নেত্রকোনার মোহনগঞ্জে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ এবং পরে স্থানীয় সালিশে ছিনতাই হওয়া ফোন ও মানিব্যাগ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার রাত ৯টার দিকে মোহনগঞ্জ পৌরসভার গোহুরহাট্টা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সাতজনকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন নারী। অন্য আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট থেকে ১০ দিন আগে হাসপাতাল সড়কে ধর্মপাশার এক ব্যক্তির মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাই হয়। পরে ভুক্তভোগী ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহে গোহুরহাট্টার আপন মিয়াকে শনাক্ত করেন। বিষয়টি তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান।
এরপর রোববার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় ব্যক্তিরা আপন মিয়া ও তাঁর পরিবারের সদস্যদের কাছের একটি দোকানে ডেকে নেন। সেখানে সালিশের মাধ্যমে ছিনতাই হওয়া মোবাইল ফোন ও মানিব্যাগ উদ্ধার করা হয়।
সালিশ শেষে সবাই দোকান থেকে বের হওয়ার সময় আপন মিয়া ও তাঁর সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে রুবেল মিয়ার ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এতে তিনি আহত হন। এ ঘটনার পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে নারীসহ ১০ জন আহত হন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম হারুন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












