মহাকাশযানকে সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য করার উচ্চাভিলাষী পরীক্ষায় নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স। বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট স্টারশিপের সর্বশেষ পরীক্ষামূলক উড্ডয়নে প্রথমবারের মতো উৎক্ষেপণ টাওয়ারের যান্ত্রিক বাহু দিয়ে রকেটের নিচের অংশ বা সুপার হেভি বুস্টার ধরার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত সেই প্রচেষ্টা বাতিল করা হয়। নিরাপত্তার স্বার্থে বুস্টারটিকে সমুদ্রে নামিয়ে দেওয়া হয়। নামার সময় সেটিতে আগুন ধরে যায়।
তবে পরীক্ষার অন্য অংশ সফলভাবে এগিয়েছে। রকেটের ওপরের অংশ ‘শিপ’ মহাকাশে যাত্রা অব্যাহত রেখেছে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, সেটি ২৬টি স্যাটেলাইট কক্ষপথে স্থাপনের কাজ করছে। এরপর পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ করে উৎক্ষেপণের প্রায় ২২ ঘণ্টা ৩০ মিনিট পর ফিরে আসার কথা রয়েছে।
১২৪ মিটার উচ্চতার রকেট, প্রথম ধাপেই বাধা
শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বোকা চিকায় স্পেসএক্সের স্টারবেস উৎক্ষেপণকেন্দ্র থেকে স্টারশিপের যাত্রা শুরু হয়। ১২৪ মিটার উচ্চতার এই রকেট উৎক্ষেপণের প্রায় সাড়ে ছয় মিনিট পর সুপার হেভি বুস্টারকে আবার উৎক্ষেপণ টাওয়ারের কাছে ফিরিয়ে আনার পরিকল্পনা ছিল।

এ সময় টাওয়ারে স্থাপিত বিশাল যান্ত্রিক বাহু দিয়ে বুস্টারটিকে ধরে ফেলার কথা। বাহুগুলো দেখতে অনেকটা চপস্টিকের মতো হওয়ায় এগুলোকে বলা হয় ‘চপস্টিক আর্ম’।
কিন্তু পরিকল্পনা অনুযায়ী পরিস্থিতি না এগোনোয় বুস্টার ধরার চেষ্টা বাতিল করা হয়। পরে সেটিকে সমুদ্রের দিকে পাঠানো হয়।
উৎক্ষেপণের সরাসরি সম্প্রচারে স্পেসএক্সের এক মুখপাত্র বলেন, নিরাপত্তাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমন কিছু প্রযুক্তিগত কৌশল পরীক্ষা করা হচ্ছে, যা আগে কখনো এই যানগুলোতে প্রয়োগ করা হয়নি। তাই প্রতিটি পদক্ষেপ নিরাপদে সম্পন্ন করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এবার শিপকে ধরার অপেক্ষা
সুপার হেভি বুস্টারকে ধরার চেষ্টা বাতিল হলেও স্টারশিপের ওপরের অংশ শিপের অভিযান অব্যাহত রয়েছে। এর মাধ্যমে ২৬টি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হচ্ছে। এগুলো স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্কের অংশ হবে, যা মহাকাশ থেকে উচ্চগতির ইন্টারনেট সেবা দেয়।
এবারের পরীক্ষায় শিপকে প্রথমবারের মতো উৎক্ষেপণ টাওয়ারের যান্ত্রিক বাহু দিয়ে ধরে ফেলার সম্ভাবনাও রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে মহাকাশে থাকা অবস্থায় যানটির অবস্থা সতর্কতার সঙ্গে পরীক্ষা করবে স্পেসএক্স।
কোনো ধরনের ত্রুটি দেখা গেলে নির্দিষ্ট কয়েকটি পর্যায়ে শিপকে সমুদ্রে নামিয়ে দেওয়ার বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে।
এর আগে তিনটি পরীক্ষামূলক উড্ডয়নে স্পেসএক্স সুপার হেভি বুস্টারকে সফলভাবে উৎক্ষেপণ টাওয়ারে ফিরিয়ে ধরতে পেরেছিল। কিন্তু শিপের ক্ষেত্রে এমন সাফল্য এখনো আসেনি। সেপ্টেম্বর মাসে প্রথমবারের মতো কক্ষপথে পৌঁছানোর পর থেকে এর প্রতিটি প্রত্যাবর্তন সমুদ্রে অবতরণের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
পুনর্ব্যবহারযোগ্য রকেট বদলে দিতে পারে মহাকাশ অর্থনীতি

স্টারশিপকে সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য রকেটে পরিণত করা স্পেসএক্সের দীর্ঘদিনের লক্ষ্য। ২০১৫ সালে প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো ফ্যালকন-৯ রকেটের বুস্টারকে উল্লম্বভাবে অবতরণ করাতে সক্ষম হয়।
বর্তমানে ফ্যালকন-৯ বছরে শতাধিকবার মহাকাশে উড্ডয়ন করে। রকেটের নিচের অংশ পুনর্ব্যবহারের ফলে উৎক্ষেপণ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হয়েছে।
তবে পুরো স্টারশিপকে ফিরিয়ে এনে আবার ব্যবহার করতে পারলে মহাকাশযাত্রার ব্যয় আরও কমানোর সুযোগ তৈরি হবে।
রয়্যাল অ্যারোনটিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ম্যালকম ম্যাকডোনাল্ডের মতে, সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য রকেট মহাকাশে প্রবেশের অর্থনীতি মৌলিকভাবে বদলে দিতে পারে। তবে একটি সফল উড্ডয়নই এই ব্যবসায়িক মডেলের কার্যকারিতা প্রমাণ করবে না। বরং এটি হবে স্টারশিপের প্রযুক্তিগত সক্ষমতা প্রদর্শন থেকে নিয়মিত পরিচালনার সক্ষমতা অর্জনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি।
চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনায় স্টারশিপ গুরুত্বপূর্ণ
স্টারশিপের অগ্রগতির ওপর বিশেষ নজর রাখছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। কারণ ২০২৮ সালে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনায় এই রকেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নাসার সঙ্গে চুক্তি অনুযায়ী, স্পেসএক্স স্টারশিপের শিপ অংশকে চন্দ্রযানে রূপান্তর করবে। এর মাধ্যমে ভবিষ্যতে নভোচারীদের চাঁদের পৃষ্ঠে নামানোর পরিকল্পনা রয়েছে।
তবে এই প্রকল্পে স্পেসএক্স একা নয়। জেফ বেজোসের প্রতিষ্ঠান ব্লু অরিজিনও নাসার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। তাদের নিউ গ্লেন রকেট ও চন্দ্রযান ব্যবহার করেও চাঁদে অবতরণের পরিকল্পনা রয়েছে।
২০২৭ সালের গ্রীষ্মে নির্ধারিত আর্টেমিস-৩ অভিযানে চার নভোচারী নাসার ওরিয়ন মহাকাশযান থেকে স্পেসএক্স ও ব্লু অরিজিনের চন্দ্রযানের সঙ্গে সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন।
চীনকে ঘিরে বাড়ছে মহাকাশ প্রতিযোগিতা
নাসার সময়সূচি বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। স্টারশিপের উন্নয়ন স্পেসএক্সের প্রাথমিক পরিকল্পনার তুলনায় ধীরগতিতে এগোচ্ছে। অন্যদিকে ব্লু অরিজিনও বড় ধরনের প্রযুক্তিগত বাধার মুখে পড়েছে। চলতি বছরের শুরুতে তাদের একটি রকেট বিস্ফোরিত হয়ে ফ্লোরিডায় উৎক্ষেপণকেন্দ্রের ব্যাপক ক্ষতি হয়। প্রতিষ্ঠানটি ২০২৬ সালের শেষ নাগাদ আবার উড্ডয়ন শুরুর আশা করলেও তা পিছিয়ে ২০২৭ সালের শুরুর দিকে নেওয়া হয়েছে।
নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান বলেছেন, চাঁদে মানুষ পাঠানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা চলছে। চীন ২০৩০ সালের মধ্যে নিজস্ব নভোচারীদের চাঁদের পৃষ্ঠে পাঠানোর পরিকল্পনা করছে।
এ অবস্থায় স্টারশিপের প্রযুক্তিগত অগ্রগতি শুধু স্পেসএক্সের বাণিজ্যিক সাফল্যের বিষয় নয়; চাঁদে মানুষের প্রত্যাবর্তন এবং মহাকাশে যুক্তরাষ্ট্রের অবস্থান ধরে রাখার ক্ষেত্রেও এর গুরুত্ব বাড়ছে।












