ইতিহাসের পাতা থেকে বহু শাসকের নাম হারিয়ে গেছে। কারও স্মৃতি টিকে আছে যুদ্ধজয়ের কারণে, কারও বিশাল সাম্রাজ্য কিংবা স্থাপত্যের জন্য। কিন্তু সাসানীয় সম্রাট খসরু আনুশিরওয়ানের পরিচিতি শুধু রাজ্য শাসন বা সামরিক সাফল্যের মধ্যে সীমাবদ্ধ নয়। ফারসি সাহিত্য তাঁকে স্মরণ করেছে ন্যায়বিচার, প্রজ্ঞা ও জনকল্যাণের প্রতীক হিসেবে। তাঁর মৃত্যুর বহু শতাব্দী পরও কবিতা, উপদেশমূলক গল্প ও সাহিত্যিক রচনায় তিনি আদর্শ শাসকের মানদণ্ড হয়ে আছেন।
ইরানের বুক নিউজ এজেন্সি (ইবনা) প্রকাশিত এক সাহিত্য পর্যালোচনায় বলা হয়েছে, আনুশিরওয়ানের ঐতিহাসিক জীবন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ফারসি সাহিত্যে তাঁর উপস্থিতিও বিশেষ তাৎপর্য বহন করে। ফেরদৌসির ‘শাহনামা’, সাদির ‘গুলিস্তান’ ও ‘বুস্তান’, নিজামি এবং আত্তারের রচনায় বিভিন্নভাবে উঠে এসেছে তাঁর শাসন, ন্যায়বিচার ও দূরদর্শিতার চিত্র।
শাহনামায় ন্যায়বিচার ও রাজনৈতিক প্রজ্ঞার প্রতীক
ফারসি মহাকাব্য ‘শাহনামা’য় কবি ফেরদৌসি খসরু আনুশিরওয়ানকে ন্যায়বিচার ও প্রজ্ঞার সমন্বয়ে গড়ে ওঠা একজন শাসক হিসেবে তুলে ধরেছেন। তাঁর শাসনামল নিয়ে চার হাজার ছয়শর বেশি পঙ্ক্তি রয়েছে বলে নিবন্ধে উল্লেখ করা হয়েছে।
এখানে আনুশিরওয়ানের বিশেষত্ব শুধু সামরিক বিজয় নয়; বরং রাষ্ট্র পরিচালনায় জ্ঞানী ও অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণের মানসিকতা। তাঁর সঙ্গে জ্ঞানী উপদেষ্টা বুজুর্গমেহরের সম্পর্ক ফারসি সাহিত্যে বিশেষ গুরুত্ব পেয়েছে। এই সম্পর্কের মধ্য দিয়ে বোঝানো হয়েছে, একজন শাসক যতই ক্ষমতাবান হোন না কেন, জ্ঞান ও পরামর্শ ছাড়া জটিল সমস্যার সমাধান সম্ভব নয়।
গ্রিক দর্শন ও পারস্যের জ্ঞানচর্চার সংযোগ
ফারসি সাহিত্যে আনুশিরওয়ানকে একজন জ্ঞানানুরাগী সম্রাট হিসেবেও চিত্রিত করা হয়েছে। প্লেটো ও অ্যারিস্টটলের মতো গ্রিক দার্শনিকদের রচনা পাঠ এবং সেগুলো অনুবাদের উদ্যোগের সঙ্গে তাঁর নাম যুক্ত হয়েছে।
জুন্দিশাপুরকে চিকিৎসা ও জ্ঞানচর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রসঙ্গও তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকারের অংশ হিসেবে উঠে এসেছে। সাহিত্যিক বর্ণনায় তিনি এমন একজন শাসক, যিনি জ্ঞানকে কোনো নির্দিষ্ট জাতি বা ভূখণ্ডের সম্পদ মনে করতেন না।
সাদির সাহিত্যে আদর্শ শাসকের শিক্ষা
ফারসি সাহিত্যের আরেক গুরুত্বপূর্ণ কবি সাদি তাঁর ‘বুস্তান’ গ্রন্থের প্রথম অধ্যায়ে আনুশিরওয়ানের উপদেশের মাধ্যমে আদর্শ শাসকের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। সেখানে তাঁর ছেলে হরমুজকে দেওয়া পরামর্শের মধ্য দিয়ে শাসনব্যবস্থায় ন্যায়বিচার ও মানুষের প্রতি দায়িত্বশীলতার গুরুত্ব প্রকাশ পেয়েছে।
সাদির ‘গুলিস্তান’ গ্রন্থেও আনুশিরওয়ানের নাম এসেছে ক্ষমতার অপব্যবহার সম্পর্কে সতর্ক করার ক্ষেত্রে। তাঁর নামে প্রচলিত একটি বক্তব্যে বলা হয়েছে, পৃথিবীতে অত্যাচারের সূচনা প্রথমে সামান্য অন্যায় দিয়ে হয়। পরে সেই অন্যায়ই বড় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়।
অন্যদিকে, নিজামির একটি গল্পে দুই পেঁচার কথোপকথনের মাধ্যমে রাজশাসনের অবিচারের পরিণতি তুলে ধরা হয়েছে। ধ্বংসপ্রাপ্ত নগরীর পটভূমিতে গল্পটি শাসকদের মনে করিয়ে দেয়, অত্যাচারের শেষ পরিণতি জনপদকে বিরান করে দেওয়া।
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে ন্যায়বিচারের প্রতীক
আনুশিরওয়ানের সাহিত্যিক উপস্থিতি শুধু পারস্যের ঐতিহ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। ইসলামী সাহিত্যেও তাঁর ন্যায়পরায়ণ শাসকের পরিচিতি পাওয়া যায়।
আল-গাজালির ‘নসিহাতুল মুলুক’ গ্রন্থে একটি বর্ণনার উল্লেখ রয়েছে, যেখানে বলা হয়েছে, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ন্যায়পরায়ণ সম্রাট আনুশিরওয়ানের শাসনামলে জন্মগ্রহণ করেছিলেন। তবে এই বর্ণনার ঐতিহাসিক সত্যতা নিয়ে সংশয় রয়েছে বলে নিবন্ধে উল্লেখ করা হয়েছে।
তবু সাহিত্য ও ধর্মীয় আলোচনায় এই বর্ণনার উপস্থিতি দেখায়, ন্যায়বিচারের ধারণাটি কীভাবে ধর্মীয় ও জাতিগত পরিচয়ের সীমানা ছাড়িয়ে বৃহত্তর সাংস্কৃতিক মূল্যবোধে পরিণত হয়েছে।
অন্যের ভবিষ্যতের জন্য গাছ লাগানোর শিক্ষা
আনুশিরওয়ানকে ঘিরে প্রচলিত উপদেশমূলক গল্পগুলোর মধ্যে একটি বিশেষভাবে উল্লেখযোগ্য। আত্তারের ‘ইলাহিনামা’ গ্রন্থে বর্ণিত হয়েছে, বৃদ্ধ বয়সে আনুশিরওয়ান এমন গাছ লাগাচ্ছিলেন, যার ফল পেতে বহু বছর সময় লাগবে।
কেন এই বয়সে তিনি গাছ লাগাচ্ছেন, এমন প্রশ্নের জবাবে তাঁর বক্তব্য ছিল, অন্যরা গাছ লাগিয়েছিল বলেই আজ আমরা তার ফল ভোগ করছি। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্যও আমাদের গাছ লাগানো উচিত।
এই গল্পে আনুশিরওয়ান শুধু একজন ন্যায়পরায়ণ শাসক নন, বরং ভবিষ্যৎ মানুষের কল্যাণে দায়িত্বশীল একজন ব্যক্তিত্ব। নিজের জীবনের সীমাবদ্ধতার বাইরে গিয়ে পরবর্তী প্রজন্মের কথা ভাবার শিক্ষা এখানে তুলে ধরা হয়েছে।
ধ্বংসাবশেষে ক্ষমতার অনিবার্য পরিণতি
তবে ফারসি সাহিত্যে আনুশিরওয়ানকে শুধু প্রশংসার চোখে দেখা হয়নি। কবি খাকানি তাঁর বিখ্যাত ‘ইভানে মাদায়েন’ কবিতায় প্রাচীন সাসানীয় প্রাসাদ তাখতে কিসরার ধ্বংসাবশেষের সামনে দাঁড়িয়ে ক্ষমতার ক্ষণস্থায়িত্ব তুলে ধরেছেন।
একসময় যে প্রাসাদ ছিল রাজকীয় ক্ষমতা ও আভিজাত্যের প্রতীক, সময়ের প্রবাহে তা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। খাকানির কবিতায় আনুশিরওয়ানের অতীত গৌরব তাই একদিকে ক্ষমতার শীর্ষে পৌঁছানোর প্রতীক, অন্যদিকে সব পার্থিব অর্জনের অবসানের স্মারক।
ফারসি সাহিত্যে আনুশিরওয়ানের এই বহুমাত্রিক উপস্থিতিই তাঁকে বিশেষ করে তুলেছে। কোথাও তিনি ন্যায়বিচারক, কোথাও জ্ঞানানুরাগী শাসক, আবার কোথাও সময়ের কাছে পরাজিত এক ঐতিহাসিক চরিত্র। তাঁর সবচেয়ে স্থায়ী উত্তরাধিকার হলো—ক্ষমতার প্রকৃত মর্যাদা সাম্রাজ্যের আয়তনে নয়, বরং শাসকের ন্যায়বিচার, প্রজ্ঞা ও মানুষের প্রতি দায়িত্ববোধে।












