টেকনো, ইনফিনিক্স ও আইটেল মোবাইল ফোনের মালিক চীনা প্রতিষ্ঠান ট্রানশন হোল্ডিংস বাংলাদেশে বৈদ্যুতিক যান (ইভি), ব্যাটারি ও মোবাইল ফোন তৈরির কারখানা করতে চায়। এ জন্য তারা ৫০ একর জমি চেয়েছে। সরকার প্রতিষ্ঠানটিকে ঢাকার ডেমরায় রাষ্ট্রায়ত্ত করিম জুট মিলসের জমি দীর্ঘমেয়াদি ইজারা বা যৌথ অংশীদারত্বে দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে কর্মকর্তারা বলছেন, সেখানে জমি আছে প্রায় ২৫ একর, যা প্রতিষ্ঠানটির চাওয়ার অর্ধেক।
ট্রানশনের পরিকল্পনায় আছে বৈদ্যুতিক তিন চাকার যান, লিথিয়ামসহ বিভিন্ন ধরনের ব্যাটারি এবং মোবাইল ফোন ও আনুষঙ্গিক পণ্য তৈরি। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জর্জ ঝুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল এখন ঢাকায়। গত ৮ নভেম্বর তিনি বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেন। প্রতিনিধিদলটি করিম জুট মিলসের জমিও ঘুরে দেখেছে। প্রস্তাবিত প্রকল্পে কত টাকা বিনিয়োগ হবে, তা এখনো জানা যায়নি।
প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা জানান, ট্রানশন রপ্তানির বিপরীতে নগদ প্রণোদনাও চেয়েছে। এ বিষয়ে সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি। তবে বিদ্যমান নীতিমালা অনুযায়ী বিদেশি বিনিয়োগকারীদের জন্য কর অবকাশসহ অন্যান্য সুবিধা পাবে বলে প্রতিষ্ঠানটিকে জানানো হয়েছে। চলতি অর্থবছরের বাজেটে বেশি স্থানীয় মূল্য সংযোজন করা বৈদ্যুতিক তিন ও চার চাকার যান নির্মাতাদের কাঁচামাল আমদানিতে ৩ শতাংশ শুল্ক ছাড়া সব শুল্ক-কর মওকুফ করা হয়েছে। লিথিয়াম-আয়ন ও সোডিয়াম-আয়ন ব্যাটারির কাঁচামালে শুল্ক ছাড় ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
বাংলাদেশে ট্রানশন নতুন নয়। ২০২৩ সালের মে মাসে নারায়ণগঞ্জের মেঘনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে প্রতিষ্ঠানটি প্রায় ২ কোটি ২০ লাখ ডলার বিনিয়োগে মোবাইল ফোন কারখানা চালু করে। ২২ হাজার বর্গমিটারের বেশি জায়গাজুড়ে এই কারখানায় মাসে প্রায় ১০ লাখ স্মার্টফোন ও ফিচার ফোন তৈরির সক্ষমতার কথা জানানো হয়েছিল, সঙ্গে ২ হাজারের বেশি কর্মসংস্থানের পরিকল্পনা। ২০২৩ সালের এক বাজার বিশ্লেষণে দেশের স্মার্টফোন বাজারের প্রায় ৪১ শতাংশ ছিল ট্রানশনের তিন ব্র্যান্ডের দখলে।
দেশে সৌরবিদ্যুতের প্রসার ও ইজিবাইকের চাহিদা বাড়ায় ব্যাটারি ও ইভি তৈরির কারখানা হলে আমদানিনির্ভরতা কমবে, নতুন কর্মসংস্থানও তৈরি হবে। তবে জমির ঘাটতি ও নগদ প্রণোদনার দাবি নিয়ে সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে ট্রানশনের এই বিনিয়োগ শেষ পর্যন্ত বাংলাদেশে আসবে কি না।












