বাংলাদেশ বিশ্বের ৭২টি দেশ থেকে ওষুধ ও ওষুধশিল্পের পণ্য আমদানি করে। তবে আমদানির ক্ষেত্রে সবচেয়ে বড় সরবরাহকারী দেশ ভারত। ২০২৫-২৬ অর্থবছরে ভারত থেকে ১ হাজার ২২৭ কোটি ৪০ লাখ টাকার ওষুধ আমদানি করেছে বাংলাদেশ। একই অর্থবছরে বাংলাদেশ থেকে ওষুধ রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ২৩ কোটি ৮৪ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।
রোববার জাতীয় সংসদে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এসব তথ্য জানান। জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. আবদুল গফুরের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি ওষুধ আমদানির দেশভিত্তিক পরিসংখ্যান তুলে ধরেন।
ওষুধ আমদানিতে ভারতের পর ফ্রান্স ও চীন
বাণিজ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ভারত থেকে আমদানির পর সবচেয়ে বেশি ওষুধ এসেছে ফ্রান্স থেকে। দেশটি থেকে আমদানির পরিমাণ ছিল ৫৯০ কোটি ৯১ লাখ টাকা। তৃতীয় অবস্থানে থাকা চীন থেকে এসেছে ৩৭৪ কোটি ২৫ লাখ টাকার ওষুধ।
এ ছাড়া জার্মানি থেকে ২৫৬ কোটি ৯৩ লাখ, বেলজিয়াম থেকে ২৫০ কোটি ১৮ লাখ, যুক্তরাষ্ট্র থেকে ২৩৪ কোটি ৩৩ লাখ এবং নেদারল্যান্ডস থেকে ২২৪ কোটি ৯ লাখ টাকার ওষুধ আমদানি করা হয়েছে।
অন্যান্য উল্লেখযোগ্য সরবরাহকারী দেশের মধ্যে রয়েছে সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ইতালি ও ব্রাজিল। এসব দেশ থেকে যথাক্রমে ১৬৫ কোটি ৫০ লাখ, ১৬৩ কোটি ৫ লাখ, ১৫৯ কোটি ৭৬ লাখ এবং ১৫৯ কোটি ৬০ লাখ টাকার ওষুধ এসেছে।
এ ছাড়া হাঙ্গেরি থেকে ১২০ কোটি ৩৮ লাখ, ডেনমার্ক থেকে ৯৩ কোটি ২ লাখ, স্পেন থেকে ৭৯ কোটি ৫১ লাখ, পর্তুগাল থেকে ৭৮ কোটি ৫ লাখ এবং যুক্তরাজ্য থেকে ৪২ কোটি ৭৯ লাখ টাকার ওষুধ আমদানি হয়েছে।
সুইডেন, তুরস্ক, আর্জেন্টিনা ও সিঙ্গাপুর থেকেও ওষুধ আমদানি করেছে বাংলাদেশ।
ওষুধ রপ্তানি আয় ২৩৮ মিলিয়ন ডলার
সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ২৩ কোটি ৮৪ লাখ ৯০ হাজার মার্কিন ডলারের ওষুধ ও ওষুধশিল্পের পণ্য রপ্তানি করেছে।
বাংলাদেশের ওষুধ এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। ফলে দেশের ওষুধশিল্পের আন্তর্জাতিক বাজার বিস্তৃত হচ্ছে।
তৈরি পোশাকের ওপর নির্ভরতা কমাতে উদ্যোগ
বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৪ শতাংশ আসে তৈরি পোশাকশিল্প থেকে। একটি খাতের ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে সরকার অন্যান্য সম্ভাবনাময় রপ্তানি খাতেও তৈরি পোশাকশিল্পের মতো সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।
এ লক্ষ্যে ১৮টি খাতের আংশিক রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ব্যাংক গ্যারান্টির বিপরীতে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এ বিষয়ে ইতিমধ্যে সরকারি আদেশ জারি করেছে।
সরকারের এসব উদ্যোগের লক্ষ্য ওষুধসহ সম্ভাবনাময় শিল্পপণ্যের রপ্তানি বাড়ানো এবং দেশের রপ্তানি আয়কে আরও বহুমুখী করা।












