মহেশখালীতে তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল বসালেও দেশের গ্যাস সংকট শিগগির কমবে না। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস, সংক্ষেপে আইইইএফএ, এ কথা বলেছে। সরকার গত সপ্তাহে কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে তৃতীয় এফএসআরইউ স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে। কাজটি হবে সরকারের সঙ্গে সরকারের চুক্তিতে, চীনের ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানির মাধ্যমে। তৃতীয় এফএসআরইউ টার্মিনাল নিয়ে আইইইএফএর বিশ্লেষণ তাই নতুন করে আলোচনায় এসেছে।
প্রস্তাবিত টার্মিনালের স্বাভাবিক পুনঃগ্যাসীকরণ ক্ষমতা হবে দৈনিক ৬০ কোটি ঘনফুট। সর্বোচ্চ ক্ষমতা ৭৫ কোটি ঘনফুট। কিন্তু ২০২৮ সালের আগে এটি চালু হওয়ার আশা নেই। ফলে এখনকার ঘাটতি মেটাতে এর ভূমিকা সামান্য। দেশে গ্যাসের মোট চাহিদা দৈনিক প্রায় ৩৮০ কোটি ঘনফুট। অথচ স্বাভাবিক সরবরাহ প্রায় ২৬০ কোটি থেকে ২৭০ কোটি ঘনফুট। এই বড় ফারাক কমাতে শুধু আরেকটি টার্মিনাল যথেষ্ট নয় বলেই আইইইএফএ মনে করছে।
প্রতিষ্ঠানটির মতে, সমস্যার মূলে আছে দেশীয় উৎপাদন কমে যাওয়া এবং জ্বালানি আমদানিতে সীমাবদ্ধতা। তাদের প্রতিবেদন বলছে, এলএনজি আমদানি ২০২২ সালের ৪৪ লাখ ৩০ হাজার টন থেকে বেড়ে ২০২৫ সালে ৭১ লাখ ৩০ হাজার টন হয়েছে। অন্যদিকে দেশীয় গ্যাস উৎপাদন গড়ে বছরে ৪.৬৪ শতাংশ হারে কমেছে। এলএনজি আমদানিতে ভর্তুকিও বেড়েছে। ২০১৯ সালে এটি ছিল ২ হাজার ৫০০ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে তা দাঁড়িয়েছে ৯ হাজার কোটি টাকায়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশের প্রায় ৪০ শতাংশ বিদ্যুৎ আসে এলএনজি থেকে। এলএনজি আমদানির প্রায় ৭০ শতাংশ আসে কাতার থেকে, যার সরবরাহ এখনো স্থগিত। তাই বাংলাদেশকে চড়া দামে স্পট বাজার থেকে কিনতে হচ্ছে। ২০২৫ সালে গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোর ব্যবহার ছিল মাত্র ৪৩ শতাংশ, ২০২০ সালে যা ছিল ৫৩ শতাংশ। আইইইএফএর আশঙ্কা, বাড়তি আমদানির ওপর নির্ভরতা বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন চাপ ফেলতে পারে। এ প্রসঙ্গে তারা ফিচের নেতিবাচক আউটলুকের কথাও তুলে ধরেছে।
এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নতুন টার্মিনালের সংরক্ষণ ক্ষমতা বেশি। এতে দুই ধরনের এলএনজি জাহাজ ভিড়তে পারবে, ফলে বড় আকারের কার্গো আনা যাবে। তাঁর হিসাবে প্রতি ইউনিটে আমদানি খরচ ৫ থেকে ১০ সেন্ট কমবে, প্রতি কার্গোতে সাশ্রয় হবে প্রায় ১ লাখ ৯০ হাজার ডলার। বছরে ৫০টি কার্গো ধরে ২০ বছরের চুক্তিতে দীর্ঘ মেয়াদে ২ হাজার ৩০০ কোটি টাকা সাশ্রয় হতে পারে বলে তিনি জানান। আইইইএফএর পরামর্শ, দেশীয় উৎপাদন কমা ঠেকানো, সাশ্রয়ী এলএনজি সংগ্রহ আর সঞ্চালন নেটওয়ার্ক শক্তিশালী করা না গেলে নতুন ক্ষমতার সুফল মিলবে না।












