বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি সামরিক রাডার স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের দাবি, রোববার ভোরে রিফা শহরের দক্ষিণ-পূর্বে আল-রিফা সামরিক হেলিপোর্টে অবস্থিত মার্কিন বিমান প্রতিরক্ষা রাডার স্থাপনায় ছয়টি ড্রোন আঘাত হানে। ইরানের বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবেই এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে তেহরান।
আইআরজিসির বিবৃতিতে হামলাটিকে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে ‘চূড়ান্ত ও কঠোর জবাব’ হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ইরানের বেসামরিক এলাকায় নতুন করে হামলা চালানো হলে যুক্তরাষ্ট্রকে আরও বড় ধরনের পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
তবে হামলায় মার্কিন স্থাপনার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রাতে দেশটিতে ইরানের ড্রোন হামলার সতর্কতা জারি করা হয়েছিল। বাসিন্দাদের শান্ত থাকতে এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে বাহরাইনের প্রতিরক্ষা বাহিনীর দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আকাশে প্রবেশ করা ড্রোনগুলো শনাক্ত করে ভূপাতিত করেছে। ফলে সেগুলো নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে রিফার আকাশে ড্রোন উড়তে এবং একটি স্থাপনায় আগুন জ্বলতে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। তবে ভিডিওগুলোর সত্যতা ও সুনির্দিষ্ট অবস্থান স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
তিন দিনের মধ্যে দ্বিতীয় হামলার দাবি
বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় তিন দিনের মধ্যে এটি ইরানের দ্বিতীয় হামলার দাবি। এর আগে শুক্রবার আইআরজিসি জানিয়েছিল, হরমুজ প্রণালিতে সামরিক তৎপরতা ও তেল চোরাচালানের অভিযোগের জবাবে তারা যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার স্থাপনা ধ্বংস করেছে।
তবে সেন্টকম ওই দাবি প্রত্যাখ্যান করে জানায়, দুটি ড্রোন প্রতিহত করা হয়েছে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করে মার্কিন সামরিক কর্তৃপক্ষ।
হরমুজ প্রণালিতে উত্তেজনা অব্যাহত
সাম্প্রতিক সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি। বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান এই নৌপথটি যুদ্ধ শুরুর পর থেকে কার্যত বন্ধ রয়েছে। যুক্তরাষ্ট্র জাহাজ চলাচল স্বাভাবিক করতে নিরাপত্তা পাহারার উদ্যোগ নিলেও প্রণালিটি এখনো অবরুদ্ধ বলে দাবি করেছে আইআরজিসি।
শনিবার আইআরজিসি জানায়, অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করার সময় নৌমাইনে আঘাত লেগে দুটি তেলবাহী জাহাজে আগুন ধরে যায়। এ ছাড়া ইরানের সতর্কবার্তা পেয়ে আরও দুটি জাহাজ ফিরে গেছে বলে দাবি করেছে তারা।
আলোচনায় অচলাবস্থা, পাল্টাপাল্টি হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা এখনো স্থবির। হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি সম্পদ অবমুক্ত এবং আঞ্চলিক সংঘাত বন্ধের শর্ত দিয়েছে তেহরান। তবে ওয়াশিংটন এসব শর্ত মেনে নিতে রাজি হয়নি।
বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন এখন আর যুক্তরাষ্ট্রের নেই।
এদিকে ইরানের অভিযোগ, বাহরাইনসহ উপসাগরীয় কয়েকটি দেশ ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান পরিচালনায় সহযোগিতা করছে। রোববার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে ইরানে হামলার প্রমাণ তাদের হাতে রয়েছে।
তার দাবি, উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের হামলা সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং এসব হামলার লক্ষ্য কেবল মার্কিন সামরিক স্থাপনা, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব নয়।
শুক্রবার আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, তেহরান আলোচনা কিংবা যুদ্ধ—দুই পরিস্থিতির জন্যই প্রস্তুত। যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নিলে সমঝোতা সম্ভব বলেও জানান তিনি।
অন্যদিকে, ইরানের সামরিক বাহিনীর সদর দপ্তরের পক্ষ থেকে মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তা এবং রাজনীতিকদের বাসভবনেও পাল্টা হামলা চালানো হতে পারে।












