বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২০২৪-২৫ অর্থবছরে দাঁড়িয়েছে ২ হাজার ৪১৭ কোটি মার্কিন ডলার। এর মধ্যে শুধু ভারতের সঙ্গেই ঘাটতি ছিল ৭৮৬ কোটি ডলার। পরবর্তী অর্থবছর ২০২৫-২৬-এ ভারতের সঙ্গে এই ঘাটতি আরও বেড়ে ৯২৪ কোটি ৬৪ লাখ ডলারে পৌঁছেছে।
রোববার জাতীয় সংসদে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এসব তথ্য জানান। সরকারি দলের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে তিনি দেশের সামগ্রিক আমদানি-রপ্তানি পরিস্থিতি তুলে ধরেন।
মন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ৫ হাজার ৫১৯ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। বিপরীতে আমদানি করেছে ৭ হাজার ৯৩৬ কোটি ডলারের পণ্য। আমদানি ও রপ্তানির এই ব্যবধানেই মোট বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ২ হাজার ৪১৭ কোটি ডলার। ওই অর্থবছরে বাংলাদেশ থেকে বিশ্বের ২০২টি গন্তব্যে পণ্য রপ্তানি হয়েছে।
ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি
সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আফগানিস্তান, ভুটান, ভারত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। অন্য তিন সদস্যদেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে।
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারতের সঙ্গে ঘাটতিই সবচেয়ে বেশি। ২০২৪-২৫ অর্থবছরে দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল ৭৮৬ কোটি ডলার।
বিরোধীদলীয় প্রধান হুইপ ও জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য নাহিদ ইসলামের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৯২৪ কোটি ৬৪ লাখ ১০ হাজার ডলারে।
ওই অর্থবছরে ভারত থেকে বাংলাদেশ ১ হাজার ১০৪ কোটি ৮৫ লাখ ৮০ হাজার ডলারের পণ্য আমদানি করেছে। বিপরীতে দেশটিতে রপ্তানি করেছে ১৮০ কোটি ২১ লাখ ৭০ হাজার ডলারের পণ্য।
ভারতীয় বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার
বাণিজ্যমন্ত্রী জানান, দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা (সাফটা) এবং এশিয়া-প্যাসিফিক বাণিজ্য চুক্তির (আপটা) সদস্য হিসেবে বাংলাদেশ ভারতীয় বাজারে অধিকাংশ পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার পেয়ে থাকে।
তবে তামাক ও মদজাত পণ্যসহ ২৫টি পণ্য এই সুবিধার বাইরে রয়েছে।
চার মাসে পোশাক রপ্তানি বেড়েছে ৫.৮২ শতাংশ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে তৈরি পোশাক রপ্তানি থেকে বাংলাদেশ আয় করেছে ১ হাজার ৩৭৪ কোটি ৬৩ লাখ ৫০ হাজার ডলার।
কিশোরগঞ্জের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আগের অর্থবছরের একই সময়ে তৈরি পোশাক রপ্তানি আয় ছিল ১ হাজার ২৯৯ কোটি ৩ লাখ ৬০ হাজার ডলার। সেই হিসাবে চলতি অর্থবছরের প্রথম চার মাসে রপ্তানি আয় বেড়েছে ৫ দশমিক ৮২ শতাংশ।
বাণিজ্য মেলায় রপ্তানি আদেশ কমেছে
২০২৬ সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ২২৪ কোটি ২৬ লাখ টাকার রপ্তানি আদেশ পাওয়া গেছে। ২০২৫ সালের মেলায় এই আদেশের পরিমাণ ছিল ৩৯২ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে রপ্তানি আদেশ কমেছে ৪২ দশমিক ৭৯ শতাংশ।
এদিকে আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও দাম নিয়ে আশাবাদ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। বিএনপির সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত বাজার পরিস্থিতি বিবেচনায় আগামী রমজানে পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকার আশা করছে সরকার। তবে প্রাকৃতিক দুর্যোগ কিংবা আন্তর্জাতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন হলে পরিস্থিতি ভিন্ন হতে পারে।










