পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিজের শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। চিকিৎসকেরা তাঁকে মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকির কথা জানিয়েছেন বলে দাবি করেছেন তিনি। তাঁর রক্তচাপ ১৯৩ পর্যন্ত উঠেছে বলেও উল্লেখ করেছেন। এ পরিস্থিতিতে দ্রুত যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে দেশটির সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতিদের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।
১৬ নভেম্বর আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদারের মাধ্যমে সুপ্রিম কোর্ট, ফেডারেল সাংবিধানিক আদালত ও ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের কাছে পাঠানো এক চিঠিতে এসব উদ্বেগ তুলে ধরেন ৭৩ বছর বয়সী ইমরান।
চিঠিতে তিনি বলেন, চিকিৎসকেরা তাঁকে জানিয়েছেন, যেকোনো সময় মস্তিষ্কে রক্তক্ষরণ কিংবা হৃদ্রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁর রক্তচাপ ১৯৩ পর্যন্ত পৌঁছেছে। নিজের জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বিচারপতিদের কাছে আদালতের নির্দেশ বাস্তবায়ন এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান।
ইমরান লেখেন, তিনি বেঁচে থাকলে নিজের নির্দোষিতা প্রমাণ করবেন। বিচারপতিদের কাছে কোনো বিশেষ সুবিধা চান না, বরং আদালতের দেওয়া আদেশ কার্যকর এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করাই তাঁর আবেদন।
চিঠিতে তিনি আরও বলেন, ‘আমি শুধু ততক্ষণই নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারব, যতক্ষণ বেঁচে থাকব। অনেক দেরি হয়ে যাওয়ার আগে মানবিক বিবেচনায় আমাকে ন্যায়বিচার দেওয়ার আবেদন জানাচ্ছি।’
২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। একাধিক মামলায় দণ্ডিত হওয়ার পর থেকে তাঁর বিরুদ্ধে বিভিন্ন আইনি কার্যক্রম চলছে। ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারানোর পর থেকেই তিনি নানা রাজনৈতিক ও আইনি সংকটের মুখোমুখি। ইমরান ও তাঁর দল এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে।
আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি
ইমরানের চিঠির পেছনে রয়েছে কারাগারে বন্দি অবস্থায় তাঁর সঙ্গে আইনজীবীদের সাক্ষাৎ এবং আদালতের নির্দেশ বাস্তবায়ন নিয়ে বিরোধ।
সম্প্রতি ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি সরদার মুহাম্মদ সরফরাজ দোগার ও বিচারপতি মুহাম্মদ আসিফের সমন্বয়ে গঠিত বেঞ্চ আদিয়ালা কারাগারে ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির সঙ্গে আইনজীবীদের সাক্ষাতের অনুমতি দেওয়ার নির্দেশ দেন।
১৯ কোটি পাউন্ডের মামলায় দণ্ডের বিরুদ্ধে তাঁদের করা আপিলের শুনানির সময় আদালত এ নির্দেশ দেন। পরে ১১ নভেম্বর কারাগারে ইমরান ও বুশরার সঙ্গে সাক্ষাতের বিষয়ে আইনজীবী খোসা ও সালমান সাফদার হাইকোর্টে হলফনামা জমা দেন।
বুশরা বিবিকেও হাসপাতালে নেওয়ার আবেদন
এদিকে ইমরান খানের স্ত্রী বুশরা বিবির চিকিৎসা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। চোখের চিকিৎসা ও সম্ভাব্য অস্ত্রোপচারের জন্য তাঁকে দ্রুত বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরের আবেদন জানিয়ে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁর আইনজীবীরা।
আবেদনে বুশরা বিবির সম্পূর্ণ চিকিৎসার নথি আদালতে উপস্থাপন এবং অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়েছে।
আবেদনে বলা হয়, বুশরা চোখে ব্যথা ও দৃষ্টিশক্তির সমস্যায় ভুগছেন। অভিযোগ রয়েছে, সমস্যার কথা জানানোর সাত থেকে আট দিন পর কারাগারে একজন চিকিৎসক তাঁকে পরীক্ষা করেন। ওই চিকিৎসক অস্ত্রোপচারের প্রয়োজনীয়তার কথা জানান। ১৫ নভেম্বর তাঁর সম্ভাব্য অস্ত্রোপচারের দিন নির্ধারিত ছিল বলেও আবেদনে উল্লেখ করা হয়।
কারাগারে বুশরা বিবির থাকার পরিবেশ নিয়েও উদ্বেগ জানিয়েছেন তাঁর আইনজীবীরা। তাঁদের দাবি, তাঁকে বড় হলঘরের মতো একটি কক্ষে রাখা হয়েছে, যেখানে পরিচ্ছন্নতার যথাযথ ব্যবস্থা নেই।
আবেদনে আরও অভিযোগ করা হয়, তাঁর কক্ষ থেকে সাতটি ছোট সাপ বের হয়েছিল, যেগুলো কারা কর্মকর্তারা মেরে ফেলেন। সেখানে ইঁদুর, তেলাপোকা ও অন্যান্য পোকামাকড়ের উপস্থিতির কথাও বলা হয়েছে।
আইনজীবীদের যুক্তি, অপরিচ্ছন্ন পরিবেশে অস্ত্রোপচারের পর সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। এ কারণে বুশরা বিবিকে দ্রুত বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন তাঁরা।
ইমরান খান ও বুশরা বিবির শারীরিক অবস্থা এবং কারাগারে তাঁদের চিকিৎসার সুযোগ নিয়ে পাকিস্তানের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এখন আদালতের নির্দেশ কতটা কার্যকর হয় এবং বন্দিদের চিকিৎসা নিশ্চিত করতে কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর রয়েছে।












