এশিয়ার সংগীতজগতে নতুন এক প্রতিযোগিতার সূচনা হচ্ছে। ইউরোপের জনপ্রিয় সংগীত আয়োজন ইউরোভিশনের আদলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘ইউরোভিশন এশিয়া’। শনিবার (১৪ নভেম্বর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বসছে এই প্রতিযোগিতার প্রথম আসর। এতে অংশ নিচ্ছে এশিয়ার ১১টি দেশ। তবে ইউরোপীয় সংস্করণের মতো বিচিত্র পোশাক, অদ্ভুত মঞ্চসজ্জা কিংবা অতিরঞ্জিত পরিবেশনার বদলে এবারের আয়োজন কিছুটা সংযত ও সংগীতনির্ভর।
প্রতিযোগিতাটিতে অংশ নেওয়া দেশগুলোর শিল্পীরা নিজ নিজ দেশের সংগীতধারা, আধুনিক পপ, রক ও ব্যালাডের সমন্বয়ে আন্তর্জাতিক দর্শকদের সামনে নিজেদের তুলে ধরবেন। ইংরেজি গানের আধিপত্যও থাকছে। প্রায় অর্ধেক প্রতিযোগী আন্তর্জাতিক শ্রোতাদের কাছে পৌঁছাতে গানের কথায় ইংরেজি ব্যবহার করেছেন।
শিরোপার দৌড়ে মালয়েশিয়ার আইনা
প্রথম আসরের সম্ভাব্য বিজয়ী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন মালয়েশিয়ার সংগীতশিল্পী আইনা আবদুল। তাঁর গান ‘ব্লুয়েস্ট স্কাই’ ইতিমধ্যে ভক্ত ও সংগীতপ্রেমীদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে।
‘দ্য মাস্কড সিঙ্গার মালয়েশিয়া’ প্রতিযোগিতার সাবেক বিজয়ী আইনার গানটি শক্তিশালী কণ্ঠ, আবেগপূর্ণ সুর এবং স্ট্রিং বাদ্যযন্ত্রের ব্যবহারে তৈরি। প্রতিযোগিতার চূড়ান্ত পরিবেশনার তালিকায় তাঁকে রাখা হয়েছে একেবারে শেষ অবস্থানে। সাধারণত শেষ পরিবেশনার সুযোগকে প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
গানটির ভিডিওতে আগুনে ঘেরা সমুদ্রসৈকতের বিশাল আয়োজন থাকলেও সরাসরি মঞ্চ পরিবেশনায় তুলনামূলক সাধারণ সাজসজ্জা বেছে নিয়েছেন আয়োজকেরা।
ফিলিপাইনের নারী অধিকারভিত্তিক গান
সম্ভাব্য বিজয়ীদের তালিকায় রয়েছেন ফিলিপাইনের শিল্পী কারমেল। তাঁর গান ‘সোবরা-সোবরা’ নারীর আত্মমর্যাদা ও আত্মবিশ্বাসের বার্তা বহন করছে।
গানটিতে বলা হয়েছে, নারীরা প্রয়োজনের চেয়ে বেশি নন, আবার কমও নন। আধুনিক ফিলিপিনো পপসংগীতের সঙ্গে র্যাপের সমন্বয় গানটিকে আলাদা বৈশিষ্ট্য দিয়েছে। বিশেষ করে গানের মাঝের অংশে কারমেলের দ্রুত ও দৃঢ় কণ্ঠের পরিবেশনা দর্শকদের আকৃষ্ট করতে পারে।
অন্যদিকে লাওসের শিল্পী থিনলা অংশ নিচ্ছেন ‘বে’ গান নিয়ে। গানটির মূল আকর্ষণ বারবার ‘বে’ শব্দের পুনরাবৃত্তি এবং নাচের উপযোগী সুর। তুরস্কের সংগীতশিল্পী তারকানের জনপ্রিয় গানের সঙ্গে এর সুরের কিছুটা মিল রয়েছে।
আবেগী ব্যালাডে পিছিয়ে পড়ার আশঙ্কা
প্রতিযোগিতার কয়েকটি গান নিয়ে অবশ্য সংশয় রয়েছে। স্বাগতিক থাইল্যান্ডের সংগীতজুটি ম্যাং ও দাউ পরিবেশন করছেন ‘অ্যারোমা’। গানটি আবেগনির্ভর দ্বৈত সংগীত হলেও এর জটিল সংগীত কাঠামো দর্শকদের কতটা আকৃষ্ট করবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
কম্বোডিয়ার শিল্পী মোনেত্রেও ‘আই লেট ইউ গো’ শিরোনামের একটি আবেগী গান নিয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। তবে তিন মিনিটের মধ্যে গান শেষ করার নিয়ম থাকা সত্ত্বেও প্রথম ৩০ সেকেন্ডে তাঁর কণ্ঠ শোনা যায় না। ফলে সরাসরি পরিবেশনার সময় দর্শকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
মঙ্গোলিয়ার বেককে ঘিরে বিতর্ক
মঙ্গোলিয়ার প্রতিনিধি বেক। তবে এই বেক আন্তর্জাতিক সংগীতাঙ্গনের পরিচিত মার্কিন শিল্পী বেক নন। তাঁর প্রকৃত নাম গানবাতিন মুনখবায়ার। সংগীতের পাশাপাশি অভিনয় ও রাজনীতিতেও তাঁর অভিজ্ঞতা রয়েছে।
মঙ্গোলিয়ার জাতীয় বাছাইপর্বে বিজয়ী গানটি আগে প্রকাশিত হয়েছিল বলে বিতর্ক তৈরি হয়। শেষ পর্যন্ত সেই গান বাদ দিয়ে দ্বিতীয় স্থান পাওয়া ‘চামগুইগের’ বা ‘তোমাকে ছাড়া’ গানটি নিয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন বেক।
নেপালের মঞ্চে রহস্যময় মুখোশ
নেপালের প্রতিনিধি প্রতীক হিমাল রাই পরিবেশন করছেন ‘অনন্ত মায়া’। গানটিতে রকসংগীতের প্রভাব স্পষ্ট। জাতীয় বাছাইপর্বে তাঁর পরিবেশনায় ছিল বিশেষ নকশার পোশাক, তাঁবুর মতো মঞ্চসজ্জা এবং মুখোশ পরা নৃত্যশিল্পীদের রহস্যময় উপস্থিতি।
তবে ব্যাংককের চূড়ান্ত মঞ্চে সেই তাঁবুর বদলে ব্যবহার করা হচ্ছে হৃদয় আকৃতির কাঠামো। মুখোশের ধরনেও এসেছে পরিবর্তন। সব মিলিয়ে প্রেমের গানটির সঙ্গে রকসংগীতের একটি ভিন্নধর্মী উপস্থাপনা তৈরি করার চেষ্টা করছেন তিনি।
ভিয়েতনামের টক তিয়েনের ব্যতিক্রমী পরিবেশনা
ভিয়েতনামের প্রতিনিধি টক তিয়েন। ৩৭ বছর বয়সী এই শিল্পী প্রতিযোগীদের মধ্যে অভিজ্ঞদের একজন। তাঁর গান ‘এম তিয়েন’ শুরুতে সিন্থপপ ঘরানার হলেও শেষ ৩০ সেকেন্ডে সুরের গতি বেড়ে যায়। ফলে গানটি প্রায় সম্পূর্ণ ভিন্ন সংগীতধারায় প্রবেশ করে।
জাতীয় বাছাইপর্বে তাঁর দলের পোশাক নিয়েও আলোচনা হয়েছিল। বিশেষ করে শিল্পীদের মাথার সাজসজ্জা অনেকটা ঘরের বাতির শেডের মতো দেখাচ্ছিল। তবে চূড়ান্ত পরিবেশনায় সেই সাজ বাদ দেওয়া হয়েছে।
উপস্থাপনায় থাকছে আন্তর্জাতিক আকর্ষণ
ইউরোভিশনের মতো বড় সংগীত আয়োজনে উপস্থাপকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। ব্যাংককের প্রথম আসরে উপস্থাপনার দায়িত্ব পালন করবেন উডি মিলিন্তাচিন্দা ও সিন্ডি বিশপ।
এ ছাড়া বিরতির সময় মঞ্চে উঠবেন ২০২৬ সালের ইউরোভিশন বিজয়ী দারা। তিনি পরিবেশন করবেন তাঁর জনপ্রিয় গান ‘বাঙ্গারাঙ্গা’।
ইউরোপীয় সংস্করণের তুলনায় প্রতিযোগিতাটি ছোট পরিসরে হলেও এশিয়ার বিভিন্ন দেশের সংগীতশিল্পীদের আন্তর্জাতিক মঞ্চে পরিচিত হওয়ার নতুন সুযোগ তৈরি করছে।
শনিবারের আয়োজন অস্ট্রেলিয়ায় এসবিএস এবং ইউরোপে ইউরোভিশনের ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হবে। ইউরোপীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে সরাসরি সম্প্রচার।
প্রতিযোগিতার গুরুত্ব কোথায়
ইউরোভিশন এশিয়ার প্রথম আয়োজন কেবল সংগীত প্রতিযোগিতা নয়, এশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্য আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরারও একটি উদ্যোগ। তবে ইউরোপীয় ইউরোভিশনের পরিচিত উদার ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক উপস্থাপনার সব বৈশিষ্ট্য এখানে দেখা যাচ্ছে না। অংশগ্রহণকারী কয়েকটি দেশে সমকামিতা নিয়ে সামাজিক ও আইনি বিধিনিষেধ থাকায় পরিবেশনায়ও কিছুটা সংযম রয়েছে।
তবু ১১ দেশের শিল্পীদের নিয়ে এই আয়োজন ভবিষ্যতে এশিয়ার সংগীতশিল্পীদের জন্য নতুন আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে। প্রথম আসরে কে বিজয়ী হবেন, তার পাশাপাশি এই আয়োজন কতটা দর্শকপ্রিয়তা পায়, সেটিও এখন বড় প্রশ্ন।












