অ্যালার্জি মানেই ছোটবেলা থেকে থাকা কোনো শারীরিক সমস্যা—এমন ধারণা প্রচলিত। অনেকেই মনে করেন, জন্মগত প্রবণতা না থাকলে পরবর্তী জীবনে নতুন করে অ্যালার্জি হওয়ার আশঙ্কা নেই। কিন্তু চিকিৎসাবিজ্ঞান বলছে, এই ধারণা সঠিক নয়। শৈশব পেরিয়ে প্রাপ্তবয়স্ক কিংবা বৃদ্ধ বয়সেও নতুন করে অ্যালার্জি দেখা দিতে পারে। এমনকি আগে যেসব খাবার নিশ্চিন্তে খাওয়া হয়েছে, সেগুলোও একসময় শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়া তৈরি করতে পারে।
গবেষকদের মতে, বংশগত বৈশিষ্ট্য অ্যালার্জির একটি কারণ হলেও একমাত্র কারণ নয়। ভাইরাসের সংক্রমণ, অ্যান্টিবায়োটিকের ব্যবহার, অন্ত্রের জীবাণুর ভারসাম্যে পরিবর্তন, গর্ভাবস্থায় হরমোনের ওঠানামা এবং নির্দিষ্ট প্রজাতির টিকের কামড়ও নতুন অ্যালার্জি তৈরিতে ভূমিকা রাখতে পারে।
যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের খাদ্য অ্যালার্জি ও হাঁপানি গবেষণা কেন্দ্রের পরিচালক রুচি গুপ্তার মতে, মানুষের জীবনে যেকোনো বয়সে নতুন অ্যালার্জি তৈরি হতে পারে। অনেক ক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধব্যবস্থায় এমন কোনো পরিবর্তন ঘটে, যা আগে ক্ষতিকর নয় বলে বিবেচিত কোনো উপাদানকেও বিপজ্জনক হিসেবে শনাক্ত করতে শুরু করে।
ভাইরাস সংক্রমণ হতে পারে অ্যালার্জির সূত্রপাত
নতুন অ্যালার্জি তৈরির সম্ভাব্য কারণগুলোর মধ্যে রয়েছে করোনাভাইরাসের সংক্রমণ। ২০২৬ সালের একটি গবেষণায় দেখা গেছে, কোভিড-১৯-এ আক্রান্ত ব্যক্তিদের পরবর্তী সময়ে অ্যালার্জিজনিত নাকের প্রদাহ এবং হাঁপানির ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।
সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউটের চর্মরোগ বিশেষজ্ঞ ও গবেষণাটির সহলেখক ফিলিপ কারম্যান বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর অ্যালার্জির ঝুঁকি বেড়েছে। অন্যদিকে টিকা গ্রহণের সঙ্গে এ ধরনের ঝুঁকি কমে যাওয়ার সম্পর্ক পাওয়া গেছে।
কেন এমন হয়? গবেষকদের ব্যাখ্যা, করোনাভাইরাসের সংক্রমণের সময় শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা অতিরিক্ত সক্রিয় হয়ে উঠতে পারে। এতে শরীরে প্রদাহ বাড়ে। প্রদাহের সঙ্গে অ্যালার্জিজনিত সমস্যার সম্পর্ক রয়েছে।
শুধু করোনাভাইরাস নয়, শিশুদের মধ্যে শ্বাসতন্ত্রের সংক্রমণ ঘটানো আরএসভি এবং সাধারণ সর্দির জন্য দায়ী রাইনোভাইরাসও একই ধরনের প্রভাব ফেলতে পারে বলে আগের গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে।
রুচি গুপ্তার ব্যাখ্যা অনুযায়ী, ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে রোগ প্রতিরোধব্যবস্থা যখন আগে থেকেই অতিরিক্ত সক্রিয় থাকে, তখন একই সময়ে শরীরে প্রবেশ করা কোনো খাবার বা পরিবেশগত উপাদানকেও ভুল করে ক্ষতিকর হিসেবে শনাক্ত করতে পারে। এভাবেই নতুন অ্যালার্জির সূচনা হতে পারে।
অ্যান্টিবায়োটিকের ব্যবহারেও বদলাতে পারে রোগ প্রতিরোধব্যবস্থা
অ্যালার্জির আরেকটি সম্ভাব্য কারণ অ্যান্টিবায়োটিকের ব্যবহার। বিভিন্ন গবেষণায় অ্যান্টিবায়োটিক গ্রহণের পরবর্তী সময়ে অ্যালার্জির ঝুঁকি বাড়ার সম্পর্ক পাওয়া গেছে।
এর পেছনে থাকতে পারে অন্ত্রের অণুজীবের ভারসাম্য নষ্ট হওয়া। মানুষের পরিপাকতন্ত্রে বিপুলসংখ্যক ব্যাকটেরিয়া বসবাস করে। এদের সম্মিলিতভাবে বলা হয় অন্ত্রের জীবাণুগোষ্ঠী। এগুলো শুধু খাবার হজমেই সাহায্য করে না, শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা স্বাভাবিক রাখতেও ভূমিকা রাখে।
অ্যান্টিবায়োটিক ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করার পাশাপাশি উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যাও কমিয়ে দিতে পারে। ফলে অন্ত্রের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়।
রুচি গুপ্তার মতে, অন্ত্রের এই জীবাণুগোষ্ঠীর ভারসাম্য বিঘ্নিত হলে রোগ প্রতিরোধব্যবস্থা বিভ্রান্ত হতে পারে। তখন স্বাভাবিকভাবে ক্ষতিকর নয় এমন কোনো উপাদানকেও শরীর শত্রু হিসেবে বিবেচনা করে তার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে পারে।
তবে অন্ত্রের জীবাণু এবং অ্যালার্জির মধ্যকার সম্পর্ক নিয়ে গবেষণা এখনো চলছে। এ বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে আরও গবেষণা প্রয়োজন।
গর্ভাবস্থা ও হরমোনের পরিবর্তনে বাড়তে পারে অ্যালার্জি
নারীদের ক্ষেত্রে গর্ভাবস্থাও অ্যালার্জির ধরন বদলে দিতে পারে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অ্যালার্জি বিশেষজ্ঞ কেলি কোলাসের মতে, আগে থেকেই পরিবেশগত অ্যালার্জি রয়েছে—এমন নারীদের প্রায় এক-তৃতীয়াংশের ক্ষেত্রে গর্ভধারণের পর উপসর্গ বেড়ে যেতে পারে।
আবার এমন কিছু নারী রয়েছেন, যাঁদের আগে কখনো অ্যালার্জি ছিল না। গর্ভাবস্থায় তাঁদের হাঁচি, নাক বন্ধ থাকা এবং নাক দিয়ে পানি পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে। চিকিৎসাবিজ্ঞানে এ অবস্থাকে বলা হয় গর্ভকালীন নাকের প্রদাহ।
তবে এটি সব সময় প্রকৃত অ্যালার্জি নয়। অনেক ক্ষেত্রে হরমোনের পরিবর্তনের কারণে অ্যালার্জির মতো উপসর্গ তৈরি হয়। সন্তান জন্মের পর সাধারণত এসব সমস্যা কমে যায় বা সম্পূর্ণ সেরে ওঠে।
গর্ভাবস্থায় ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের মাত্রায় পরিবর্তন ঘটে। এই দুই হরমোনের সঙ্গে রোগ প্রতিরোধব্যবস্থার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ফলে হরমোনের ওঠানামা শরীরের অ্যালার্জিজনিত প্রতিক্রিয়াকেও প্রভাবিত করতে পারে।
শুধু গর্ভাবস্থা নয়, মেনোপজ বা ঋতুস্রাব স্থায়ীভাবে বন্ধ হওয়ার পরও কিছু নারীর নতুন অ্যালার্জি দেখা দিতে পারে বলে গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে। এই সময়েও শরীরে বড় ধরনের হরমোনগত পরিবর্তন ঘটে।
টিকের কামড়ে মাংসেও হতে পারে অ্যালার্জি
নতুন অ্যালার্জির সবচেয়ে বিস্ময়কর উদাহরণগুলোর একটি হলো লাল মাংসের প্রতি অ্যালার্জি। উত্তর আমেরিকায় পাওয়া এক ধরনের টিকের কামড়ে এ সমস্যা তৈরি হতে পারে। এই টিকের নাম লোন স্টার টিক।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাবিজ্ঞানের অধ্যাপক থমাস প্ল্যাটস-মিলস ঘটনাক্রমে এই অ্যালার্জির রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
২০০৭ সালে লন্ডন সফরের সময় তিনি রাতে ভেড়ার মাংস খেয়েছিলেন। কিন্তু খাবার খাওয়ার কয়েক ঘণ্টা পর মাঝরাতে তাঁর সারা শরীরে চাকা চাকা ফুসকুড়ি দেখা দেয়। এর আগে কয়েক মাস আগে পাহাড়ি এলাকায় হাঁটার সময় তাঁর শরীরে টিকের লার্ভা লেগেছিল এবং সেগুলো তাঁকে কামড়েছিল।
তখন তাঁর গবেষক দল যুক্তরাষ্ট্রে এমন কয়েকজন রোগীর সমস্যা নিয়ে কাজ করছিল, যাঁরা বহু বছর ধরে স্বাভাবিকভাবে লাল মাংস খেলেও হঠাৎ এতে অ্যালার্জিতে আক্রান্ত হয়েছেন। অনুসন্ধানে দেখা যায়, এসব রোগীর অনেকেরই আগে টিকের কামড় খাওয়ার ইতিহাস রয়েছে।
প্ল্যাটস-মিলসের নিজের অভিজ্ঞতা এবং পরবর্তী রক্ত পরীক্ষার ফলাফল গবেষকদের ধারণাকে আরও শক্তিশালী করে। এভাবেই তাঁরা শনাক্ত করেন বিশেষ ধরনের খাদ্য অ্যালার্জি, যার নাম আলফা-গ্যাল সিনড্রোম।
এই অ্যালার্জির পেছনে রয়েছে আলফা-গ্যাল নামের একটি শর্করা অণু। গরু, ছাগল, ভেড়াসহ অধিকাংশ স্তন্যপায়ী প্রাণীর শরীরে এটি প্রাকৃতিকভাবে তৈরি হয়। কিন্তু মানুষের শরীরে এটি তৈরি হয় না।
লোন স্টার টিকের লালায় থাকা আলফা-গ্যাল মানুষের শরীরে প্রবেশ করলে রোগ প্রতিরোধব্যবস্থা এটিকে বহিরাগত শত্রু হিসেবে শনাক্ত করতে পারে। পরবর্তী সময়ে গরু, ছাগল বা ভেড়ার মাংস খেলে শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে ত্বকে চাকা চাকা ফুসকুড়ি, শরীর ফুলে যাওয়া এবং পেটের সমস্যা। গুরুতর ক্ষেত্রে প্রাণঘাতী প্রতিক্রিয়াও দেখা দিতে পারে।
যুক্তরাষ্ট্রে এই রোগের বিস্তার বাড়ছে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে লোন স্টার টিকের বিস্তৃতিও বাড়ছে বলে গবেষকেরা মনে করছেন। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে দেশটিতে ৯০ হাজারের বেশি মানুষের আলফা-গ্যাল সিনড্রোম শনাক্ত হয়েছিল।
হঠাৎ তৈরি হওয়া অ্যালার্জি কি সারানো সম্ভব?
অ্যালার্জি হওয়ার মূল কারণ হলো রোগ প্রতিরোধব্যবস্থার ভুল প্রতিক্রিয়া। সাধারণত ধুলাবালি, পরাগরেণু, নির্দিষ্ট খাবার কিংবা প্রাণীর লোমের মতো ক্ষতিকর নয় এমন উপাদান শরীরে প্রবেশ করলে রোগ প্রতিরোধব্যবস্থা সেগুলোকে বিপজ্জনক মনে করে।
এরপর শরীর বিশেষ ধরনের প্রতিরক্ষামূলক প্রোটিন তৈরি করে, যাকে বলা হয় অ্যান্টিবডি। পরবর্তী সময়ে একই উপাদান শরীরে প্রবেশ করলে অ্যান্টিবডি সেটির বিরুদ্ধে প্রতিক্রিয়া শুরু করে। ফলে হাঁচি, নাক দিয়ে পানি পড়া, চোখ চুলকানো কিংবা ত্বকে ফুসকুড়ির মতো সমস্যা দেখা দেয়।
কিছু ক্ষেত্রে এই প্রতিক্রিয়া এতটাই তীব্র হতে পারে যে শ্বাসকষ্ট, রক্তচাপ কমে যাওয়া এবং জীবনসংকট তৈরি হয়। চিকিৎসাবিজ্ঞানে এ অবস্থাকে অ্যানাফাইল্যাক্সিস বলা হয়।
হঠাৎ তৈরি হওয়া অ্যালার্জি সব সময় সাময়িক নয়। ভাইরাস সংক্রমণ বা টিকের কামড়ের পর যে অ্যালার্জি তৈরি হয়, তা অনেক ক্ষেত্রে দীর্ঘস্থায়ী হতে পারে। তবে গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে তৈরি হওয়া নাকের প্রদাহ সাধারণত সন্তান জন্মের পর কমে যায়।
গবেষকেরা এখন এমন ওষুধ নিয়ে কাজ করছেন, যেগুলো রোগ প্রতিরোধব্যবস্থার অতিরিক্ত প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারে।
এ ক্ষেত্রে এক্সোলেয়ার নামের একটি ওষুধ বিশেষ গুরুত্ব পাচ্ছে। দীর্ঘদিন ধরে হাঁপানির চিকিৎসায় ব্যবহৃত এই ওষুধ খাদ্য অ্যালার্জির প্রতিক্রিয়া নিয়ন্ত্রণেও কার্যকর বলে গবেষণায় দেখা গেছে। এটি রোগ প্রতিরোধব্যবস্থার নির্দিষ্ট প্রক্রিয়ায় বাধা দিয়ে অতিরিক্ত অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া কমাতে সাহায্য করে।
এ ছাড়া অ্যালার্জির বিরুদ্ধে রোগ প্রতিরোধব্যবস্থাকে নতুনভাবে প্রশিক্ষিত করার জন্য টিকা তৈরির গবেষণাও চলছে। এমন কিছু চিকিৎসাপদ্ধতি নিয়েও পরীক্ষা হচ্ছে, যেখানে শরীরে সরাসরি অ্যালার্জি প্রতিরোধী অ্যান্টিবডি সরবরাহ করা হবে।
তবে বর্তমানে নতুন করে তৈরি হওয়া অ্যালার্জি সম্পূর্ণ নির্মূল করার কোনো নিশ্চিত চিকিৎসা নেই। যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক রুচি গুপ্তার মতে, গত দুই দশকে খাদ্য অ্যালার্জি নিয়ে গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ভবিষ্যতে রোগ প্রতিরোধব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে অ্যালার্জির চিকিৎসায় আরও কার্যকর পদ্ধতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।












