ভারতের অন্যতম প্রধান শিল্প ও বিনিয়োগকেন্দ্র তামিলনাড়ুতে ক্রমেই বড় হয়ে উঠছে পানির সংকট। দক্ষ জনশক্তি, শক্তিশালী উৎপাদনশিল্প এবং বিনিয়োগবান্ধব নীতির কারণে রাজ্যটি দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে। কিন্তু পর্যাপ্ত পানির অভাব, ভূগর্ভস্থ পানির ওপর বাড়তি চাপ এবং জলদূষণ ভবিষ্যতে রাজ্যটির শিল্পায়ন ও বিনিয়োগের সম্ভাবনাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।
২০২৬ সালের জুলাইয়ে প্রকাশিত নীতি আয়োগের বিনিয়োগবান্ধবতা সূচকে (আইএফআই) তামিলনাড়ুর অবস্থান তৃতীয়। এ তালিকায় রাজ্যটির ওপরে রয়েছে গুজরাট ও মহারাষ্ট্র। বিনিয়োগ আকর্ষণ এবং তা ধরে রাখার সক্ষমতা মূল্যায়ন করে তৈরি করা এই প্রতিবেদনে তামিলনাড়ুর কয়েকটি দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক আকাশপথে সীমিত যোগাযোগ, চেন্নাই বন্দরের অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং রাজ্যের অভ্যন্তরীণ ও বৃষ্টিচ্ছায়া অঞ্চলে শিল্পকারখানার জন্য পর্যাপ্ত পানির অভাব।
বিনিয়োগ বাড়ছে, বাড়ছে পানির চাহিদাও
তামিলনাড়ুতে বর্তমানে ১১০টি শিল্পপার্কে বিশ্বের ফরচুন ৫০০ তালিকাভুক্ত ১৩০টি কোম্পানির কার্যক্রম রয়েছে। পাশাপাশি ৪২টির বেশি বিশেষ অর্থনৈতিক অঞ্চল চালু রয়েছে। শিল্পায়নের দীর্ঘ ইতিহাস, দক্ষ শ্রমশক্তি এবং অনুকূল ব্যবসায়িক পরিবেশ রাজ্যটিকে ভারতের গুরুত্বপূর্ণ উৎপাদনকেন্দ্রে পরিণত করেছে।
জাতীয় পর্যায়ে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ কমলেও তামিলনাড়ুতে বিনিয়োগ বেড়েছে। ভারতে ২০২২-২৩ অর্থবছরে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের পরিমাণ ছিল ৪৬ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলার, যা ২০২৩-২৪ অর্থবছরে কমে দাঁড়ায় ৪৪ দশমিক ৪২ বিলিয়ন ডলারে। বিপরীতে, তামিলনাড়ুতে ২০২৪-২৫ অর্থবছরে বিদেশি বিনিয়োগ বেড়ে ৩ দশমিক ৬৮১ বিলিয়ন ডলারে পৌঁছায়।
এই প্রবৃদ্ধি কর্মসংস্থান, উৎপাদনশিল্পের সম্প্রসারণ এবং অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি করছে। তবে শিল্পের বিকাশের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পানির চাহিদা। আর এখানেই তৈরি হচ্ছে বড় ধরনের সংকট।
সীমিত পানিসম্পদে বাড়তি চাপ
ভৌগোলিক অবস্থানের কারণে তামিলনাড়ুর বড় একটি অংশ পশ্চিমঘাট পর্বতমালার বৃষ্টিচ্ছায়া অঞ্চলে অবস্থিত। রাজ্যটিতে বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় ৯৬০ মিলিমিটার। ভারতের মোট পানিসম্পদের মাত্র ৩ শতাংশের অধিকারী এই রাজ্য।
রাজ্যটির ভূপৃষ্ঠস্থ পানির সম্ভাব্য পরিমাণ ৮৫৩ হাজার মিলিয়ন ঘনফুট। অন্যদিকে, ১৭টি প্রধান নদী অববাহিকা থেকে প্রতিবছর গড়ে ১৭৭ দশমিক ১২ হাজার মিলিয়ন ঘনফুট পানি সমুদ্রে গিয়ে পড়ে।
ভূগর্ভস্থ পানির অবস্থাও উদ্বেগজনক হয়ে উঠছে। কেন্দ্রীয় ভূগর্ভস্থ পানি বোর্ড এবং তামিলনাড়ুর পানি সম্পদ বিভাগের ২০২৫ সালের যৌথ মূল্যায়ন অনুযায়ী, ওই বছর রাজ্যে ভূগর্ভস্থ পানির বার্ষিক পুনর্ভরণ ছিল ২২ দশমিক ৬১ বিলিয়ন ঘনমিটার। উত্তোলনযোগ্য পানিসম্পদের পরিমাণ ছিল ২০ দশমিক ৪৬ বিলিয়ন ঘনমিটার। আর ভূগর্ভস্থ পানি উত্তোলন হয়েছে ১৫ দশমিক শূন্য ৪ বিলিয়ন ঘনমিটার, যা উত্তোলনযোগ্য সম্পদের প্রায় ৭৩ দশমিক ৫ শতাংশ।
তবে রাজ্যজুড়ে গড় হিসাব দিয়ে প্রকৃত সংকট বোঝা যায় না। সালেম, ভেলোর ও চেন্নাইয়ের মতো শিল্পাঞ্চল অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলনের ঝুঁকিতে রয়েছে। কৃষ্ণগিরি ও কোয়েম্বাটুর রয়েছে সংকটাপন্ন শ্রেণিতে। এসব এলাকায় পানির উত্তোলন পুনর্ভরণ সক্ষমতার প্রায় ৯০ থেকে ১০০ শতাংশে পৌঁছেছে।
এদিকে শিল্পকারখানায় পানির চাহিদা ২০০১ সালের ১ হাজার ৫৫৫ মিলিয়ন ঘনমিটার থেকে বেড়ে ২০৫০ সালে ১ হাজার ৯৮৫ মিলিয়ন ঘনমিটারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
বস্ত্র, গাড়ি উৎপাদন ও বিদ্যুৎ খাতের মতো পানিনির্ভর শিল্পগুলোর জন্য পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক। পানির অভাবে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি পরিচালন ব্যয় বাড়তে পারে। একই সঙ্গে বর্জ্যপানি ব্যবস্থাপনা কঠিন হয়ে উঠতে পারে।
দূষণ বাড়াচ্ছে শিল্পায়নের ঝুঁকি
পানির সংকটের পাশাপাশি জলদূষণও তামিলনাড়ুর শিল্পায়নের জন্য বড় বাধা হয়ে উঠছে। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চল একদিকে গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র, অন্যদিকে নদীদূষণের অন্যতম এলাকা।
২০২৬ সালের জুন মাসে শুধু পানি দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন, ১৯৭৪-এর আওতায় রাজ্যটির ২৮টি শিল্পপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ পেয়েছে।
শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলা বন্ধে কঠোর নজরদারির প্রয়োজন রয়েছে। একই সঙ্গে দূষিত জলাশয় নতুন বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রেও বাধা সৃষ্টি করতে পারে।
এ ক্ষেত্রে শূন্য তরল বর্জ্য নির্গমন ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখতে পারে। এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহৃত পানির সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত পুনরুদ্ধার করা সম্ভব। তিরুপুরের বস্ত্রশিল্পাঞ্চলে এ প্রযুক্তির ব্যবহার রয়েছে। তবে পুনর্ব্যবহারযোগ্য পানি তৈরির খরচ ছোট শিল্পপ্রতিষ্ঠানের জন্য এখনো বড় বাধা।
নবায়নযোগ্য জ্বালানি, লবণাক্ত পানি পরিশোধন এবং পয়োনিষ্কাশন ব্যবস্থার সঙ্গে শিল্পের পানির নিরাপত্তাকে যুক্ত করা গেলে ব্যয় কমানো এবং দীর্ঘমেয়াদি পানিসম্পদ ব্যবস্থাপনা উন্নত করা সম্ভব।
পানি ব্যবস্থাপনায় প্রয়োজন নতুন নীতি
তামিলনাড়ুর শিল্পায়নের ভবিষ্যৎ পানিসম্পদের ওপর ক্রমেই বেশি নির্ভরশীল হয়ে উঠলেও এ খাতে সরকারি বরাদ্দ কমেছে। চলতি বছরের অন্তর্বর্তী বাজেটে পানি সম্পদ বিভাগের জন্য বরাদ্দ ছিল ১০ হাজার ৭৬ কোটি রুপি। নতুন সরকারের প্রথম বাজেটে তা কমিয়ে ৯ হাজার ২৬৪ কোটি রুপি করা হয়েছে। অর্থাৎ বরাদ্দ কমেছে ৮ দশমিক শূন্য ৬ শতাংশ।
অন্যদিকে, ভূগর্ভস্থ পানির ব্যবহার নিয়ন্ত্রণে আইনি কাঠামোও দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় রয়েছে। ২০১৩ সালে তামিলনাড়ু ভূগর্ভস্থ পানি উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন বাতিল হওয়ার পর নতুন কাঠামো কার্যকর হয়নি। সম্প্রতি পাস হওয়া তামিলনাড়ু পানি সম্পদ (নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা ও সম্প্রসারণ) বিল, ২০২৬ এখন রাজ্যপালের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, শিল্পকারখানায় পানির মূল্য নির্ধারণে স্থানীয় পানিপ্রাপ্যতাকে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি পানির অপচয় বন্ধ, পুনর্ব্যবহার বাড়ানো, বর্জ্যপানি পরিশোধন এবং ভূগর্ভস্থ পানির উত্তোলন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা প্রয়োজন।
অনিয়মিত বৃষ্টিপাত, এল নিনোর প্রভাব এবং ক্রমবর্ধমান জলদূষণের মধ্যে তামিলনাড়ুর সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো শিল্পায়ন ও পানির নিরাপত্তার মধ্যে ভারসাম্য তৈরি করা। কারণ পানিসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা না গেলে রাজ্যটির বিনিয়োগবান্ধব ভাবমূর্তি এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি—দুটিই ঝুঁকির মুখে পড়তে পারে।












