গাজা উপত্যকায় শীতকালীন ত্রাণ প্রবেশে বিলম্ব এবং ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা পরিস্থিতি নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর দাবি, গাজার মানবিক সংকটের জন্য ইসরায়েলের পরিবর্তে হামাসের কর্মকাণ্ড দায়ী।
গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে গাজার বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী তাঁবু প্লাবিত হয়েছে। অনেক তাঁবু বৃষ্টির পানির স্রোতে ভেসে গেছে। এতে আগে থেকেই সংকটের মধ্যে থাকা উপত্যকাটির বাসিন্দাদের দুর্ভোগ আরও বেড়েছে।
শীতকালীন ত্রাণে বিলম্বের অভিযোগ
যুক্তরাষ্ট্রের উদ্যোগে গঠিত ‘বোর্ড অব পিস’ সোমবার এক বিবৃতিতে জানায়, গাজায় শীতকালীন ত্রাণ প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলের বিলম্ব একটি পূর্বানুমেয় মানবিক সংকটের পরিণতি আরও ভয়াবহ করেছে।
বিবৃতিতে বলা হয়, পরিস্থিতি এখন আর কেবল আসন্ন শীতের সম্ভাব্য ঝুঁকির মধ্যে সীমাবদ্ধ নেই। এটি তাৎক্ষণিক মানবিক জরুরি অবস্থায় পরিণত হয়েছে।
২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতি বাস্তবায়নের দায়িত্ব পালন করছে বোর্ড অব পিস। সংস্থাটি জানিয়েছে, শীত ও মৌসুমি বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতির প্রয়োজনীয়তা সম্পর্কে ইসরায়েলকে আগেই সতর্ক করা হয়েছিল।
সংকটের দায় হামাসের ওপর চাপালেন নেতানিয়াহু
বোর্ড অব পিসের অভিযোগের জবাবে নেতানিয়াহু বলেছেন, হামাস নিরস্ত্রীকরণে অস্বীকৃতি জানাচ্ছে এবং সামরিক কাজে ব্যবহারের জন্য মানবিক সহায়তা জব্দ করছে।
তবে মানবিক সহায়তা জব্দ করার অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজায় এ পর্যন্ত আট হাজার ২০০টির বেশি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এসব ট্রাকে বিভিন্ন ধরনের সহায়তার পাশাপাশি ৯১ হাজার তাঁবুও ছিল বলে দাবি করেছে তারা।
বোর্ড অব পিস ইসরায়েলের নেওয়া এসব পদক্ষেপের কথা স্বীকার করলেও জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় তা যথেষ্ট নয়। একই সঙ্গে যুদ্ধবিরতির আওতায় দেওয়া প্রতিশ্রুতি মেনে চলতে হামাসের প্রতিও আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বৃষ্টিতে ভেসে গেছে হাজার হাজার তাঁবু
গাজায় গত দুই দিনের ভারী বৃষ্টিতে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল ক্ষতিগ্রস্ত হয়েছে। হামাস পরিচালিত গাজার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বন্যায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।
উপত্যকাটির প্রায় পুরো জনগোষ্ঠীই যুদ্ধের কারণে অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছে। ফলে অনেক পরিবার এখন অস্থায়ী তাঁবুতে বসবাস করছে। এসব তাঁবুতে বৃষ্টির পানি ঢুকে পড়ায় আশ্রয়, খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রীর সংকট আরও তীব্র হয়েছে।
গাজার সব প্রবেশপথ নিয়ন্ত্রণ করে ইসরায়েল। ফলে শীতকালীন ত্রাণ ও জরুরি মানবিক সহায়তা প্রবেশের বিষয়টি ইসরায়েলের অনুমতির ওপর নির্ভরশীল। বন্যা ও শীতের সম্মিলিত প্রভাবে উপত্যকাটির মানবিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।












