প্রতি ঘনমিটার বাতাসে পিএম২.৫-এর মাত্রা ১০ মাইক্রোগ্রাম বাড়লে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে ১০ থেকে ১৬ শতাংশ
সুস্থ থাকতে নিয়মিত ব্যায়াম, পরিমিত খাবার, শরীরের স্বাভাবিক ওজন বজায় রাখা এবং বংশগত ঝুঁকি না থাকা—এসবকে সাধারণত ডায়াবেটিস প্রতিরোধের গুরুত্বপূর্ণ উপায় হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু এসব অভ্যাস মেনে চলার পরও একজন মানুষ টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকিতে থাকতে পারেন। কারণ, প্রতিদিন যে বাতাসে তিনি শ্বাস নিচ্ছেন, সেটিও তাঁর শরীরের বিপাকীয় স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে।
সাম্প্রতিক একটি বৈশ্বিক গবেষণা পর্যালোচনায় দেখা গেছে, দীর্ঘদিন বায়ুদূষণের শিকার হলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। বিশেষ করে বাতাসে থাকা অতি সূক্ষ্ম ধূলিকণা পিএম২.৫ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গবেষণায় বলা হয়েছে, বাতাসে প্রতি ঘনমিটারে পিএম২.৫-এর ঘনত্ব ১০ মাইক্রোগ্রাম বাড়লে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি ১০ থেকে ১৬ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
ভারতের দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এ ১৬ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এই গবেষণার বিস্তারিত তুলে ধরা হয়েছে।
গবেষণাটির নাম ‘এপেক্স-টি২ডি’। এতে বিশ্বজুড়ে পরিচালিত আগের ১৩টি পদ্ধতিগত গবেষণা পর্যালোচনা করা হয়েছে। এসব গবেষণায় অংশগ্রহণকারীর সংখ্যা ২০ কোটির বেশি। গবেষকদের লক্ষ্য ছিল, দীর্ঘমেয়াদি বায়ুদূষণের সঙ্গে ডায়াবেটিস এবং হৃদ্যন্ত্র, কিডনি ও বিপাকীয় ব্যবস্থার সম্পর্ক কতটা গভীর, তা বিশ্লেষণ করা।
গবেষণাটির নেতৃত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের মায়ামির লুমেন ফাউন্ডেশনের দূষণ ও স্বাস্থ্যবিষয়ক প্রধান গবেষক ডা. যশেন্দ্র শেঠি। এতে সহলেখক হিসেবে রয়েছেন ভারতের নয়াদিল্লির ফর্টিস সি-ডক হাসপাতালের ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ ডা. অনুপ মিশ্রসহ আরও কয়েকজন গবেষক।
দূষিত বাতাস কীভাবে বাড়ায় ডায়াবেটিসের ঝুঁকি
পিএম২.৫ হলো অত্যন্ত ক্ষুদ্র বায়ুদূষণকারী কণা। এর ব্যাস ২ দশমিক ৫ মাইক্রোমিটার বা তার চেয়ে কম। মানুষের চুলের তুলনায় এসব কণা অনেক বেশি সূক্ষ্ম। ফলে শ্বাসের সঙ্গে সহজেই ফুসফুসের গভীরে প্রবেশ করতে পারে। এর কিছু উপাদান রক্তপ্রবাহেও পৌঁছাতে পারে।
গবেষকদের ব্যাখ্যা অনুযায়ী, এসব কণা শরীরে প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করতে পারে। অক্সিডেটিভ স্ট্রেস হলো এমন একটি অবস্থা, যখন শরীরে ক্ষতিকর অণুর পরিমাণ বেড়ে গিয়ে কোষ ও টিস্যুর ক্ষতি করতে শুরু করে।
দীর্ঘদিন এই প্রক্রিয়া চলতে থাকলে শরীরের ইনসুলিন ব্যবহারের স্বাভাবিক ক্ষমতা ব্যাহত হতে পারে।
ইনসুলিন হলো অগ্ন্যাশয় থেকে নিঃসৃত একটি হরমোন, যা রক্তের গ্লুকোজ বা শর্করাকে শরীরের কোষে প্রবেশ করতে সাহায্য করে। কোষ ইনসুলিনের প্রতি যথাযথ সাড়া না দিলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। চিকিৎসাবিজ্ঞানে এ অবস্থাকে ইনসুলিন প্রতিরোধ বলা হয়। এটি টাইপ-২ ডায়াবেটিসের অন্যতম প্রধান কারণ।
দূষিত বাতাসের কারণে পেশি ও যকৃতের গ্লুকোজ ব্যবহারের প্রক্রিয়াও বাধাগ্রস্ত হতে পারে। একই সঙ্গে অগ্ন্যাশয়ের ইনসুলিন উৎপাদনকারী কোষের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে।
ডা. অনুপ মিশ্রের মতে, বায়ুদূষণ শুধু ফুসফুসের রোগের কারণ নয়। এটি শরীরের বিপাকীয় কার্যক্রম এবং হৃদ্রোগের ঝুঁকির সঙ্গেও সম্পর্কিত।
ব্যায়াম করলেও কি ঝুঁকি এড়ানো সম্ভব নয়?
গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, বায়ুদূষণের প্রভাব প্রচলিত ডায়াবেটিসের ঝুঁকির বাইরেও কাজ করতে পারে।
সাধারণত অতিরিক্ত ওজন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক নিষ্ক্রিয়তা এবং বংশগত প্রবণতাকে টাইপ-২ ডায়াবেটিসের প্রধান ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু দীর্ঘদিন দূষিত বাতাসে বসবাস করলে এসব ঝুঁকি না থাকলেও বিপাকীয় স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
শরীরে প্রদাহ তৈরি হলে পেশির ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা কমে যেতে পারে। ফলে নিয়মিত ব্যায়াম করা এবং পেশির গঠন ভালো থাকার পরও কোষ রক্ত থেকে পর্যাপ্ত শর্করা গ্রহণ করতে ব্যর্থ হতে পারে।
ডা. যশেন্দ্র শেঠি বলেন, যারা নিয়মিত শরীরচর্চা করেন, স্বাস্থ্যকর ওজন বজায় রাখেন এবং ভালো পেশিশক্তির অধিকারী, দীর্ঘদিন বায়ুদূষণের সংস্পর্শে থাকলে তাঁরাও বিপাকীয় স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন।
তবে গবেষকেরা সতর্ক করেছেন, পিএম২.৫-এর সঙ্গে ডায়াবেটিসের ঝুঁকির সম্পর্ক পাওয়া গেলেও দূষণ সরাসরি ডায়াবেটিস সৃষ্টি করে—এমন চূড়ান্ত কারণ-সম্পর্ক এখনো প্রতিষ্ঠিত হয়নি। এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।
দক্ষিণ এশিয়ায় কেন ঝুঁকি বেশি
দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বায়ুদূষণের মাত্রা দীর্ঘদিন ধরেই উদ্বেগের বিষয়। বিশেষ করে বড় শহরগুলোতে যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন, নির্মাণকাজের ধুলা এবং জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে বাতাসে সূক্ষ্ম কণার পরিমাণ বেড়ে যায়।
ডা. অনুপ মিশ্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার অনেক শহরে বার্ষিক পিএম২.৫-এর মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত নির্দেশক সীমার প্রায় ১০ গুণ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক নির্দেশক সীমা প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রাম। অর্থাৎ অনেক শহরের বাসিন্দারা দীর্ঘ সময় ধরে সুপারিশকৃত মাত্রার তুলনায় অনেক বেশি দূষিত বাতাসে বসবাস করছেন।
এখানে ব্যক্তিগত ঝুঁকির পাশাপাশি জনস্বাস্থ্যের বড় ধরনের প্রভাবও রয়েছে। একজন মানুষের ক্ষেত্রে ডায়াবেটিসের ঝুঁকি সামান্য বাড়লেও কোটি কোটি মানুষ একই ধরনের দূষণের মধ্যে বসবাস করলে সামগ্রিকভাবে আক্রান্ত মানুষের সংখ্যা অনেক বেড়ে যেতে পারে।
বিশেষ উদ্বেগের বিষয় তরুণ প্রজন্ম। যারা শৈশব থেকেই দূষিত শহরে বড় হচ্ছে, তাদের শরীরে দীর্ঘ সময় ধরে দূষণের প্রভাব জমা হতে পারে। বিশের কোঠায় পৌঁছানোর আগেই অনেকের এক দশকের বেশি সময় দূষিত বাতাসে বসবাসের অভিজ্ঞতা তৈরি হচ্ছে।
গবেষকদের মতে, শৈশব ও কৈশোরে দীর্ঘমেয়াদি বায়ুদূষণের প্রভাব ভবিষ্যতে ডায়াবেটিস এবং হৃদ্রোগের ঝুঁকিকে কীভাবে প্রভাবিত করে, তা নিয়ে আরও অনুসন্ধান প্রয়োজন।
শুধু ডায়াবেটিস নয়, বাড়তে পারে হৃদ্রোগে মৃত্যুঝুঁকিও
বায়ুদূষণের সঙ্গে ডায়াবেটিসের সম্পর্ক নিয়ে এটিই একমাত্র গবেষণা নয়। আগের ৩৬টি গবেষণার ৪১টি তথ্যভান্ডার নিয়ে পরিচালিত একটি পদ্ধতিগত পর্যালোচনা ও বিশ্লেষণেও ডায়াবেটিস-সম্পর্কিত মৃত্যুর সঙ্গে পিএম২.৫ দূষণের ইতিবাচক সম্পর্ক পাওয়া গেছে।
সেই বিশ্লেষণে প্রতি ঘনমিটারে পিএম২.৫-এর ঘনত্ব ১০ মাইক্রোগ্রাম বাড়লে ডায়াবেটিস-সম্পর্কিত মৃত্যুর আপেক্ষিক ঝুঁকি প্রায় ১২ দশমিক ৩ শতাংশ বেশি হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। তবে গবেষণাগুলোর ফলাফলে কিছু পার্থক্য ছিল।
এ ছাড়া বায়ুদূষণ রক্তনালির ভেতরের আবরণ বা এন্ডোথেলিয়ামের ক্ষতি করতে পারে। এর ফলে ধমনিতে চর্বিজাতীয় পদার্থ জমে যাওয়ার প্রবণতা এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়তে পারে। ধমনিতে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হলে হৃদ্রোগ ও হার্ট অ্যাটাকের আশঙ্কা তৈরি হয়।
ডা. শেঠির মতে, দূষিত বাতাসের স্বল্পমেয়াদি সংস্পর্শও হৃদ্যন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে আগে থেকেই ঝুঁকিতে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে এর প্রভাব গুরুতর হতে পারে।
ব্যক্তিগতভাবে কীভাবে ঝুঁকি কমানো সম্ভব
বায়ুদূষণ নিয়ন্ত্রণে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ প্রয়োজন। তবে দূষণের মধ্যে বসবাস করেও কিছু পদক্ষেপের মাধ্যমে সংস্পর্শ কমানো সম্ভব।
গবেষকেরা কয়েকটি পরামর্শ দিয়েছেন—
- ঘরের ভেতরে কার্যকর বায়ু পরিশোধক যন্ত্র ব্যবহার করা।
- বাইরে দূষণের মাত্রা বেশি থাকলে ভালোভাবে মুখে আটকে থাকে এমন এন৯৫ মাস্ক ব্যবহার করা।
- যানবাহনের ব্যস্ত সময়ে বাইরে ব্যায়াম না করা।
- বায়ুর মান খুব খারাপ থাকলে খোলা জায়গায় দীর্ঘ সময় অবস্থান এড়িয়ে চলা।
- বাইরে ব্যায়াম করা কঠিন হলে ঘরের ভেতরে নিয়মিত শরীরচর্চা চালিয়ে যাওয়া।
ডা. অনুপ মিশ্র বিশেষভাবে বলেছেন, বায়ুদূষণের কারণে ব্যায়াম বন্ধ করা উচিত নয়। শারীরিক সক্রিয়তা এখনো ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের অন্যতম প্রতিষ্ঠিত উপায়।
ডায়াবেটিস প্রতিরোধে বদলাতে হবে দৃষ্টিভঙ্গি
এতদিন ডায়াবেটিস প্রতিরোধের আলোচনায় ব্যক্তিগত খাদ্যাভ্যাস, শরীরচর্চা ও ওজন নিয়ন্ত্রণকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু নতুন গবেষণা বলছে, সুস্থ থাকার দায়িত্ব শুধু ব্যক্তির ওপর ছেড়ে দিলে চলবে না। বসবাসের পরিবেশও মানুষের বিপাকীয় স্বাস্থ্যের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
বিশেষ করে দক্ষিণ এশিয়ার মতো ঘনবসতিপূর্ণ ও দূষণপ্রবণ অঞ্চলে ডায়াবেটিস প্রতিরোধের পরিকল্পনায় বায়ুদূষণ নিয়ন্ত্রণকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
কারণ, একজন মানুষ নিজের খাবার নিয়ন্ত্রণ করতে পারেন, নিয়মিত ব্যায়াম করতে পারেন, এমনকি ওজনও স্বাভাবিক রাখতে পারেন। কিন্তু প্রতিদিন তাঁর চারপাশের বাতাস কতটা দূষিত হবে, সেটি এককভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
তাই ডায়াবেটিস মোকাবিলায় স্বাস্থ্যসচেতনতার পাশাপাশি পরিচ্ছন্ন বায়ু নিশ্চিত করাও এখন জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ শর্ত হয়ে উঠছে।












