কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সরবরাহব্যবস্থা নিরাপদ ও শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন একটি আন্তর্জাতিক ঘোষণায় স্বাক্ষর করেছে ভারত। ‘সান ফ্রান্সিসকো ঘোষণা’ নামের এই উদ্যোগে যুক্তরাষ্ট্রসহ মোট ১০টি দেশ যুক্ত হয়েছে। এর মূল লক্ষ্য গুরুত্বপূর্ণ প্রযুক্তি, অবকাঠামো ও কাঁচামালের সরবরাহব্যবস্থায় নিরাপত্তা নিশ্চিত করা এবং চীনের ওপর নির্ভরতা কমানো।
ম্যানিলায় কোয়াডভুক্ত দেশগুলোর বৈঠকের আগে এই ঘোষণা সামনে এসেছে। বিশেষ করে বিরল খনিজ ও গুরুত্বপূর্ণ প্রযুক্তির বাজারে চীনের প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কৌশলগত তৎপরতার অংশ হিসেবে উদ্যোগটিকে দেখা হচ্ছে।
এআই প্রযুক্তির সরবরাহব্যবস্থায় নতুন কাঠামো
সান ফ্রান্সিসকো ঘোষণা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ‘প্যাক্স সিলিকা’ উদ্যোগের সম্প্রসারিত অংশ। এ উদ্যোগের মাধ্যমে সেমিকন্ডাক্টর, গুরুত্বপূর্ণ খনিজ, জ্বালানি, উন্নত উৎপাদনব্যবস্থা এবং এআই অবকাঠামো খাতে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
নতুন ঘোষণার লক্ষ্য হলো এআই উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট সংবেদনশীল প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর একটি অভিন্ন তালিকা তৈরি করা। এসব প্রযুক্তি ও সরবরাহব্যবস্থাকে কীভাবে সুরক্ষিত রাখা যায়, সে বিষয়ে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সমন্বিত ধারণা গড়ে তোলাও এর উদ্দেশ্য।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ সক্ষমতা বোঝাতে প্রায়ই ‘সুপার ইন্টেলিজেন্স’ শব্দটি ব্যবহার করেন। নতুন ঘোষণায় এই প্রযুক্তির ভিত্তি হিসেবে বিবেচিত সরবরাহব্যবস্থার নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
চীনের ওপর ভারতের নির্ভরতা বড় উদ্বেগ
ভারতের জন্য এই উদ্যোগের গুরুত্ব বিশেষভাবে বেশি। দেশটির বিরল মৃত্তিকা খনিজের চাহিদার প্রায় ৮৫ থেকে ৯০ শতাংশই আসে চীন থেকে। স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ির মোটর এবং ক্ষেপণাস্ত্রের দিকনির্দেশনা ব্যবস্থায় ব্যবহৃত শক্তিশালী চুম্বক তৈরিতে এসব খনিজ অপরিহার্য।
বিশ্বের বিরল মৃত্তিকা খনিজ প্রক্রিয়াজাতকরণ সক্ষমতার ৬০ শতাংশের বেশি চীনের নিয়ন্ত্রণে। ফলে এসব খনিজের সরবরাহে বিঘ্ন ঘটলে ভারতের প্রযুক্তি, প্রতিরক্ষা ও শিল্প উৎপাদন খাত ঝুঁকিতে পড়তে পারে।
এই নির্ভরতা কমাতে ভারত ইতোমধ্যে জাতীয় গুরুত্বপূর্ণ খনিজ মিশন চালু করেছে। পাশাপাশি বিরল মৃত্তিকা খনিজ উত্তোলন, প্রক্রিয়াজাতকরণ, গবেষণা এবং স্থায়ী চুম্বক উৎপাদনের জন্য বিশেষ করিডর গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে।
বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতার সুযোগ
চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারত আনুষ্ঠানিকভাবে প্যাক্স সিলিকা উদ্যোগে যোগ দেয়। এর মাধ্যমে সেমিকন্ডাক্টর, গুরুত্বপূর্ণ খনিজ, জ্বালানি, উন্নত উৎপাদন এবং এআই অবকাঠামো খাতে সহযোগিতার পথ তৈরি হয়।
এই অংশীদারত্ব ভারতের জন্য বিপুল অঙ্কের প্রযুক্তি বিনিয়োগ আকর্ষণের সুযোগ তৈরি করতে পারে। একই সঙ্গে চীনের বিকল্প উৎপাদন ও সরবরাহকেন্দ্র হিসেবে ভারতের অবস্থান শক্তিশালী করার সম্ভাবনাও রয়েছে।
চীন-যুক্তরাষ্ট্র বৈঠকের আগে কৌশলগত বার্তা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের আগেই সান ফ্রান্সিসকো ঘোষণা সামনে এসেছে। শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা ফোরামের সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠক হওয়ার কথা।
এর আগে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সমঝোতার শর্ত চীন যথাযথভাবে পালন করছে না বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। বিরল মৃত্তিকা খনিজ রপ্তানি বাড়ানোর জন্যও বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
এ ছাড়া এনভিডিয়ার প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে ঘিরে কথিত চীনা গুপ্তচরবৃত্তির বিতর্কের পর প্রযুক্তি নিরাপত্তার বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে।
১০ দেশের অংশগ্রহণ, আরও কয়েকটি দেশ যুক্ত হওয়ার অপেক্ষায়
সান ফ্রান্সিসকো ঘোষণায় স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত, ইসরায়েল, জাপান, দক্ষিণ কোরিয়া, কাতার, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্য।
এ ছাড়া জার্মানি, সুইডেন, নেদারল্যান্ডস এবং ইউরোপীয় কমিশনের পরবর্তী সময়ে এতে যুক্ত হওয়ার প্রত্যাশা রয়েছে।
এই উদ্যোগের মধ্য দিয়ে এআই প্রযুক্তির প্রতিযোগিতা শুধু সফটওয়্যার বা উন্নত কম্পিউটিং সক্ষমতার মধ্যে সীমাবদ্ধ থাকছে না। বরং প্রযুক্তি তৈরির জন্য প্রয়োজনীয় খনিজ, জ্বালানি, সেমিকন্ডাক্টর ও উৎপাদন অবকাঠামোর নিয়ন্ত্রণও আন্তর্জাতিক ভূরাজনীতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে।












