি ১১ লাখ ডলার। ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৩ কোটি ২৩ লাখ ডলারে।
পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা খাকান নাজিবের মতে, ভারতের ওষুধশিল্পের প্রতিযোগিতামূলক দাম, পণ্যের সহজলভ্যতা এবং ভৌগোলিক নৈকট্য পাকিস্তানের আমদানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ভারত সক্রিয় ওষুধ উপাদান বা এপিআই উৎপাদনে শক্তিশালী অবস্থান তৈরি করেছে। ওষুধ তৈরির জন্য এসব উপাদান অপরিহার্য। পাকিস্তানের ওষুধশিল্প দীর্ঘদিন ধরে ভারতের কাছ থেকে তুলনামূলক কম দামে এসব কাঁচামাল সংগ্রহ করে আসছে।
নিষেধাজ্ঞার মধ্যেও কীভাবে চলছে বাণিজ্য?
ভারত থেকে পণ্য আমদানিতে পাকিস্তানের নিষেধাজ্ঞা ২০২৫ সালের সংঘাতের আগেই কার্যকর হয়েছিল।
২০১৯ সালের আগস্টে ভারতশাসিত কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসন বাতিলের পর পাকিস্তান ভারত থেকে উৎপাদিত কিংবা ভারত হয়ে পাঠানো পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয়। তবে ওই বছরের সেপ্টেম্বরেই পাকিস্তানের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ডিআরএপি অনুমোদিত চিকিৎসাসংশ্লিষ্ট পণ্যের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করা হয়।
২০২৫ সালের পেহেলগাম হামলার পর নতুন করে বাণিজ্যিক বিধিনিষেধ আরোপ করে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি। ২৪ এপ্রিল দেওয়া বিবৃতিতে ভারত থেকে সরাসরি কিংবা তৃতীয় কোনো দেশের মাধ্যমে পাকিস্তানে আসা সব ধরনের বাণিজ্য স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
কিন্তু নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতীয় পণ্যের সরবরাহ পুরোপুরি বন্ধ হয়নি। পাকিস্তানের বাণিজ্য উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক প্রধান নির্বাহী মুহাম্মদ জুবায়ের মতিওয়ালা জানিয়েছেন, দুবাই, মালয়েশিয়াসহ বিভিন্ন তৃতীয় দেশের মাধ্যমে ভারতীয় পণ্য পাকিস্তানে প্রবেশ করছে।
তবে ঠিক কোন পথে এবং কী পরিমাণ পণ্য আসছে, সে বিষয়ে নির্ভরযোগ্য প্রকাশ্য তথ্য নেই বলে সতর্ক করেছেন খাকান নাজিব।
পাকিস্তানের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, জাতীয় স্বার্থে প্রয়োজন হলে ভারত থেকে পণ্য আমদানির সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তান।
বিকল্প বাজার থেকে আমদানিতে বাড়বে ব্যয়
পাকিস্তানের মোট আমদানি ব্যয়ের তুলনায় ভারতীয় পণ্যের অংশ খুবই সামান্য। ২০২৫-২৬ অর্থবছরে পাকিস্তানের মোট আমদানি ব্যয় ছিল ৬ হাজার ৪৫০ কোটি ডলার। এর মাত্র ০ দশমিক ৩ শতাংশ এসেছে ভারত থেকে। অন্যদিকে চীন থেকে আমদানিতে পাকিস্তানের ব্যয় হয়েছে ১ হাজার ৯৫০ কোটি ডলার।
কিন্তু ওষুধশিল্পের ক্ষেত্রে ভারতের গুরুত্ব অনেক বেশি। ২০২৪ সালে চার দিনের সংঘাতের আগে পাকিস্তানের ওষুধ আমদানির দ্বিতীয় বৃহত্তম উৎস ছিল ভারত। প্রথম অবস্থানে ছিল বেলজিয়াম।
ভারতীয় সরবরাহকারীদের বাদ দিয়ে অন্য দেশ থেকে কাঁচামাল সংগ্রহ করতে হলে পাকিস্তানের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। মতিওয়ালার হিসাবে, বিকল্প দেশ থেকে কাঁচামাল আমদানি করলে কোনো কোনো ক্ষেত্রে ব্যয় ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
খাকান নাজিবের মতে, পরিবহন ব্যয়, বিমা, পণ্যের মান যাচাই, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং সরবরাহের নির্ভরযোগ্যতার ওপর বিকল্প উৎস থেকে আমদানির প্রকৃত ব্যয় নির্ভর করে। সব পণ্যের ক্ষেত্রে ব্যয় একই হারে বাড়বে না।
সম্পর্কের বরফ কি গলতে শুরু করেছে?
অর্থনৈতিক নির্ভরতার পাশাপাশি দুই দেশের মধ্যে সীমিত কূটনৈতিক ও সামাজিক যোগাযোগ পুনরায় দৃশ্যমান হচ্ছে। মতিওয়ালার মতে, ভারত-পাকিস্তান সম্পর্কের বরফ ধীরে ধীরে গলতে শুরু করেছে।
গত ২৯ আগস্ট ভারত ২৫ জন পাকিস্তানি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠায়। তাঁদের মধ্যে জেলেও ছিলেন। ওয়াগাহ-আটারি সীমান্ত দিয়ে তাঁদের প্রত্যাবাসন করা হয়।
এ ছাড়া সম্প্রতি ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচে ভারত ও পাকিস্তানের ফুটবলারদের খেলা শুরুর আগে এবং শেষে পরস্পরের সঙ্গে করমর্দন করতে দেখা যায়। সাম্প্রতিক সময়ে দুই দেশের ক্রীড়াঙ্গনে এমন সৌজন্য বিনিময় বিরল হয়ে উঠেছিল।
খাকান নাজিব মনে করেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ হলে উভয় পক্ষই লাভবান হতে পারে। তবে বাণিজ্যিক সম্পর্ককে রাজনৈতিক ও নিরাপত্তাগত পরিস্থিতি থেকে আলাদা করে দেখার সুযোগ নেই। পরিস্থিতি অনুকূলে থাকলে অর্থনৈতিক ও মানবিক স্বার্থসংশ্লিষ্ট খাত দিয়ে ধীরে ধীরে পারস্পরিক সম্মতির ভিত্তিতে বাণিজ্য পুনরায় চালু করা যেতে পারে।
ভারত-পাকিস্তান সম্পর্কের বর্তমান বাস্তবতা তাই একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আনছে। রাজনৈতিক সংঘাত ও নিরাপত্তা উত্তেজনা বাণিজ্যিক সম্পর্ককে বাধাগ্রস্ত করলেও ওষুধের মতো জরুরি খাতে পারস্পরিক নির্ভরতা পুরোপুরি বিচ্ছিন্ন হওয়াকে কঠিন করে তুলেছে।












