বিশ্বের অন্যতম বৃহৎ ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্ল্যাটফর্ম বিন্যান্সে ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরির ঘটনা ডিজিটাল সম্পদ খাতের সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। উত্তর কোরিয়ার একটি দক্ষ হ্যাকার গোষ্ঠীর চালানো এই হামলা ক্রিপ্টোকারেন্সি খাতের দীর্ঘদিনের একটি দুর্বলতা সামনে এনেছে। বিশেষজ্ঞদের মতে, কোনো প্রতিষ্ঠানের মাত্র একজন কর্মীর কম্পিউটার বা প্রবেশসংক্রান্ত তথ্য হাতিয়ে নিতে পারলেই হ্যাকাররা পুরো ব্যবস্থায় ঢোকার সুযোগ পেতে পারে।
গত ২৯ অক্টোবরের এই চুরিকে এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি চুরির ঘটনা হিসেবে বর্ণনা করেছেন বিশেষজ্ঞরা। বিন্যান্সের প্রাথমিক তদন্ত অনুযায়ী, কয়েক মাস ধরে পরিকল্পনা ও প্রস্তুতির পর মাত্র কয়েক মিনিটের মধ্যেই হামলাটি সম্পন্ন হয়।
একজন কর্মীর তথ্যেই বড় বিপর্যয়ের আশঙ্কা
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এই হামলা শুধু কর্মীদের সামাজিক প্রকৌশলভিত্তিক প্রতারণা থেকে সুরক্ষিত রাখার সক্ষমতা নিয়েই প্রশ্ন তুলছে না, বরং কর্মীর কম্পিউটার বা প্রবেশসংক্রান্ত তথ্য হ্যাকারদের হাতে চলে গেলে তাদের কার্যক্রম সীমিত করার মতো অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা কতটা কার্যকর, সেই প্রশ্নও সামনে এনেছে।
ব্লকচেইন নিরাপত্তা প্রতিষ্ঠান ওপেনজেপেলিনের প্রধান প্রযুক্তি কর্মকর্তা জোনাথন আলেকজান্ডার বলেন, ক্রিপ্টোকারেন্সি খাতে সামাজিক প্রকৌশলভিত্তিক হামলার ঝুঁকি আগে থেকেই পরিচিত। কিন্তু বড় প্রশ্ন হলো, কোনো প্রকৌশলীর কম্পিউটার হ্যাক হওয়ার পরও আক্রমণকারীরা যাতে আরও বেশি প্রবেশাধিকার অর্জন করতে এবং সম্পদ সরিয়ে নিতে না পারে, সে জন্য বিনিময় প্রতিষ্ঠানগুলো কেন আরও শক্তিশালী অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থা ও জরুরি নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তুলছে না।
তাঁর মতে, লেনদেনের পরিমাণের সীমা নির্ধারণ, অস্বাভাবিক ব্যয়ের ধরন শনাক্ত করা এবং স্বয়ংক্রিয় পর্যালোচনার মতো ব্যবস্থা নিরাপত্তা জোরদার করতে পারে। কিন্তু ক্রিপ্টোকারেন্সি খাতের কিছু সমর্থক এসব নিয়ন্ত্রণকে ব্লকচেইনের বিকেন্দ্রীভূত দর্শন এবং ব্যক্তিগত গোপনীয়তার পরিপন্থী বলে মনে করেন।
আলেকজান্ডারের মতে, নিরাপত্তা নিয়ন্ত্রণ আর লেনদেনে অযাচিত হস্তক্ষেপ এক বিষয় নয়। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বিকেন্দ্রীকরণের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেও সম্পদ সুরক্ষিত রাখা সম্ভব।
২০২১ সাল থেকে চুরি ২২৩০ কোটি ডলারের বেশি
ব্লকচেইন বিশ্লেষণ প্রতিষ্ঠান চেইনঅ্যানালাইসিসের তথ্য অনুযায়ী, ২০২১ সাল থেকে বড় ধরনের ক্রিপ্টোকারেন্সি হ্যাকিংয়ের ঘটনায় ২২৩০ কোটি ডলারের বেশি অর্থ চুরি হয়েছে।
এ ধরনের বিপুল ক্ষয়ক্ষতির কারণে ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তাব্যবস্থা, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং লেনদেন পর্যবেক্ষণের জন্য অভিন্ন মানদণ্ড তৈরির দাবি জোরালো হচ্ছে।
আলেকজান্ডার মনে করেন, ভবিষ্যতে সাইবার নিরাপত্তার প্রত্যাশিত মান এবং বিনিয়োগকারীদের সুরক্ষাসংক্রান্ত বাধ্যবাধকতা আরও স্পষ্ট ও একীভূত হতে পারে। বিন্যান্সের ঘটনা এ ধরনের পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরেছে।
হ্যাকারদের কাছে কেন আকর্ষণীয় ক্রিপ্টো বিনিময় প্রতিষ্ঠান
বিশেষজ্ঞদের মতে, ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্রতিষ্ঠানগুলো হ্যাকারদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়। কারণ, এসব প্রতিষ্ঠানের ডিজিটাল ওয়ালেটে বিপুল পরিমাণ অর্থ থাকে, যা দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া সম্ভব। পাশাপাশি কোন কর্মীরা এসব সম্পদ নিয়ন্ত্রণকারী ব্যবস্থায় প্রবেশ করতে পারেন, সেটিও অনেক ক্ষেত্রে শনাক্ত করা যায়।
এ কারণে প্রকৌশলী ও তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মীরা জটিল সামাজিক প্রকৌশলভিত্তিক হামলার প্রধান লক্ষ্য হয়ে উঠছেন।
ব্লকচেইন ও ডিজিটাল সম্পদ নিরাপত্তা প্রতিষ্ঠান প্রজেক্ট ইলেভেনের প্রধান নির্বাহী অ্যালেক্স প্রুডেন বলেন, সাইবার নিরাপত্তার ক্ষেত্রে প্রতিরক্ষাকারীরা মৌলিকভাবেই অসুবিধাজনক অবস্থানে থাকেন। কারণ, আক্রমণকারীদের সফল হতে হয় মাত্র একবার, কিন্তু প্রতিরক্ষাকারীদের প্রতিবারই হামলা ঠেকাতে হয়।
তিনি বলেন, বর্তমান হুমকির ধরন মোকাবিলায় প্রচলিত সাইবার নিরাপত্তা পদ্ধতিগুলো যথেষ্ট নয়। এ খাতের নিরাপত্তাকর্মীদের প্রতিনিয়ত আক্রমণের মুখে কাজ করতে হয়।
প্রুডেনের ধারণা, বিন্যান্সের ঘটনায় ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠানগুলো সাইবার নিরাপত্তায় বিনিয়োগ বাড়াবে। বিশেষ করে অভ্যন্তরীণ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সরঞ্জাম ও স্বয়ংক্রিয় ব্যবস্থার নিরাপত্তা জোরদার করার প্রয়োজনীয়তা বাড়বে। এসব ব্যবস্থাও হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে গেলে আক্রমণের সক্ষমতা আরও বেড়ে যেতে পারে।
যুক্তরাষ্ট্রে নেই অভিন্ন সাইবার নিরাপত্তা নীতিমালা
ক্রিপ্টোকারেন্সি খাতের নিরাপত্তাব্যবস্থার অসমতা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক কাঠামোর মধ্যেও প্রতিফলিত হয়েছে। ব্যাংকগুলোর মতো দেশটির ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্রতিষ্ঠানগুলোর জন্য একক ফেডারেল সাইবার নিরাপত্তা নীতিমালা নেই। বরং প্রতিষ্ঠানগুলো কোন অঙ্গরাজ্যে কার্যক্রম পরিচালনা করছে এবং কোথায় লাইসেন্স নিয়েছে, তার ওপর নিরাপত্তাসংক্রান্ত শর্ত নির্ভর করে।
নিউইয়র্ক অঙ্গরাজ্যে এ খাতের জন্য তুলনামূলক কঠোর নিয়ম রয়েছে। অঙ্গরাজ্যটির আর্থিক পরিষেবা বিভাগ লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে সাইবার নিরাপত্তা কর্মসূচি চালু, বহুমাত্রিক পরিচয় যাচাইব্যবস্থা ব্যবহার এবং একজন প্রধান তথ্য নিরাপত্তা কর্মকর্তা নিয়োগের বাধ্যবাধকতা দিয়েছে।
অন্যদিকে, অনেক অঙ্গরাজ্যে ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠানগুলো মূলত অর্থ স্থানান্তরসংক্রান্ত লাইসেন্সের নিয়মের আওতায় পরিচালিত হয়। এসব নিয়মে প্রতিষ্ঠানগুলোকে সাইবার নিরাপত্তা কর্মসূচির তথ্য নিয়ন্ত্রক সংস্থাকে দিতে এবং পরিদর্শনের মুখোমুখি হতে হয়। তবে এনক্রিপশন ব্যবস্থার মতো নির্দিষ্ট প্রযুক্তিগত নিরাপত্তামান অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়নি।
এ ছাড়া অনেক ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের বাইরে কার্যক্রম পরিচালনা করে। ফলে আন্তর্জাতিক পর্যায়ে অভিন্ন নিরাপত্তামান প্রতিষ্ঠার বিষয়টিও জটিল হয়ে উঠেছে।
বিন্যান্সে হামলার পর ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে নিজেদের নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং পারস্পরিক তথ্য বিনিময় বাড়ানোর উদ্যোগ নিয়েছে বলে ৩০ অক্টোবর রয়টার্স জানিয়েছিল। তবে বিশেষজ্ঞদের মতে, বিচ্ছিন্ন উদ্যোগের পরিবর্তে সমন্বিত নিরাপত্তাব্যবস্থা ও কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা না হলে এ খাতে বড় ধরনের সাইবার হামলার ঝুঁকি থেকেই যাবে।












