রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং স্বাভাবিক ট্রাফিক ব্যবস্থা বজায় রাখতে যানবাহনে অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন, হুটার ও বিকন লাইট ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব সরঞ্জাম আগামী ১ ডিসেম্বরের মধ্যে গাড়ি থেকে অপসারণ করতে মালিক ও চালকদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর কোনো যানবাহনে এসব সরঞ্জাম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন যানবাহনে অনুমোদন ছাড়াই হাইড্রোলিক হর্ন, হুটার ও বিকন লাইট ব্যবহার করা হচ্ছে। এসব সরঞ্জামের অনিয়ন্ত্রিত ব্যবহার নগরীতে শব্দদূষণ বাড়ানোর পাশাপাশি স্বাভাবিক যান চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনায় বিঘ্ন সৃষ্টি করছে।
বিশেষ করে অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন ও হুটারের বিকট শব্দে নগরবাসীকে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে। এর বিরূপ প্রভাব পড়ছে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর।
এ পরিস্থিতিতে জনস্বার্থে আগামী ১ ডিসেম্বরের মধ্যে নিজ নিজ যানবাহন থেকে অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন, হুটার ও বিকন লাইট খুলে ফেলার নির্দেশ দিয়েছে ডিএমপি।
বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর কোনো গাড়িতে এসব সরঞ্জাম পাওয়া গেলে কিংবা ব্যবহার করতে দেখা গেলে সংশ্লিষ্ট যানবাহনের মালিক ও চালকের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপির এই নির্দেশনার লক্ষ্য রাজধানীতে অপ্রয়োজনীয় শব্দদূষণ কমানো, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা।












