দেশ ছেড়ে অন্য দেশে স্থায়ী হতে গেলেই সম্পদের ওপর কর দিতে হতে পারে ইতালির ধনীদের। শেয়ার, বন্ড, ক্রিপ্টো সম্পদসহ বিভিন্ন আর্থিক বিনিয়োগের মূল্য বেড়ে থাকলে সেই মুনাফার ওপর ২৬ শতাংশ কর আরোপের প্রস্তাব দিয়েছে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার। এমনকি সম্পদ বিক্রি না করলেও কর দিতে হবে। প্রস্তাবটি ঘিরে ইতালিতে রাজনৈতিক ও অর্থনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সমালোচনার মুখে সরকার অবশ্য পরিকল্পনায় পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছে।
আগামী বছরের বাজেট প্রস্তাবে এই কর অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছিলেন মেলোনি। কিন্তু রাজনৈতিক নেতা, কর আইনজীবী ও ব্যবসায়ী মহলের আপত্তির মুখে অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী মাউরিজিও লিও জানিয়েছেন, প্রস্তাবটি সংশোধনের সুযোগ রয়েছে।
কারা দিতে পারেন এই কর
প্রস্তাব অনুযায়ী, যেসব ইতালীয় বাসিন্দার বিশ্বব্যাপী আর্থিক সম্পদের পরিমাণ ৮ লাখ ইউরোর বেশি এবং যারা ইতালি ছেড়ে অন্য দেশে চলে যাবেন, তাঁদের ওপর এই কর প্রযোজ্য হবে।
শেয়ার, বন্ড, বিভিন্ন আর্থিক চুক্তি এবং ক্রিপ্টো সম্পদও এর আওতায় থাকবে। সম্পদের মূল্য বৃদ্ধির ওপর ২৬ শতাংশ হারে কর দিতে হবে। উল্লেখযোগ্য বিষয় হলো, সংশ্লিষ্ট ব্যক্তি সম্পদ বিক্রি না করলেও কাগজে-কলমে হিসাব করা মুনাফার ওপর কর ধার্য হবে।
এ ছাড়া দেশ ছাড়ার আগের ১০ করবর্ষের মধ্যে অন্তত ছয় বছর ইতালিতে বসবাস করলে সংশ্লিষ্ট ব্যক্তি এই করের আওতায় পড়বেন।
সরকারের যুক্তি, সম্পদের মূল্য বেড়ে যাওয়ার পর কর এড়াতে অন্য দেশে চলে যাওয়ার প্রবণতা ঠেকাতেই এ উদ্যোগ। কারণ, কোনো ব্যক্তি ইতালিতে থাকা অবস্থায় সম্পদের মূল্যবৃদ্ধি থেকে লাভবান হলেও দেশ ছাড়ার পর সেই মুনাফার কর অন্য দেশে গিয়ে এড়ানোর সুযোগ পেতে পারেন।
সম্পদ বিক্রি না করেও কর দেওয়ার বিতর্ক
প্রস্তাবটির সবচেয়ে বিতর্কিত দিক হলো, সম্পদ বিক্রি না করেই কর পরিশোধের বাধ্যবাধকতা। কোনো ব্যক্তির শেয়ার বা অন্য বিনিয়োগের বাজারমূল্য বেড়ে গেলেও তিনি বাস্তবে সেই অর্থ হাতে পাননি। অথচ দেশ ছাড়ার সময় তাঁকে সম্ভাব্য মুনাফার ওপর কর দিতে হবে।
আরেকটি জটিলতা রয়েছে সম্পদের ক্রয়মূল্য নির্ধারণে। প্রস্তাব অনুযায়ী, ইতালিতে আসার আগেই কেউ কোনো সম্পদ কিনে থাকলেও তার মূল ক্রয়মূল্য ধরে মুনাফা হিসাব করা হবে। ফলে ইতালিতে বসবাস শুরুর আগের সম্পদমূল্য বৃদ্ধির ওপরও করের প্রশ্ন তৈরি হতে পারে।
তবে কেউ ইতালি ছেড়ে ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশে গিয়ে নিজের সম্পদ ধরে রাখলে পাঁচ বছর পর করের অর্থ ফেরত পাওয়ার সুযোগ থাকবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
কর আদায় কম, প্রশাসনিক জটিলতা বেশি
এই উদ্যোগের আরেকটি বড় প্রশ্ন হলো, সরকারের সম্ভাব্য আয় কতটা বাড়বে। ইতালির হিসাব অনুযায়ী, নতুন কর থেকে প্রথম বছরে মাত্র ৩৪ লাখ ইউরো রাজস্ব আসতে পারে। পরবর্তী চার বছর বছরে ৬৭ লাখ ইউরো করে এবং এরপর প্রতিবছর ৩৪ লাখ ইউরো আয় হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
অর্থাৎ, ধনীদের দেশত্যাগ ঠেকানোর মতো বড় নীতিগত উদ্যোগ নেওয়া হলেও সরকারের প্রত্যক্ষ রাজস্ব আয় তুলনামূলকভাবে সামান্য।
এ ছাড়া কারা এই করের আওতায় পড়বেন, তাঁদের সম্পদের প্রকৃত মূল্য কত এবং কত টাকা কর দিতে হবে—এসব নির্ধারণ করাও প্রশাসনের জন্য জটিল হতে পারে।
বিনিয়োগকারীদের আকর্ষণ হারানোর আশঙ্কা
ইতালিতে ধনী বিদেশি পেশাজীবী ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ২০১৭ সালে বিশেষ কর সুবিধা চালু হয়েছিল। এর আওতায় বিদেশ থেকে অর্জিত আয়ের ওপর নির্দিষ্ট অঙ্কের কর দেওয়ার সুযোগ পান যোগ্য বিদেশি বাসিন্দারা।
সাবেক প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি এই ব্যবস্থার অন্যতম উদ্যোক্তা ছিলেন। তাঁর আশঙ্কা, নতুন প্রস্তাব ইতালিকে বিদেশি পেশাজীবী ও উদ্যোক্তাদের কাছে কম আকর্ষণীয় করে তুলতে পারে। এতে বিদেশি বিনিয়োগ ও দক্ষ জনশক্তি আকর্ষণের ক্ষেত্রে গত এক দশকের অগ্রগতি বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
জার্মানির অভিজ্ঞতাও এ ক্ষেত্রে আলোচনায় এসেছে। ২০২২ সালে দেশটি সম্পদ বিক্রি না করলেও মূল্যবৃদ্ধির ওপর কর আরোপের ব্যবস্থা চালু করে। এর আগে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পদ বিক্রি হলেই মূলত কর দেওয়ার বাধ্যবাধকতা ছিল।
জার্মানির পারিবারিক ব্যবসায়ীদের একটি সংগঠনের প্রধান উলরিখ স্টল মনে করেন, নতুন ব্যবস্থা উদ্যোক্তাদের আন্তর্জাতিক চলাচল কঠিন করে তুলেছে। তাঁর মতে, বিদেশে কাজ করার সুযোগ অনেক উদ্যোক্তার পেশাগত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু দেশ ছাড়ার কারণে বড় অঙ্কের করের বোঝা তৈরি হলে সেই সুযোগ নেওয়া কঠিন হয়ে পড়ে।
ব্রিটেনের পরিকল্পনা থেকেও শিক্ষা
ইতালির সরকার মনে করেছিল, ব্রিটেনও শিগগিরই দেশত্যাগের সময় সম্পদের মূল্যবৃদ্ধির ওপর কর আরোপ করবে। এতে ইতালি শিল্পোন্নত সাত দেশের জোটের মধ্যে এমন করবিহীন একমাত্র দেশ হিসেবে পিছিয়ে পড়তে পারে।
কিন্তু ব্রিটেনের সাবেক অর্থমন্ত্রী র্যাচেল রিভস ব্যবসায়িক সম্পদের অবাস্তব মুনাফার ওপর ২০ শতাংশ কর আরোপের বিষয়টি বিবেচনা করেও শেষ পর্যন্ত তা থেকে সরে আসেন। কারণ, আশঙ্কা ছিল, এমন কর চালু হলে ধনী ব্যক্তি ও উদ্যোক্তারা কম করের দেশের দিকে চলে যাবেন।
ইতালির ক্ষেত্রেও একই ধরনের ঝুঁকি রয়েছে। দেশটি যদি সম্পদশালীদের ওপর অতিরিক্ত করের চাপ তৈরি করে, তাহলে তাঁরা বিনিয়োগ ও বসবাসের জন্য অন্য দেশ বেছে নিতে পারেন।
প্রয়োজন ভারসাম্যপূর্ণ করনীতি
বিশেষজ্ঞদের মতে, দেশত্যাগের সময় সম্পদের মূল্যবৃদ্ধির ওপর কর আরোপের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ও কার্যকর নীতিমালা প্রয়োজন। এমন ব্যবস্থা থাকা দরকার, যাতে কর ফাঁকি দেওয়ার সুযোগ বন্ধ হয়, আবার উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের আন্তর্জাতিক চলাচলও বাধাগ্রস্ত না হয়।
একটি সম্ভাব্য সমাধান হতে পারে, সম্পদ বিক্রি হওয়ার পরই কর আদায় করা। তবে দেশত্যাগের পর কত বছর পর্যন্ত সেই কর কার্যকর থাকবে, তা নিয়েও স্পষ্ট নিয়ম প্রয়োজন।
ইতালির প্রস্তাব আগামী মাসে আইনসভায় ভোটের মুখোমুখি হওয়ার কথা। এর আগে সরকারকে রাজনৈতিক চাপ, বিনিয়োগকারীদের উদ্বেগ এবং সম্ভাব্য রাজস্ব আয়ের মধ্যে ভারসাম্য খুঁজতে হবে।












