বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন বা ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। ঢাকার মার্কিন দূতাবাস এ কথা জানিয়েছে। এর ফলে দেশের বেসরকারি খাতের বিনিয়োগে মার্কিন অর্থায়নের পথ খুলল। ডিএফসি যুক্তরাষ্ট্র সরকারের একটি সংস্থা, যা ২০১৯ সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে গঠিত হয়। বেসরকারি পুঁজি জোগাড় করে উন্নয়ন প্রকল্পে লাগানো এবং বিদেশে বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির লক্ষ্য এগিয়ে নেওয়া এর কাজ। যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়ন তাই বাংলাদেশের জন্য নতুন সুযোগ হতে পারে।
আগেও বাংলাদেশ ডিএফসির অর্থায়ন পেতে চেয়েছিল। আওয়ামী লীগ সরকারের সময়ে শ্রম অধিকার, সংগঠনের স্বাধীনতা ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে সেই যোগ্যতা মেলেনি। এবার বাংলাদেশ যোগ্য বলে বিবেচিত হয়েছে। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী অর্থনীতিবিদ মাসরুর রিয়াজ এই অগ্রগতিকে খুবই উৎসাহব্যঞ্জক বলেছেন। তাঁর মতে, বিশেষ করে জ্বালানি ও ডিজিটাল অবকাঠামো খাতে যুক্তরাষ্ট্রের সরাসরি বিদেশি বিনিয়োগ আনার বড় সম্ভাবনা বাংলাদেশের আছে। এটি দুই দেশের জন্যই লাভজনক হবে বলে তিনি মনে করেন।
মাসরুর রিয়াজ বলেন, বাংলাদেশের বিনিয়োগ পরিবেশকে এখনো চ্যালেঞ্জিং ও ব্যয়বহুল মনে করা হয়। এটি অনেক সময় বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে। ডিএফসির অর্থায়ন ও ঝুঁকি কমানোর সুবিধা কিছু উদ্বেগ কমাতে পারে বলে তাঁর ধারণা। এতে আরও মার্কিন বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগের কথা ভাববেন। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, যাঁরা যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি করেন, তাঁরা কম খরচে আরও বেশি আমদানি করতে পারবেন। তাঁর মতে, ভবিষ্যৎ দ্বিপাক্ষিক সম্পর্কের পথও এভাবেই এগোবে।
মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় ডিএফসির বিনিয়োগ জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি প্রকল্পে সহায়তা করে। এতে যুক্তরাষ্ট্রের মিত্রদের সঙ্গে সম্পর্ক শক্ত হয় এবং আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষায় সহায়তা মেলে। বাংলাদেশের নতুন যোগ্যতা অর্থনৈতিক উন্নয়নের বড় চাহিদা মেটাতে বেসরকারি বিনিয়োগ টানার সুযোগ তৈরি করেছে। ডিএফসির প্রধান নির্বাহী বেন ব্ল্যাক বলেন, গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে সহায়তা করে বাংলাদেশের জন্য অর্থনৈতিক সুযোগ খুলে দেওয়া যাবে এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগোবে।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য বাংলাদেশের প্রবৃদ্ধি বাড়াবে। পারস্পরিক বাণিজ্য চুক্তি এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রকাশ্য প্রতিশ্রুতি, আর ডিএফসির অর্থায়ন সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দূতাবাস জানায়, গত বছর ডিএফসি ১৪ কোটি ৩০ লাখ ব্যক্তি ঋণগ্রহীতাকে অর্থায়ন দিয়েছে এবং প্রায় ১ কোটি ৪ লাখ ব্যবসাকে সহায়তা করেছে। সংস্থাটির বৈশ্বিক বিনিয়োগ পোর্টফোলিও ৪ হাজার কোটি ডলারের বেশি।












