টাঙ্গাইলের বাসাইল ও দেলদুয়ার উপজেলায় গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাতে পৃথক এ ঘটনা ঘটে। পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে দুটি ঘটনায় ব্যাংকের ভবনের দরজা, বারান্দা ও সামনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ ও গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাদের সূত্রে জানা যায়, বাসাইল উপজেলা পরিষদের কাছের স-মিল এলাকায় একটি দোতলা ভবনের নিচতলায় গ্রামীণ ব্যাংকের শাখা অবস্থিত। বুধবার রাতে দুর্বৃত্তরা শাখার সামনের দরজায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
এ সময় ব্যাংকের নিরাপত্তাপ্রহরী আগুন দেখতে পেয়ে দ্রুত দোতলায় অবস্থানরত কর্মকর্তাদের খবর দেন। পরে সবাই মিলে পানি ও বালু ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ভবনের দুটি দরজা ক্ষতিগ্রস্ত হলেও ব্যাংকের ভেতরে আগুন ছড়িয়ে পড়েনি।
বাসাইল শাখার ব্যবস্থাপক মো. বাবুল মিয়া জানান, দ্রুত আগুন নেভানো সম্ভব হওয়ায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তবে দরজার ক্ষতি হয়েছে। এ ঘটনায় বাসাইল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, ব্যাংকের সামনের গেটে আগুন দেওয়ার ঘটনা তদন্ত করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দেলদুয়ারে বারান্দা পুড়ে ক্ষতিগ্রস্ত
একই রাতে দেলদুয়ার উপজেলার লাউহাটী এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায়ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা শাখার তালাবদ্ধ বারান্দায় পেট্রোল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শাখাটির ব্যবস্থাপক সোমিত সরকার জানান, ভোরে শব্দ শুনে দোতলা থেকে নিচে নেমে বারান্দায় আগুন জ্বলতে দেখেন। পরে নিরাপত্তাপ্রহরীদের সহায়তায় পানি ঢেলে আগুন নেভানো হয়। এতে ভবনের সামনের অংশ ও বারান্দা ক্ষতিগ্রস্ত হলেও মূল ভবন অক্ষত রয়েছে।
দেলদুয়ার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভবনের লোকজন দ্রুত আগুনের বিষয়টি বুঝতে পারায় তা ছড়িয়ে পড়তে পারেনি। ফলে ক্ষয়ক্ষতিও সীমিত রয়েছে।
তিনি আরও জানান, বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
দুই ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ
একই রাতে উপজেলার দুটি পৃথক স্থানে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এসব ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, বাসাইলের ঘটনায় তদন্ত চলছে এবং দেলদুয়ারের ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।












