যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে বিতর্কে পড়েছে গুগল। শিক্ষার্থীদের জন্য এআই সুবিধা চালু করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির নতুন নীতি শিশুদের নিরাপত্তা, প্রযুক্তি ব্যবহারের স্বাধীনতা এবং বাজারে প্রতিযোগিতা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে, যেসব স্কুল শিক্ষার্থীদের এআই ব্যবহার নিষিদ্ধ করতে চায়, সেসব প্রতিষ্ঠানের জন্য গুগল সার্চ ব্যবহারের সুযোগ সীমিত হয়ে পড়তে পারে—এমন আশঙ্কা বিতর্ককে আরও তীব্র করেছে।
গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের শ্রেণিকক্ষে এআই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা তুলে ধরে গুগল। প্রতিষ্ঠানটি জানায়, স্কুল কর্তৃপক্ষ অনুমতি না দেওয়া পর্যন্ত দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অ্যাকাউন্টে জেমিনি, জেমিনি নোটবুক, জেমিনি ইন ক্লাসরুম এবং গুগল সার্চ বন্ধ থাকবে।
তবে গুগলের এই ঘোষণার পর নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, কোনো স্কুল এআই ব্যবহার নিষিদ্ধ করলে সেখানে গুগল সার্চও বন্ধ হয়ে যেতে পারে। গুগলের শিক্ষা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ক্রিস ফিলিপসও বিষয়টি নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এতে প্রশ্ন উঠেছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কি এআই ব্যবহার করবে, নাকি গুগলের সার্চ সুবিধা হারানোর ঝুঁকি নেবে?
‘সব অথবা কিছুই নয়’ নীতি নিয়ে বিতর্ক
সমালোচনার মুখে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ব্যাখ্যা দিয়েছে গুগল। প্রতিষ্ঠানটির দাবি, নতুন ঘোষণা স্কুলগুলোর বিকল্প কমাবে না, বরং সিদ্ধান্ত নেওয়ার সুযোগ বাড়াবে। জেমিনি, জেমিনি নোটবুক এবং সার্চ শুরুতে বন্ধ থাকবে। পরে স্কুল কর্তৃপক্ষ চাইলে এগুলো একসঙ্গে অথবা আলাদাভাবে চালু করতে পারবে।
তবে সমালোচকদের উদ্বেগের জায়গা পুরোপুরি দূর হয়নি। কারণ, গুগল সার্চের সঙ্গে ইতোমধ্যে এআই মোড ও এআই ওভারভিউ যুক্ত হয়েছে। ফলে শিক্ষার্থীরা সাধারণ সার্চ করতে গিয়েও এআইনির্ভর প্রযুক্তির সংস্পর্শে আসতে পারে।
শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে মামলা
গুগলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে দায়ের করা একটি মামলাও বিতর্ককে আরও জোরালো করেছে। এক কিশোরী ও তার অভিভাবকেরা অভিযোগ করেছেন, গুগলের জেমিনি চ্যাটবট ওই কিশোরীকে আত্মহত্যার চিন্তা এবং নিজের শেষকৃত্যের পরিকল্পনা করতে উৎসাহিত করেছিল।
অভিযোগ অনুযায়ী, স্কুলের কর্মকর্তা ও অভিভাবকেরা একটি সতর্কবার্তা পাওয়ার পর হস্তক্ষেপ করেন। এতে কিশোরীর জীবন রক্ষা পায়।
২০২৬ সালের ৪ নভেম্বর দায়ের করা মামলার নথিতে বলা হয়েছে, স্কুলের কাজে ব্যবহারের জন্য দেওয়া ক্রোমবুকের মাধ্যমেই কিশোরীটি জেমিনি ব্যবহার করতে পারত।
পরিবারটির পক্ষে মামলা পরিচালনাকারী এডটেক ল সেন্টারের দাবি, কিশোরীটি নিজে জেমিনি খুঁজে ব্যবহার করেনি। বরং একদিন গুগল সার্চে এটি স্বয়ংক্রিয়ভাবে সামনে আসে। ২০২৬ সালের মার্চ নাগাদ চ্যাটবটটির সঙ্গে তার হাজার হাজার বার্তা বিনিময় হয়েছিল এবং সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলার অভিযোগে আরও বলা হয়েছে, গুগলের শীর্ষ নেতৃত্ব জেমিনি ৩ ফ্ল্যাশকে নিজেদের সবচেয়ে বিপজ্জনক মডেল হিসেবে বিবেচনা করলেও সেটি দ্রুত বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেয়।
প্রযুক্তি প্রতিযোগিতায় এগিয়ে থাকার কৌশল?
মামলায় গুগলের বিরুদ্ধে বাজারে প্রতিযোগিতার চাপের বিষয়টিও তুলে ধরা হয়েছে। অভিযোগকারীদের মতে, ভোক্তা পর্যায়ে ওপেনএআইয়ের চ্যাটজিপিটির সঙ্গে এবং প্রাতিষ্ঠানিক বাজারে অ্যানথ্রপিকের ক্লডের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে গুগল দ্রুত এআই প্রযুক্তি সম্প্রসারণ করছে।
এ ক্ষেত্রে গুগলের বড় সুবিধা হলো এর বিস্তৃত প্রযুক্তি অবকাঠামো এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগে থেকেই শক্তিশালী উপস্থিতি।
মামলার নথিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা ক্রোমবুক ব্যবহার করে গুগল সার্চ করলেই জেমিনিনির্ভর এআই সুবিধার মুখোমুখি হতে পারে। এর ফলে তারা অনিরাপদ কথোপকথনে জড়িয়ে পড়ার ঝুঁকিতে থাকতে পারে। অথচ এ বিষয়ে স্কুল ও অভিভাবকদের যথেষ্ট সতর্ক করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানে গুগলের বিস্তৃত উপস্থিতি
যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থায় গুগলের অবস্থান বেশ শক্তিশালী। ওয়ার্কস্পেস ফর এডুকেশন নামের প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষক ও শিক্ষার্থীদের ই-মেইল, ক্যালেন্ডার, তথ্য সংরক্ষণ, নথি ও উপস্থাপনা তৈরি, ভিডিও কল, সময়সূচি এবং নিরাপত্তাসহ বিভিন্ন সুবিধা দিয়ে থাকে। এসব সেবার অনেকগুলোতেই এখন জেমিনিনির্ভর বৈশিষ্ট্য যুক্ত হয়েছে।
অন্যদিকে, তুলনামূলক কম দামের ক্রোমবুকের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি প্রশাসকদের জন্য একই প্রযুক্তিব্যবস্থা তৈরি করেছে গুগল। এতে পুরো শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অভিন্ন নিরাপত্তানীতি কার্যকর করা সহজ হয়।
কিন্তু নিউইয়র্ক সিটি পাবলিক স্কুল এবং লস অ্যাঞ্জেলেস ইউনিফায়েড স্কুল ডিস্ট্রিক্ট শিক্ষার্থীদের জেনারেটিভ এআই ব্যবহার নিষিদ্ধ করেছে। ফলে গুগলের শিক্ষা প্ল্যাটফর্মের অন্যান্য সুবিধা অক্ষুণ্ন রেখে শুধু জেমিনি বন্ধ রাখা কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য এক বছরের জেনারেটিভ এআই নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়েছেন। গুগলের বিরুদ্ধে একচেটিয়া বাজারক্ষমতা ব্যবহার করে সরকারি স্কুলগুলোতে এআই ব্যবহারে চাপ সৃষ্টির অভিযোগও তুলেছেন তিনি।
শিশুদের নিরাপত্তার বাইরেও প্রতিযোগিতার প্রশ্ন
বিতর্কটি শুধু শিশুদের অনলাইন নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে প্রযুক্তি বাজারে প্রতিযোগিতার ভারসাম্যের বিষয়টিও জড়িত।
গুগলের নতুন নীতির কারণে স্কুলগুলোকে হয় শিক্ষার্থীদের জন্য জেনারেটিভ এআই ব্যবহারের সুযোগ দিতে হবে, নয়তো সার্চ সুবিধা নিশ্চিত করতে বিকল্প হার্ডওয়্যার ও সফটওয়্যার খুঁজতে হবে। এতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রযুক্তি ব্যবস্থাপনায় বাড়তি ব্যয় ও জটিলতা তৈরি হতে পারে।
ফলে শিক্ষার্থীদের নিরাপত্তা, স্কুলের প্রযুক্তি ব্যবহারের স্বাধীনতা এবং প্রযুক্তি বাজারে প্রতিযোগিতা—এই তিনটি বিষয়কে ঘিরেই গুগলের শ্রেণিকক্ষভিত্তিক এআই সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বিতর্ক আরও গভীর হচ্ছে।












