ভারতের গণতন্ত্র নিয়ে মন্তব্য এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে বিরোধীদের ব্যবহৃত স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দেশটিতে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। ইতালির বামপন্থী রাজনীতিক ও ইউরোপীয় সমাজতন্ত্রী দলের মহাসচিব জিয়াকোমো ফিলিবেকের মন্তব্যের পর ক্ষমতাসীন বিজেপি, বিরোধী কংগ্রেস এবং ইতালির রাজনৈতিক মহলেও পাল্টাপাল্টি প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
শনিবার ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর হায়দরাবাদে একটি অনুষ্ঠানে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে একই মঞ্চে ছিলেন ফিলিবেক। সেখানে তিনি ভারতের বিরোধী দলগুলোর বহুল ব্যবহৃত স্লোগান ‘ভোট চোর, গদি ছাড়’ উচ্চারণ করেন। পরে এর ইংরেজি অর্থও ব্যাখ্যা করেন—‘ভোট চোর, ক্ষমতা ছাড়ো’। এ সময় রাহুল গান্ধী তাঁকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে ফিলিবেক আরও বলেন, ভারতে গণতন্ত্র আক্রান্ত হচ্ছে এবং তা রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। তাঁর এই বক্তব্যকে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ হিসেবে দেখছে ক্ষমতাসীন বিজেপি।
বিদেশি রাজনীতিকের ভিসা নিয়ে প্রশ্ন
ভারতীয় সরকারের সংশ্লিষ্ট সূত্রের দাবি, ফিলিবেক সম্মেলনে অংশ নেওয়ার জন্য ই-ভিসা পোর্টালের মাধ্যমে আবেদন করে দেশটিতে এসেছিলেন। কিন্তু সম্মেলনের বাইরে গিয়ে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে মন্তব্য করায় তিনি ভিসার শর্ত লঙ্ঘন করেছেন।
সরকারি সূত্রের বক্তব্য, কোনো ধরনের ভিসা নিয়েই বিদেশিদের ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ড ভিসার নিয়মের পরিপন্থী।
তবে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এখনো ফিলিবেকের বক্তব্য নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। বিজেপিসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ বিষয়ে বিদেশি নিবন্ধন দপ্তরের কাছে যাওয়ার পরিকল্পনা রয়েছে দলটির।
ভোটার তালিকা নিয়ে বিরোধীদের অভিযোগ
ভারতে ভোটার তালিকা সংশোধনের চলমান প্রক্রিয়াকে কেন্দ্র করেই রাজনৈতিক বিরোধ আরও তীব্র হয়েছে। এই প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে লাখ লাখ নাম বাদ পড়েছে বলে অভিযোগ বিরোধীদের। কংগ্রেসের দাবি, তালিকা থেকে নাম বাদ দেওয়ার মাধ্যমে নির্বাচনে বিজেপির সুবিধা পাওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।
তবে নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। কমিশনের বক্তব্য, ভোটার তালিকায় থাকা একাধিকবার নিবন্ধিত এবং ভোট দেওয়ার অযোগ্য ব্যক্তিদের নাম বাদ দিতেই এই সংশোধন করা হচ্ছে।
ভারতের সংসদবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সামাজিক যোগাযোগমাধ্যমে রাহুল গান্ধীর সমালোচনা করেছেন। তাঁর প্রশ্ন, কোনো বিদেশি ব্যক্তি ভারতের সমালোচনা করলে তা দেখে হাসতে কাউকে কখনো দেখা গেছে কি না।
অন্যদিকে আঞ্চলিক রাজনৈতিক দল ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) নেতা কার্তিক রেড্ডি পাতোল্লা বিদেশি নেতাদের দিয়ে ভারতের গণতন্ত্রকে উপহাস করার সুযোগ দেওয়াকে ‘রাষ্ট্রদ্রোহ’ বলে মন্তব্য করেছেন। বিআরএস বিজেপির মিত্র নয়।
ইতালিতেও সমালোচনার মুখে ফিলিবেক
ফিলিবেকের বক্তব্য নিয়ে ইতালির রাজনীতিতেও সমালোচনা শুরু হয়েছে। দেশটির ক্ষমতাসীন জোটের দল ফোরজা ইতালিয়ার আইনপ্রণেতা দেবোরা বেরগামিনি বলেছেন, ৯৭ কোটি ভোটার নিয়ে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক ব্যবস্থার দেশকে গণতন্ত্রের শিক্ষা দেওয়া ইউরোপীয়দের জন্য যথাযথ নয়।
তিনি আরও বলেন, ইতালির সঙ্গে ভারতের বিশেষ কৌশলগত অংশীদারত্ব রয়েছে। বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতা গভীর হচ্ছে। এমন একটি বন্ধুত্বপূর্ণ দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্কে হস্তক্ষেপ করা অনুচিত।
ফিলিবেকের মন্তব্য ঘিরে দুই দেশের রাজনৈতিক মহলে তৈরি হওয়া এই বিতর্ক এখন নতুন মাত্রা পেয়েছে। ভারতের অভ্যন্তরীণ রাজনীতি, ভোটার তালিকা সংশোধন এবং বিদেশিদের রাজনৈতিক ভূমিকা—তিনটি বিষয়ই এতে সামনে এসেছে।












