যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর ব্রুকলিনে নির্মাণাধীন একটি স্থাপনার পাশের তিনতলা ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৭ জনের বেশি। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। তাদের উদ্ধারে দুই শতাধিক জরুরি উদ্ধারকর্মী অভিযান চালাচ্ছেন।
বুধবার বিকেল প্রায় ৪টার দিকে ব্রুকলিনের ফ্ল্যাটবুশ অ্যাভিনিউ এলাকায় ভবনটি ধসে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধসের আগে বিস্ফোরণের মতো বিকট শব্দ শোনা যায়। এরপর আশপাশে মানুষের চিৎকার শুরু হয়।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান নিউইয়র্কের ফায়ার সার্ভিস ও অন্যান্য জরুরি বিভাগের কর্মীরা। ২৫০ জনের বেশি উদ্ধারকর্মী ধ্বংসস্তূপে তল্লাশি শুরু করেন। তবে ঠিক কতজন এখনো নিখোঁজ রয়েছেন, তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। নিহত ও আহত ব্যক্তিদের পরিচয়ও তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
ছয় মাসের অন্তঃসত্ত্বা নারীকে জীবিত উদ্ধার
ভবনধসের কয়েক ঘণ্টা পর উদ্ধার অভিযানের সময় ধ্বংসস্তূপ থেকে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়। ধুলায় ঢাকা অবস্থায় তাঁকে স্ট্রেচারে করে বের করে আনেন উদ্ধারকর্মীরা। পরে জানা যায়, ওই নারী ছয় মাসের অন্তঃসত্ত্বা।
নিউইয়র্কের স্থানীয় সংবাদমাধ্যম সিবিএস নিউজকে ওই নারীর স্বামী জানান, তাঁর স্ত্রী বেঁচে আছেন। উদ্ধারের খবর পেয়ে স্বস্তি প্রকাশ করে তিনি বলেন, স্ত্রী জীবিত থাকায় তিনি অত্যন্ত আনন্দিত। একই সঙ্গে উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
উদ্ধার অভিযানে প্রশিক্ষিত কুকুর, ড্রোন, কুঠার ও চেইনস ব্যবহার করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছেন কি না, তা শনাক্ত করতে এসব সরঞ্জাম কাজে লাগানো হচ্ছে। অভিযান আরও কয়েক দিন চলতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।
উদ্ধার অভিযানকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলছে ফায়ার সার্ভিস
নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের (এফডিএনওয়াই) কমিশনার লিলিয়ান বোনসিগনোরে উদ্ধার অভিযানকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে বর্ণনা করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ধসে পড়া ভবন এবং পাশের নির্মাণাধীন স্থাপনা—দুই জায়গাতেই মানুষ আটকা পড়েছিলেন।
তিনি জানান, ঘটনাস্থলে পৌঁছানোর পর থেকেই উদ্ধারকর্মীরা বিরতিহীনভাবে পরিকল্পিত উপায়ে কাজ করছেন। ধ্বংসস্তূপের ভেতরে অস্থিতিশীল কাঠামো ও অন্যান্য বিপজ্জনক পরিস্থিতির কারণে প্রতিটি পদক্ষেপ সতর্কতার সঙ্গে নিতে হচ্ছে।
ঘটনাস্থলের ছবিতে ভবনটির এক পাশ সম্পূর্ণ ধসে পড়তে দেখা গেছে। এতে ভেতরের শয়নকক্ষ, সিঁড়ি ও আলমারির কিছু অংশ বাইরে থেকে দৃশ্যমান হয়ে পড়ে। চারদিকে ছড়িয়ে ছিল আসবাবপত্র, পোশাক, ভাঙা কংক্রিট ও পেঁচিয়ে যাওয়া ধাতব কাঠামো।
নির্মাণকাজের সঙ্গে ভবনধসের সম্পর্ক খতিয়ে দেখা হচ্ছে
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উদ্ধারকর্মীদের দ্রুত সাড়া এবং ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ চালিয়ে যাওয়ার প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি জানান, জরুরি বিভাগের কর্মীরা এক মিনিটেরও কম সময়ে ঘটনাস্থলে পৌঁছেছিলেন।
সিবিএসের বরাতে পাওয়া নগর কর্তৃপক্ষের নথি অনুযায়ী, ধসে পড়া ভবনটি ১৯৩০ সালে নির্মিত হয়েছিল।
এফডিএনওয়াইয়ের প্রধান কর্মকর্তা জন এসপোসিতো জানান, ভবনটির পাশের জায়গায় নতুন ভবন নির্মাণের পরিকল্পনা অনুমোদিত হয়েছিল এবং সেখানে নির্মাণকাজ চলছিল। আরেক কর্মকর্তা জানান, ওই স্থানে মাটি খননের কাজও চলছিল।
তবে পাশের নির্মাণকাজের কারণে পুরোনো ভবনটি ধসে পড়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।












