১৯৭০-এর দশকের দুই সিআইএ কর্মকর্তার চরিত্রে জন মালকোভিচ ও স্যাম রকওয়েলের অভিনয় দর্শকদের মুগ্ধ করবে। পরিচালক মার্টিন ম্যাকডোনার নতুন চলচ্চিত্র ‘ওয়াইল্ড হর্স নাইন’-এ উঠে এসেছে বন্ধুত্ব, দ্বন্দ্ব, রাজনীতি ও মানুষের বিচিত্র মানসিকতার গল্প।
একজন চলচ্চিত্র নির্মাতা বারবার একই ধরনের বিষয় নিয়ে কাজ করলে সেটিকে কি তাঁর নিজস্ব নির্মাণশৈলী বলা যায়, নাকি নতুন কল্পনার অভাব? পরিচালক ও চিত্রনাট্যকার মার্টিন ম্যাকডোনার নতুন চলচ্চিত্র ‘ওয়াইল্ড হর্স নাইন’ দেখলে এমন প্রশ্ন মনে আসতে পারে।
‘ইন ব্রুজেস’ এবং ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’-এর মতো এই চলচ্চিত্রেও পুরুষের বন্ধুত্ব, মতবিরোধ ও সম্পর্কের জটিলতা তুলে ধরেছেন তিনি। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জন মালকোভিচ ও স্যাম রকওয়েল। তাঁরা ১৯৭০-এর দশকে চিলির রাজধানী সান্তিয়াগোতে দায়িত্ব পালন করা দুই সিআইএ কর্মকর্তা। বিশেষ একটি মিশনে তাঁদের পাঠানো হয় ইস্টার দ্বীপে।
ছবির গল্পে রয়েছে দুই সহকর্মীর দীর্ঘদিনের সম্পর্ক, পারস্পরিক বিরক্তি, হাস্যরস এবং নানা অদ্ভুত ঘটনা। চিত্রনাট্যে বুদ্ধিদীপ্ত সংলাপের আধিক্য কখনো কখনো গল্পের স্বাভাবিক গতিকে কিছুটা বাধাগ্রস্ত করে। তবে দুই অভিনেতার অভিনয় সেই দুর্বলতা অনেকটাই কাটিয়ে উঠেছে।
মালকোভিচের চরিত্র ক্রিস এবং রকওয়েলের চরিত্র লি একে অপরের বিপরীত স্বভাবের মানুষ। দীর্ঘদিন একসঙ্গে কাজ করার কারণে তাঁরা একে অপরের মনের অবস্থা সহজেই বুঝতে পারেন। কিন্তু তাঁদের মধ্যে তর্ক-বিতর্কও লেগে থাকে।
ক্রিস প্রায়ই নানা অদ্ভুত চিন্তায় ডুবে থাকেন। এক দৃশ্যে তিনি অভিযোগ করেন, তাঁর বাসায় অসংখ্য মথ বা ছোট পতঙ্গ ঢুকে পড়েছে। এগুলো তাঁর পোশাক নষ্ট করতে পারে বলে তিনি চিন্তিত। কিন্তু পতঙ্গগুলোকে মারতেও চান না। তাই সেগুলোকে ধরে বাইরে ছেড়ে দেওয়ার কথা বলেন তিনি। তাঁর এই অদ্ভুত আচরণে বিরক্ত হন লি।
১৯৭৩ সালের রাজনৈতিক বাস্তবতায় এগিয়ে যায় ছবির গল্প। সে সময় চিলির সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট সালভাদর আয়েন্দে ক্ষমতায় ছিলেন। অল্প সময়ের মধ্যেই তাঁর সরকার সামরিক অভ্যুত্থানের মুখে পড়বে। ক্রিস ও লি জানেন, কারণ তাঁদের কাজই বিভিন্ন দেশের গণতান্ত্রিক সরকারকে অস্থিতিশীল করে তোলা।
একটি দৃশ্যে ক্রিস বলেন, কখনো কখনো তাঁর মনে হয়, চিলির মানুষের চেয়ে দেশটির মথ বা পতঙ্গগুলোর প্রতিই তাঁর বেশি মমতা রয়েছে। অথচ এই মানুষটিই গোপনে প্রায় ৬৮ জনকে হত্যার সঙ্গে জড়িত ছিলেন।
ক্রিসের ঊর্ধ্বতন কর্মকর্তা এমজে। চরিত্রটিতে অভিনয় করেছেন স্টিভ বুসেমি। নির্মম ও ক্ষমতালোভী এই কর্মকর্তাকে ক্রিস একেবারেই পছন্দ করেন না। তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ ও গুজব ছড়ান তিনি। তবে ক্রিস নিজেও হেরোইন গ্রহণ করেন। আনন্দের জন্য নয়, ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার কারণে যন্ত্রণা কমাতে।
ইস্টার দ্বীপে যাওয়ার সুযোগ পেয়ে ক্রিস বেশ খুশি। দ্বীপটির বিশাল পাথরের মূর্তি দেখার আগ্রহ তাঁর। একই সঙ্গে নিজের স্মৃতিকথা লেখার পরিকল্পনাও করেন তিনি। সেই বইয়ের শুরুতে ডাইনোসরদের আত্মা ছিল কি না, তা নিয়ে ভাবতে চান ক্রিস। তাঁর এমন চিন্তায় লি বিরক্ত হলেও দুজনের মধ্যে যে গভীর মমতা রয়েছে, তা দর্শকের কাছে স্পষ্ট হয়ে ওঠে।
এই সম্পর্কের মধ্য দিয়েই ছবিতে জায়গা পেয়েছে সিআইএর কার্যক্রম নিয়ে তীক্ষ্ণ রসিকতা, দুই তরুণ পর্যটকের সঙ্গে প্রেমের ইঙ্গিতপূর্ণ কথাবার্তা এবং বিভিন্ন দেশের সংস্কৃতি নিয়ে ব্যঙ্গাত্মক সংলাপ।
ইস্টার দ্বীপের বুনো ঘোড়াগুলোর প্রতি ক্রিসের বিশেষ আকর্ষণ তৈরি হয়। একটি ঘোড়ার সঙ্গে তাঁর এক ধরনের আত্মিক সম্পর্কও গড়ে ওঠে। তবে পরিচালক ম্যাকডোনা আবেগকে খুব বেশি গভীর হতে দেন না। একপর্যায়ে ঘোড়াটির করুণ পরিণতি ঘটে। কেন এমন হলো, তারও পরিষ্কার ব্যাখ্যা পাওয়া যায় না।
তবে পরিচালকের আগের অনেক চলচ্চিত্রের তুলনায় এই ছবিতে কিছুটা বেশি মানবিক উষ্ণতা রয়েছে। বিশেষ করে ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’ ছবির মতো এখানে ছোট শহরের মানুষদের প্রতি তাচ্ছিল্যের ভাব তেমন নেই।
ম্যাকডোনার সংলাপ কখনো কখনো অতিরিক্ত নাটকীয় মনে হলেও অভিনেতাদের জন্য চরিত্র নির্মাণে তাঁর দক্ষতা স্পষ্ট। স্যাম রকওয়েলের লি চরিত্রটি অনেকটা শান্ত ও বাস্তববাদী। সহকর্মী ক্রিসের অদ্ভুত চিন্তা ও কথাবার্তা শুনে তিনি প্রতিক্রিয়া জানান। ক্রিসের চিন্তার প্রতিফলন হিসেবেও কাজ করে তাঁর চরিত্র।
অন্যদিকে জন মালকোভিচ ক্রিস চরিত্রে নিজের অভিনয়ক্ষমতার পরিচয় দিয়েছেন। দুই অভিনেতার পারস্পরিক বোঝাপড়া, সংলাপের আদান-প্রদান এবং চরিত্রের বৈপরীত্যই ছবিটির সবচেয়ে বড় আকর্ষণ।
চিত্রনাট্যে কিছু বাড়তি সংলাপ ও অপ্রয়োজনীয় নাটকীয়তা থাকলেও মালকোভিচ ও রকওয়েলের অভিনয় ‘ওয়াইল্ড হর্স নাইন’কে উপভোগ্য করে তুলেছে। শেষ পর্যন্ত ছবিটির সবচেয়ে বড় শক্তি এর দুই প্রধান অভিনেতার অসাধারণ পর্দা উপস্থিতি।












