রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঘুরে ঘুরে সরাসরি ভিডিও সম্প্রচার করতেন একদল চীনা নাগরিক। তাঁদের ক্যামেরা থেকে বাদ পড়ত না এলাকার অলিগলি, সাধারণ মানুষের বাড়িঘর, রাস্তা কিংবা স্থানীয় বাসিন্দারা। এসব ভিডিওতে উত্তরার বিভিন্ন স্থানকে ভারতের রাজধানী নয়াদিল্লি হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি বাংলাদেশের মানুষের জীবনযাপন নিয়েও নানা নেতিবাচক মন্তব্য করা হতো। তবে গত ৭ নভেম্বরের পর থেকে তাঁদের আর উত্তরার বিভিন্ন এলাকায় ভিডিও ধারণ বা সরাসরি সম্প্রচার করতে দেখা যাচ্ছে না।
গত ১১ নভেম্বর উত্তরার ১২ নম্বর সেক্টর, টেকপাড়া ও আশপাশের এলাকায় ঘুরে কোনো চীনা নাগরিককে ভিডিও ধারণ করতে দেখা যায়নি। স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন, কয়েক দিন ধরে তাঁদের এলাকায় চীনা নাগরিকদের আনাগোনা চোখে পড়ছে না।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আগে প্রতিদিন অসংখ্য চীনা নারী-পুরুষ উত্তরার বিভিন্ন এলাকায় ঘুরে ভিডিও ধারণ করতেন। বিশেষ করে টেকপাড়া ও ১২ নম্বর সেক্টরের খালের পাশের সেতু এলাকায় তাঁদের নিয়মিত দেখা যেত।
টেকপাড়ার বাসিন্দা মোহাম্মদ সেলিম জানান, অসুস্থতার কারণে দুই দিন ধরে তিনি বাড়িতে থাকলেও এলাকায় চীনা নাগরিকদের আসতে দেখেননি। আগে প্রতিদিন কতজন চীনা নারী-পুরুষ ভিডিও করতে আসতেন, তার হিসাব রাখা কঠিন ছিল।
খালের ওপর সেতুর পাশে রিকশাচালক ইমামুল ইসলাম বলেন, সেতুটি একসময় চীনা নাগরিকদের ভিডিও ধারণের অন্যতম জায়গা ছিল। দিন-রাত তাঁরা সেখানে ভিডিও করতেন। রিকশাচালক ও যাত্রীদেরও ক্যামেরায় ধারণ করতেন। তবে বেশ কিছুদিন ধরে তাঁদের আর দেখা যাচ্ছে না।
উত্তরা পশ্চিম থানা সূত্র জানায়, গণমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চীনা নাগরিকদের কার্যক্রমের ওপর নজরদারি বাড়ায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁদের চলাফেরা ও কর্মকাণ্ড পর্যবেক্ষণ শুরু করেন।
এ সময় কয়েকজন চীনা নাগরিকের কাছে ভিসা ও পাসপোর্ট দেখতে চাওয়া হয়। পর্যটক ভিসায় বাংলাদেশে অবস্থান করে কেন তাঁরা এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছেন, সে বিষয়েও তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি ভিসার মেয়াদ শেষ হলে দেশে ফিরে যাওয়ার নির্দেশনাও দেওয়া হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপের পর চীনা নাগরিকদের তৎপরতা কমেছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁদের ওপর নজর রাখছেন। বিভিন্ন সংস্থার মাধ্যমেও তাঁদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।
বাংলাদেশ থেকে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ
বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ ওঠা চীনা ভ্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়েছে ভারত।
গত ১০ নভেম্বর নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে কথা বলেন।
তিনি জানান, বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো ভারত সরকারের নজরেও এসেছে। তাঁর মতে, এক দেশের ভূখণ্ড ব্যবহার করে অন্য দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা উভয় দেশের জন্যই দুর্ভাগ্যজনক।
এ ধরনের মিথ্যা বয়ান তৈরি ও প্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের নিজেদের দেশের বিশ্বাসযোগ্যতার বিষয়টিও বিবেচনায় রাখা উচিত বলে মন্তব্য করেন তিনি।
রণধীর জয়সওয়াল বলেন, যারা সরাসরি এসব কর্মকাণ্ডে যুক্ত এবং যাঁরা এর পেছনে রয়েছেন, উভয় পক্ষই দায়ী। তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কোনো দেশের বিকৃত চিত্র তুলে ধরার এমন প্রচেষ্টা সমর্থনযোগ্য নয় বলেও জানান তিনি।
ভিডিওতে বাংলাদেশকে যেভাবে তুলে ধরতেন তাঁরা
কয়েক মাস ধরে উত্তরার বিভিন্ন এলাকায় অবস্থান করে চীনা নাগরিকেরা নিজেদের ভাষায় সরাসরি ভিডিও সম্প্রচার করছিলেন। তাঁদের বক্তব্য স্থানীয় বাসিন্দাদের পক্ষে বোঝা সম্ভব ছিল না। কেউ কথা বলতে এগিয়ে গেলেও অনেক সময় তাঁরা এড়িয়ে যেতেন।
তবে কয়েকজন চীনা নাগরিকের সরাসরি সম্প্রচারের বক্তব্য গুগল ট্রান্সলেটের মাধ্যমে অনুবাদ করে চীনা ভাষায় দক্ষ চারজন বাংলাদেশির সহায়তায় যাচাই করা হয়।
এসব বক্তব্য বিশ্লেষণে দেখা যায়, উত্তরায় অবস্থান করে ভিডিও ধারণ করলেও কয়েকজন নিজেদের অবস্থান ভারতের রাজধানী নয়াদিল্লি বলে পরিচয় দিতেন। বাংলাদেশের মানুষকে দরিদ্র এবং নোংরা ও স্যাঁতসেঁতে পরিবেশে বসবাসকারী হিসেবে উপস্থাপন করতেন কেউ কেউ। আবার কয়েকজন বাংলাদেশি পুরুষের অর্থ ব্যয়ের অভ্যাস নিয়েও নেতিবাচক মন্তব্য করতেন।
কয়েকজন চীনা নারী সরাসরি সম্প্রচারে দাবি করেন, তাঁরা ভারতে বিয়ে করার পর স্বামী ও পরিবারের সঙ্গে এখানে বসবাস করছেন।
গত ১ নভেম্বর মিয়ানমিয়ান নামের এক চীনা নারী উত্তরার ১২ নম্বর সেক্টরের খালের পাড় থেকে টেকপাড়া এলাকার দৃশ্য দেখিয়ে সরাসরি সম্প্রচার করেন। তিনি নিজের পরিচয় দেন চীনের সিচুয়ান প্রদেশের বাসিন্দা হিসেবে।
ভিডিওতে তিনি ওই এলাকাকে নয়াদিল্লি বলে পরিচয় করিয়ে দেন। সেখানকার বাড়িঘরকে অত্যন্ত নোংরা বলে মন্তব্য করেন। টিনের চালার ঘরে পাখা নেই বলেও উল্লেখ করেন। এলাকাটিকে অনুন্নত, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর হিসেবে বর্ণনা করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নেতিবাচক মন্তব্য করেন। ভারতের মানুষের শৌচাগার ব্যবহারের ধরন নিয়েও কথা বলেন।
চা নিয়েও অবমাননাকর মন্তব্য
টেকপাড়ার একটি ছোট সেতুর দুই পাশে রয়েছে কয়েকটি চায়ের দোকান। সেখানে ভিডিও ধারণ করছিলেন ওয়াং ওয়েই নামের আরেক চীনা নাগরিক।
সরাসরি সম্প্রচারে তাঁকে বলতে শোনা যায়, স্থানীয় লোকজন যে চা পান করছেন, সেটি নাকি গরুর মূত্র দিয়ে তৈরি। তিনি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে আরও দাবি করেন, নদীর নোংরা পানি দিয়ে ওই চা তৈরি করা হচ্ছে।
এ ছাড়া স্থানীয় মানুষের জীবনযাপনকে অত্যন্ত অস্বাস্থ্যকর বলেও মন্তব্য করেন তিনি।
তবে চীনা নাগরিকদের সব ভিডিওতেই বাংলাদেশের প্রতি নেতিবাচক মন্তব্য ছিল না। কিছু ভিডিওতে তাঁদের বাংলাদেশের বিষয়ে ইতিবাচক কথাও বলতে শোনা গেছে।












