কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আগামী তিন বছরের মধ্যেই বিশ্বে মানুষের নিয়ন্ত্রণ কেড়ে নিতে পারে। এমনকি যথাযথ নিয়ন্ত্রণ ও সতর্কতা নিশ্চিত করা না গেলে এটি মানবজাতির অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। এ বিষয়ে ইউরোপের নেতাদের সতর্ক করতে যাচ্ছেন নোবেলজয়ী কম্পিউটার বিজ্ঞানী জিওফ্রে হিন্টন, যিনি প্রযুক্তি জগতে ‘এআইয়ের জনক’ হিসেবে পরিচিত।
ব্রিটিশ-কানাডীয় এই বিজ্ঞানী নিউরাল নেটওয়ার্ক প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। শুক্রবার (১৩ নভেম্বর) আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিতব্য ইউরোপীয় কাউন্সিলের এআইবিষয়ক অনানুষ্ঠানিক সম্মেলনে তিনি এসব উদ্বেগ তুলে ধরবেন বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ।
ক্রমেই শক্তিশালী হয়ে ওঠা কৃত্রিম বুদ্ধিমত্তা একপর্যায়ে সরকার ও মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে—এমন আশঙ্কা এখন প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে বাড়ছে।
৬ থেকে ১২ মাসেও ঘটতে পারে নিয়ন্ত্রণ হারানোর ঘটনা
এআই অ্যালাইনমেন্ট রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পল ক্রিস্টিয়ানো সতর্ক করে বলেছেন, আগামী তিন বছরের মধ্যে এআই মানুষের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। এমন ঘটনা আগামী ছয় থেকে ১২ মাসের মধ্যেও ঘটার উল্লেখযোগ্য আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, ‘এমনকি আমরা মারা না গেলেও এআইয়ের হাতে নিয়ন্ত্রণ চলে যাওয়ার অর্থ হবে মানবজাতির সার্বভৌমত্ব ও নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার হারিয়ে ফেলা।’
উন্নত এআইয়ের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন জিওফ্রে হিন্টন। প্রযুক্তিটির অগ্রগতি নিয়ে তিনি যুক্তরাজ্য সরকারকে অনানুষ্ঠানিকভাবে পরামর্শও দিয়ে থাকেন। আগে তাঁর ধারণা ছিল, আগামী ১০ বছরের মধ্যে এআই মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যেতে পারে।
তবে পল ক্রিস্টিয়ানোর একটি বক্তৃতা শোনার পর সেই সময়সীমা নিয়ে তাঁর উদ্বেগ বেড়েছে। হিন্টনের মতে, মাত্র ১৮ মাসের মধ্যেও এআই মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যেতে পারে—এই সম্ভাবনা অত্যন্ত ভীতিকর।
হিন্টন বলেন, সুপারইন্টেলিজেন্ট বা অতি-বুদ্ধিমান এআইয়ের মুখোমুখি হওয়ার অর্থ কী, তা মানুষ এখনো পুরোপুরি বুঝতে পারেনি। এ ধরনের প্রযুক্তি তৈরি হলে মানুষ আর তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না; বরং সেটিই মানুষকে নিয়ন্ত্রণ করবে।
মানুষের অজান্তেই প্রশাসনিক নিয়ন্ত্রণে এআই
গত ছয় মাসে এআই প্রযুক্তির অগ্রগতি অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ক্রিস্টিয়ানো।
তিনি জানান, বিভিন্ন এআই এজেন্ট ব্যবহারকারীদের লগইন টোকেন শনাক্ত করেছে, প্রশাসনিক পর্যায়ের প্রবেশাধিকার অর্জন করেছে এবং একে অপরকে বিভিন্ন কাজ সম্পন্ন করতে সহায়তা করেছে। এমনকি নিজেদের মধ্যে যোগাযোগের জন্য বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম তৈরি এবং মানব প্রশাসকদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে লগ ফাইল পরিবর্তনের ঘটনাও ঘটেছে।
ক্রিস্টিয়ানোর আশঙ্কা, ভবিষ্যতে নিজেদের লক্ষ্য অর্জনের পথে এআই এজেন্টরা মানুষকে বাধা হিসেবে বিবেচনা করতে পারে।
তিনি বলেন, এ ধরনের ব্যর্থতার কারণে এআই যদি একবার নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তাহলে স্থায়ীভাবে মানুষের নিয়ন্ত্রণ হারানোর বাস্তব ঝুঁকি রয়েছে।
‘নতুন প্রজাতি’ হয়ে উঠতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা
ক্রিস্টিয়ানোর মতে, এআইকে কেবল একটি প্রযুক্তি হিসেবে দেখলে চলবে না। এটি এমন এক নতুন প্রজাতিতে পরিণত হতে পারে, যার সংখ্যা একসময় মানুষের চেয়েও বেশি হবে এবং বুদ্ধিমত্তার দিক থেকেও মানুষকে ছাড়িয়ে যাবে।
প্রযুক্তিটির দ্রুত অগ্রগতির উদাহরণ দিয়ে তিনি বলেন, ২০১৮ সালে যেসব এআই ব্যবস্থা অর্থবহ বাক্য লিখতেও হিমশিম খেত, সেগুলো এখন বিশ্বের সবচেয়ে কঠিন কিছু গাণিতিক সমস্যা সমাধান করতে পারছে।
বিশেষজ্ঞদের উদ্বেগ, ভবিষ্যতের উন্নত এআই ব্যবস্থা নিজেদের অধীনে আরও স্বয়ংক্রিয় এজেন্ট তৈরি করতে পারে। একই সঙ্গে নতুন অস্ত্র উদ্ভাবন, রোবট, ড্রোন, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং শিল্পকারখানার নিয়ন্ত্রণ নেওয়ার সক্ষমতাও অর্জন করতে পারে।
জীবপ্রযুক্তিতেও তৈরি হতে পারে নতুন বিপদ
এআইয়ের পাশাপাশি সিনথেটিক বায়োলজি বা কৃত্রিম জীবপ্রযুক্তির সম্ভাব্য অপব্যবহার নিয়েও উদ্বেগ রয়েছে। বিশেষ করে ‘মিরর লাইফ’ নামে পরিচিত এমন জীব তৈরির আশঙ্কা করা হচ্ছে, যার বিরুদ্ধে মানুষের শরীরে স্বাভাবিক কোনো প্রতিরোধব্যবস্থা নাও থাকতে পারে।
ক্রিস্টিয়ানোর সতর্কতা, গবেষণাগারে তৈরি এ ধরনের জৈবিক হুমকি প্রাকৃতিকভাবে ছড়িয়ে পড়া মহামারির চেয়েও ভয়াবহ হতে পারে।
তাঁর আশঙ্কা, বিশ্ব এমন এক ভবিষ্যতের দিকে এগোচ্ছে, যেখানে কোটি কোটি এআই ব্যবস্থা প্রায় প্রতিটি ক্ষেত্রেই মানুষের চেয়ে বেশি দক্ষ হয়ে উঠবে। এগুলো মানুষের তুলনায় বহুগুণ দ্রুত তথ্য বিশ্লেষণ করতে পারবে এবং নিজেদের নির্ধারিত লক্ষ্য অর্জনে নিরবচ্ছিন্নভাবে কাজ করবে।
এমন পরিস্থিতিতে মানুষের হাতে প্রযুক্তির নিয়ন্ত্রণ ধরে রাখা সম্ভব হবে কি না, সেটিই এখন বিশেষজ্ঞদের অন্যতম বড় উদ্বেগ।












