দীর্ঘ কয়েক দশক ধরে উন্নত বিশ্বের অর্থনীতি, সম্পদ ও রাজনীতিতে আধিপত্য ধরে রেখেছিল বয়স্ক প্রজন্ম। বিশেষ করে ১৯৪০-এর দশকের মাঝামাঝি থেকে ১৯৬০-এর দশকের মাঝামাঝি সময়ে জন্ম নেওয়া বেবি বুমাররা বাড়ি, শেয়ারবাজার ও পেনশন সুবিধার বড় অংশ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিলেন। অন্যদিকে তরুণদের জন্য আবাসন, স্থায়ী চাকরি ও আর্থিক নিরাপত্তা অর্জন ক্রমেই কঠিন হয়ে উঠেছিল। তবে সেই চিত্রে পরিবর্তন আসছে। উন্নত বিশ্বের বিভিন্ন দেশে বয়স্কদের তুলনায় কর্মক্ষম তরুণদের আয় ও সম্পদ বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে।
সাম্প্রতিক বিভিন্ন দেশের অর্থনৈতিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৩২টি উন্নত দেশের মধ্যে ২৬টিতে কর্মক্ষম জনগোষ্ঠীর তুলনায় বয়স্কদের আয়ের অবস্থান দুর্বল হচ্ছে। একই সঙ্গে তরুণদের সম্পদ সঞ্চয়ের সুযোগ বাড়ছে এবং সরকারি নীতিতেও বয়স্কদের পাশাপাশি শিশু ও তরুণ পরিবারগুলো বেশি গুরুত্ব পাচ্ছে।
এই পরিবর্তন শুধু প্রজন্মগত সম্পদের ভারসাম্য বদলাচ্ছে না, বরং দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোতেও নতুন বাস্তবতা তৈরি করছে।
কীভাবে তৈরি হয়েছিল বয়স্কদের অর্থনৈতিক আধিপত্য
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোতে সামাজিক নিরাপত্তাব্যবস্থা সম্প্রসারিত হয়। বিশেষ করে পেনশন, স্বাস্থ্যসেবা, আবাসন ও অন্যান্য সামাজিক সুবিধা বাড়ানো হয়।
তবে শুরুতে বয়স্কদের বড় অংশই আর্থিকভাবে সচ্ছল ছিলেন না। যুক্তরাষ্ট্রে ১৯৬০-এর দশকের মাঝামাঝি সময়ে ৬৫ বছরের বেশি বয়সীদের প্রায় ৩০ শতাংশ দারিদ্র্যসীমার নিচে ছিলেন। কানাডায় ১৯৭৬ সালে বয়স্ক পরিবারগুলোর ৪৭ শতাংশ দরিদ্র ছিল।
পরিস্থিতি বদলাতে শুরু করে ১৯৮০-এর দশকে। বয়স্কদের দারিদ্র্য রাজনৈতিকভাবে বড় ইস্যু হয়ে ওঠে। সরকারগুলো পেনশন বাড়ায়, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ করে এবং আবাসন, জ্বালানি ও পরিবহন খাতে বিশেষ সুবিধা দিতে শুরু করে।
পরবর্তী দুই দশকে এসব সুবিধার সঙ্গে যুক্ত হয় সম্পত্তি ও শেয়ারবাজারের মূল্যবৃদ্ধি। ফলে বেবি বুমারদের একটি বড় অংশ একই সঙ্গে উচ্চ পেনশন, বাড়ির মালিকানা এবং আর্থিক সম্পদের সুবিধা পেতে থাকেন।
আয়ের ব্যবধান কমছে, এগিয়ে আসছে তরুণরা
যুক্তরাজ্যে ১৯৯০ ও ২০০০-এর দশকে অবসরপ্রাপ্তদের আয় দ্রুত বেড়েছিল। ২০১০-এর দশকের মাঝামাঝি সময়ে পেনশনভোগীদের আয় কর্মক্ষম জনগোষ্ঠীর আয়ের কাছাকাছি পৌঁছে যায়।
যুক্তরাষ্ট্রেও ১৯৭৯ সালে বয়স্ক পরিবারের মধ্যম আয় অন্যান্য পরিবারের আয়ের ৫৭ শতাংশ ছিল। ২০১২ সালে তা বেড়ে ৯০ শতাংশে পৌঁছায়।
ইতালিতে ২০০৩ থেকে ২০১৯ সালের মধ্যে কর্মক্ষম জনগোষ্ঠীর তুলনায় বয়স্কদের মধ্যম আয় ৭৯ শতাংশ থেকে বেড়ে ৯২ শতাংশ হয়।
কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই প্রবণতা উল্টো দিকে যাচ্ছে। যুক্তরাজ্যে একসময় অব্যাহতভাবে বাড়তে থাকা পেনশনভোগীদের আপেক্ষিক আয় এখন কর্মক্ষম জনগোষ্ঠীর মধ্যম আয়ের চেয়ে প্রায় ১০ শতাংশ কম।
গ্রিসেও কর্মক্ষম বয়সীদের আয় এখন পেনশনভোগীদের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি। যুক্তরাষ্ট্রে এক দশকের বেশি সময় ধরে বয়স্কদের মধ্যম আয়ে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে না।
সম্পদেও বদলাচ্ছে প্রজন্মগত ভারসাম্য
শুধু আয় নয়, সম্পদ সঞ্চয়ের ক্ষেত্রেও তরুণদের অবস্থান শক্তিশালী হচ্ছে।
যুক্তরাষ্ট্রে ৭০ বছরের বেশি বয়সীদের হাতে এখনো ব্যক্তিগত সম্পদের প্রায় এক-তৃতীয়াংশ রয়েছে। তবে ২০১০-এর দশকের শেষভাগ থেকে মোট সম্পদে তাদের অংশ বৃদ্ধির গতি জনসংখ্যায় তাদের অংশ বৃদ্ধির তুলনায় কম।
অন্যদিকে শেয়ারবাজারে বিনিয়োগের মাধ্যমে তরুণদের সম্পদ বাড়ছে। যুক্তরাষ্ট্রের মিলেনিয়াল প্রজন্ম একই বয়সে আগের প্রজন্মগুলোর তুলনায় বেশি সম্পদের মালিক হয়েছে। জেনারেশন জেডের ক্ষেত্রেও দ্রুত সম্পদ সঞ্চয়ের প্রাথমিক লক্ষণ দেখা যাচ্ছে।
আবাসন বাজারেও পরিবর্তন স্পষ্ট। যুক্তরাষ্ট্রে বাড়ির মালিকদের মধ্যম বয়স ২০০৯ থেকে ২০১৯ সালের মধ্যে ৫৪ থেকে বেড়ে ৫৮ বছর হয়েছিল। কিন্তু এরপর তা আর বাড়েনি। ইংল্যান্ডেও ২০১৭-১৮ সাল থেকে ৬৫ বছর বা তার বেশি বয়সী বাড়ির মালিকদের অংশ প্রায় ৩৬ শতাংশে স্থির রয়েছে।
মূল্যস্ফীতি ও কর্মসংস্থান তরুণদের পক্ষে
এই পরিবর্তনের পেছনে কয়েকটি অর্থনৈতিক কারণ কাজ করছে। গত দুই দশকে উন্নত বিশ্বে শ্রমের চাহিদা তুলনামূলক শক্তিশালী থাকায় কর্মীদের মজুরি বেড়েছে। ফলে তরুণদের সঞ্চয় ও সম্পদ গড়ার সুযোগ তৈরি হয়েছে।
অন্যদিকে করোনা-পরবর্তী মূল্যস্ফীতি বয়স্কদের সঞ্চয় ও নির্দিষ্ট অঙ্কের পেনশনের প্রকৃত মূল্য কমিয়ে দিয়েছে। ইউরোপীয় কমিশনের একটি গবেষণায় দেখা গেছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাম্প্রতিক সংকটে কর্মক্ষম পরিবারের তুলনায় পেনশনভোগী পরিবারগুলো প্রায় তিন গুণ বেশি চাপে পড়েছে।
কর্মসংস্থানেও তরুণদের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে স্থায়ী চাকরির তুলনায় অস্থায়ী চাকরিতে তরুণদের অতিরিক্ত নির্ভরতার যে প্রবণতা ছিল, সাম্প্রতিক সময়ে সেই ব্যবধান কমেছে।
সরকারি ব্যয়ে বদলাচ্ছে অগ্রাধিকার
বয়স্কদের জন্য সরকারি ব্যয়ের পরিমাণ এখনো অনেক বেশি। তবে জনসংখ্যার বয়স বাড়ার কারণে ব্যক্তি হিসাবে পাওয়া সুবিধার পরিমাণ কমছে।
যুক্তরাষ্ট্রে ২০১০-এর দশক পর্যন্ত ৬৫ বছরের বেশি বয়সীরা অন্যান্য বয়সী জনগোষ্ঠীর তুলনায় মাথাপিছু প্রায় ১০ গুণ বেশি কেন্দ্রীয় সরকারি সুবিধা পেতেন। ২০২৪ সালে এই ব্যবধান কমে প্রায় ছয় গুণ হয়েছে।
ইতালিতেও মহামারির আগে বয়স্কদের জন্য সরকারি ব্যয় পরিবার ও শিশুদের পেছনে ব্যয়ের প্রায় ১৫ গুণ ছিল। বর্তমানে তা ১০ গুণের নিচে নেমেছে।
একই সঙ্গে জার্মানি, আয়ারল্যান্ড, জাপান, পোল্যান্ড ও দক্ষিণ কোরিয়া শিশুদের ভাতা বাড়িয়েছে। বিভিন্ন দেশে পিতামাতার ছুটির সুবিধাও সম্প্রসারিত হচ্ছে।
অবসরের বয়স বাড়ানোর প্রবণতাও স্পষ্ট। ইতালিতে পুরুষদের অবসরের গড় বয়স গত এক দশকে চার বছর বেড়েছে। চীনও সাত দশকের বেশি সময় পর ২০২৫ সালে অবসরের বয়স বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে।
রাজনীতিতেও কমছে বয়স্কদের একচ্ছত্র প্রভাব
অর্থনৈতিক পরিবর্তনের পাশাপাশি রাজনৈতিক নেতৃত্বেও তরুণদের অংশগ্রহণ বাড়ছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ২০২৫ সালে সদস্যদের গড় বয়স ছিল ৫৭ দশমিক ৯ বছর, যা ২০২১ সালের ৫৮ দশমিক ৪ বছরের তুলনায় কম।
যুক্তরাজ্যে ২০২৪ সালে নির্বাচিত সংসদ সদস্যদের গড় বয়স পাঁচ বছর আগের তুলনায় কমেছে। ফ্রান্সেও ৪০ বছর বা তার কম বয়সী মন্ত্রীর অংশ বেড়েছে।
তবে বয়স্কদের প্রভাব পুরোপুরি শেষ হয়ে যায়নি। বাড়ি, শেয়ার ও অন্যান্য আর্থিক সম্পদের বড় অংশ এখনো তাদের নিয়ন্ত্রণে। পাশাপাশি স্বাস্থ্যসেবা ও দীর্ঘমেয়াদি পরিচর্যার ব্যয় বাড়ার চাপও রয়েছে।
তারপরও ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি, উচ্চ সরকারি ঋণ এবং কম জন্মহার সরকারগুলোকে নতুন করে অগ্রাধিকার নির্ধারণে বাধ্য করছে। অনির্দিষ্টকাল ধরে পেনশন ও বয়স্কদের অন্যান্য সুবিধা বাড়িয়ে যাওয়ার সুযোগ আর আগের মতো নেই।












