বিশ্বের ধনী দেশগুলোর ক্রমবর্ধমান সরকারি ঋণ এখন শুধু তাদের নিজস্ব অর্থনীতির সংকট নয়, এর প্রভাব ছড়িয়ে পড়ছে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতেও। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, চীন ও জাপানের মতো বড় অর্থনীতির ঋণের চাপ বৈশ্বিক ঋণবাজারে সুদের হার বাড়িয়ে দিচ্ছে। এর ফলে উন্নয়নশীল দেশগুলোকে নতুন ঋণ নিতে হচ্ছে বেশি সুদে, আর পুরোনো ঋণ পরিশোধেও ব্যয় করতে হচ্ছে বিপুল অর্থ।
বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, উন্নয়নশীল দেশগুলোর সম্মিলিত ঋণের পরিমাণ গত বছর বেড়ে দাঁড়িয়েছে ৯.৪ ট্রিলিয়ন ডলারে। সবচেয়ে দরিদ্র দেশগুলোকে ঋণের জন্য এমন সুদ দিতে হচ্ছে, যা ১৯৮০-এর দশকের শেষভাগের পর দেখা যায়নি।
এই পরিস্থিতিতে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও কর্মসংস্থান সৃষ্টির মতো গুরুত্বপূর্ণ খাতে ব্যয় করার সুযোগ সংকুচিত হচ্ছে। অনেক দেশ ঋণখেলাপি হওয়া এড়াতে ঋণ পরিশোধকে অগ্রাধিকার দিচ্ছে, কিন্তু তাতে দীর্ঘমেয়াদি উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।
ধনী দেশের ঋণসংকটের প্রভাব ছড়াচ্ছে বিশ্বজুড়ে
কোভিড-১৯ মহামারির পর থেকে একের পর এক বৈশ্বিক সংকট দেশের বাজেটের ওপর চাপ বাড়িয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধি, সরবরাহব্যবস্থায় বিঘ্ন এবং ইউক্রেন ও ইরানকে ঘিরে যুদ্ধের কারণে পণ্যের দাম বেড়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক ঋণবাজারে।
বিশ্বের সবচেয়ে বড় ও প্রভাবশালী সরকারি বন্ডবাজার যুক্তরাষ্ট্রের। দেশটির সরকারি ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা মোট দেশজ উৎপাদনের প্রায় ১২০ শতাংশ। বাজেট ঘাটতি ও রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ায় মার্কিন ট্রেজারি বন্ডের সুদহার ৫ শতাংশ ছাড়িয়েছে, যা দুই দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি।
ফ্রান্সে সরকারি বন্ডের সুদহার ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জাপানেও তা তিন দশকের মধ্যে সর্বোচ্চ। বড় অর্থনীতিগুলোর এই পরিস্থিতি বিশ্বজুড়ে ঋণের খরচ বাড়িয়ে দিচ্ছে।
আফ্রিকার দেশগুলোকে দিতে হচ্ছে ১০ শতাংশের বেশি সুদ
উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি তুলনামূলক দুর্বল হওয়ায় ঋণদাতাদের আকৃষ্ট করতে তাদের আরও বেশি সুদ দিতে হচ্ছে। আইভরি কোস্ট, কেনিয়া ও নাইজেরিয়াকে ঋণদাতাদের বছরে ৭ দশমিক ৫ শতাংশ থেকে ১০ শতাংশের বেশি সুদ দেওয়ার প্রতিশ্রুতি দিতে হচ্ছে।
এ ধরনের উচ্চ সুদে ঋণ নেওয়া সাময়িকভাবে বাজেটের প্রয়োজন মেটালেও দীর্ঘ মেয়াদে তা ঋণের বোঝা আরও বাড়ায়। কারণ এসব দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে অর্জিত আয় দিয়ে ঋণ ও সুদ পরিশোধ করা কঠিন হয়ে পড়ে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণও অনেক দেশের জন্য ব্যয়বহুল হয়ে উঠেছে। সংস্থাটির ঋণের সুদহার প্রধান কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সম্পর্কিত। ফলে ইউক্রেন বা ইরানের যুদ্ধের সঙ্গে সরাসরি সম্পর্ক না থাকলেও ইকুয়েডরের মতো দেশকে বেশি সুদ দিতে হচ্ছে।
ঋণের সুদ দিতে গিয়ে কমছে শিক্ষা-স্বাস্থ্যের বরাদ্দ
ঋণ পরিশোধের চাপ সরকারের উন্নয়ন ব্যয় সীমিত করছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, পেনশন, অবকাঠামো নির্মাণ ও কর্মসংস্থান তৈরির জন্য যে অর্থ ব্যয় হওয়ার কথা, তার বড় অংশ চলে যাচ্ছে ঋণ ও সুদ পরিশোধে।
মিসর, পাকিস্তান ও তিউনিসিয়ার ক্ষেত্রে নতুন ঋণ হিসেবে যত অর্থ আসছে, তার চেয়ে বেশি অর্থ দেশগুলো থেকে বেরিয়ে যাচ্ছে পুরোনো ঋণ ও সুদ পরিশোধে।
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, ৫১টি দেশে প্রায় ৩৭০ কোটি মানুষ বসবাস করে। এসব দেশের সরকার স্বাস্থ্য ও শিক্ষার চেয়ে ঋণের সুদ পরিশোধে বেশি অর্থ ব্যয় করছে।
অন্যদিকে উন্নত দেশগুলোর বৈদেশিক সহায়তা এবং স্বল্প সুদের ঋণও কমে গেছে। ২০১০-এর দশকে ব্যাপক ঋণ দেওয়া চীন এখন নতুন ঋণ দেওয়ার চেয়ে পুরোনো অর্থ ফেরত পাওয়ার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে।
ঋণখেলাপি এড়াতে গিয়ে থমকে যাচ্ছে উন্নয়ন
ঋণসংকটে থাকা অনেক দেশ এখনো খেলাপি হয়নি। তবে এর অর্থ এই নয় যে তাদের অর্থনীতি স্থিতিশীল। বরং উন্নয়ন প্রকল্প ও নতুন বিনিয়োগের অর্থ সরিয়ে ঋণ পরিশোধ করা হচ্ছে।
আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান বা আঞ্চলিক উন্নয়ন ব্যাংক থেকে তুলনামূলক কম সুদে পাওয়া ঋণের একটি অংশও অনেক ক্ষেত্রে বেসরকারি ঋণদাতাদের অর্থ পরিশোধে ব্যয় হচ্ছে। ফলে নতুন ব্যবসা, কর্মসংস্থান ও উৎপাদন বাড়ানোর উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে।
অর্থনীতিবিদদের ভাষায়, দেশগুলো ঋণখেলাপি হওয়ার পরিবর্তে উন্নয়নকেই বিসর্জন দিচ্ছে। অর্থাৎ ঋণ পরিশোধের সক্ষমতা ধরে রাখতে গিয়ে ভবিষ্যৎ প্রবৃদ্ধির ভিত্তি দুর্বল হয়ে পড়ছে।
ঋণ পুনর্গঠন ও আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন
বিশেষজ্ঞদের মতে, এই চক্র থেকে বের হতে ঋণদাতাদের সঙ্গে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। যেসব দেশের ঋণের চাপ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে, তাদের সাময়িকভাবে কিস্তি পরিশোধ স্থগিত বা পুনর্নির্ধারণের সুযোগ দেওয়া যেতে পারে। এতে সরকারগুলো শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় অর্থ ব্যয় করতে পারবে।
ঋণ পুনর্গঠনে চীনের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ। কারণ দেশটি উন্নয়নশীল বিশ্বের বড় ঋণদাতাদের একটি। আন্তর্জাতিক পর্যায়ে সমন্বয় না হলে প্রতিটি দেশের ঋণ আলোচনা আলাদা ও দীর্ঘসূত্রতাপূর্ণ হয়ে উঠবে।
একই সঙ্গে আইএমএফ ও বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সম্পদ আরও কার্যকরভাবে কাজে লাগানোর প্রস্তাব উঠেছে। স্বল্প ব্যয়ে আন্তর্জাতিক ঋণসক্ষমতা বাড়ানোর একটি উদাহরণ হিসেবে ২০২৪ সালে আইএমএফের দারিদ্র্য হ্রাস ও প্রবৃদ্ধি তহবিলে যুক্তরাষ্ট্রের ২ কোটি ১০ লাখ ডলারের ঋণের কথা উল্লেখ করা হয়েছে। ওই অর্থ ব্যবহার করে তহবিলটি উন্নয়নশীল দেশগুলোর জন্য ২ হাজার ১০০ কোটি ডলারের ঋণসুবিধা তৈরি করতে পেরেছিল।
বিশ্ব অর্থনীতির এই ঋণসংকটের সবচেয়ে বড় ঝুঁকি হলো, ধনী দেশগুলোর আর্থিক অস্থিরতার মূল্য দিতে হচ্ছে দরিদ্র দেশগুলোর মানুষকে। ঋণ পরিশোধের চাপ কমানো এবং উন্নয়ন ব্যয় সুরক্ষিত রাখা না গেলে বৈশ্বিক বৈষম্য আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে।












