ডলারের বাজারে অস্থিরতা ঠেকাতে প্রয়োজন ছাড়া বৈদেশিক মুদ্রা না কেনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমদানি ব্যয় বা বিদেশি দায় পরিশোধের প্রয়োজন না থাকলে ব্যাংকগুলোকে রেমিট্যান্স হাউস কিংবা খোলাবাজার থেকে ডলার না কেনার বিষয়ে সতর্ক করা হয়েছে। কৃত্রিম চাহিদা তৈরি করে ডলারের দর বাড়ানোর চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যাংক বা ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
রোববার সব ব্যাংকের ট্রেজারি প্রধানদের সঙ্গে বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। ডেপুটি গভর্নর সরোয়ার হোসেনের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত বৈঠকে বৈদেশিক মুদ্রার বাজারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
প্রয়োজন না থাকলেও ডলার কেনার অভিযোগ
বৈঠকে কয়েকটি ব্যাংকের বিরুদ্ধে প্রয়োজন না থাকা সত্ত্বেও ডলার কেনার অভিযোগ উঠে আসে। একটি ব্যাংকের ট্রেজারি প্রধানের বক্তব্য অনুযায়ী, অনেক ব্যাংকের হাতে আমদানি ঋণপত্র বা এলসি নেই। বিদেশি দায় পরিশোধের চাপও নেই। তারপরও কিছু ব্যাংক ডলার কিনছে। এতে যেসব ব্যাংকের প্রকৃত প্রয়োজন রয়েছে, তাদের বেশি দামে ডলার কিনতে হচ্ছে।
এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে স্পষ্টভাবে জানিয়েছে, প্রকৃত চাহিদা না থাকলে ডলার কেনা যাবে না। বাজারে কৃত্রিম চাহিদা তৈরি করে দর বাড়ানোর চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, বৈদেশিক মুদ্রাবাজারে কোনো ধরনের অনিয়ম হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করছে বাংলাদেশ ব্যাংক। কোনো ব্যাংক বা ব্যক্তি নিয়মবহির্ভূতভাবে ডলারের দর বাড়ানোর চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, ডলারের বিনিময় হার নিয়ন্ত্রণে সরাসরি বাজারে হস্তক্ষেপ করার পরিকল্পনা নেই কেন্দ্রীয় ব্যাংকের। বাজারে স্বাভাবিক লেনদেন বজায় থাকছে কি না এবং কেউ অনিয়ম করছে কি না, সেটিই তদারকি করা হবে।
এক মাসে আন্তব্যাংক বাজারে ডলারের দাম বেড়েছে
কিছুদিন স্থিতিশীল থাকার পর গত কয়েক দিনে আন্তব্যাংক মুদ্রাবাজারে ডলারের দাম আবার বাড়তে শুরু করেছে। বর্তমানে এই বাজারে প্রতি ডলারের বিনিময় হার ১২৪ টাকা ৭৫ পয়সা। গত সপ্তাহে তা বেড়ে ১২৪ টাকা ৮৫ পয়সায় উঠেছিল। অন্যদিকে খোলাবাজারে প্রতি ডলারের দাম ১২৮ টাকা ১০ পয়সা ছাড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অক্টোবরের শুরুতে আন্তব্যাংক বাজারে প্রতি ডলারের দাম ছিল ১২৩ টাকা। মাসের শেষ কার্যদিবসে তা বেড়ে দাঁড়ায় ১২৩ টাকা ৯৯ পয়সায়। অর্থাৎ এক মাসে ডলারের দাম বেড়েছে ১ টাকা ১২ পয়সা বা শূন্য দশমিক ৯০ শতাংশ।
আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় দেড় বছর আন্তব্যাংক বাজারে ডলারের দাম ১২১ থেকে ১২২ টাকা ৩০ পয়সার মধ্যে ছিল। তবে চলতি বছরের মার্চ থেকে আবার বাড়তে শুরু করে ডলারের বিনিময় হার।
রিজার্ভ থেকে বিক্রি হয়েছে ৪৬ কোটি ডলার
ডলারের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে গত প্রায় এক মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে চার দফায় ৪৬ কোটি ২০ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এ সময়ে কেন্দ্রীয় ব্যাংকের নিলামে ব্যাংকগুলো ১২৪ কোটি ডলার কেনার প্রস্তাব দিয়েছিল।
এসব ডলার বিক্রির বিনিময় হার ছিল ১২৩ টাকা ৬৩ পয়সা থেকে ১২৪ টাকা ৮৫ পয়সা। সর্বশেষ গত ১২ নভেম্বর ২০ কোটি ডলার বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক। ওই বিক্রির গড় বিনিময় হার ছিল ১২৪ টাকা ৮৫ পয়সা।
সাধারণত বাজারে ডলারের সরবরাহ বেড়ে গেলে বা দাম কমার আশঙ্কা তৈরি হলে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ডলার কিনে নেয়। বিপরীতে ব্যাংকগুলোর চাহিদা বেড়ে গেলে রিজার্ভ থেকে ডলার বিক্রি করে বাজারে সরবরাহ বাড়ায়।
তবে গত এক মাসে কেন্দ্রীয় ব্যাংক শুধু ডলার বিক্রি করেছে। ব্যাংকগুলোর কাছ থেকে সর্বশেষ ডলার কেনা হয়েছিল গত ১ সেপ্টেম্বর। ওই দিন পাঁচ কোটি ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক।
জ্বালানি ও আমদানি চাহিদার প্রভাব
ডলারের দাম বাড়ার পেছনে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং সামনে রোজাকে কেন্দ্র করে পণ্য আমদানির চাহিদা বৃদ্ধিরও কিছুটা প্রভাব থাকতে পারে বলে গত সপ্তাহে জানিয়েছিলেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
তবে বাংলাদেশ ব্যাংকের ধারণা, বাজারে ডলারের সরবরাহে বড় ধরনের ঘাটতি নেই। এ অবস্থায় অপ্রয়োজনীয় কেনাকাটা ও কৃত্রিম চাহিদা তৈরি হলে প্রকৃত আমদানিকারকদের ওপর বাড়তি চাপ পড়তে পারে।
কেন্দ্রীয় ব্যাংক তাই ডলারের বিনিময় হার নির্ধারণে সরাসরি হস্তক্ষেপ না করে বাজারের লেনদেন ও ব্যাংকগুলোর কার্যক্রম পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে। প্রয়োজন ছাড়া ডলার কেনা এবং বাজারে অস্বাভাবিক চাহিদা তৈরির চেষ্টা বন্ধ করাই এখন তাদের প্রধান লক্ষ্য।












