নারায়ণগঞ্জে পৃথক তিনটি স্থানে দুর্বৃত্তদের দেওয়া আগুনে তিনটি বাস ও দুটি লেগুনা পুড়ে গেছে। বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে জেলার রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ উপজেলায় এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা যানবাহনগুলোতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়।
এর মধ্যে রূপগঞ্জে দুটি বাস, সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে একটি বাস এবং চনমারী এলাকায় দুটি লেগুনায় আগুন দেওয়া হয়।
রূপগঞ্জে পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন
বুধবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে রূপগঞ্জের গোলাকান্দাইল হাইওয়ের আবদুর রশিদ মার্কেটের পাশে পার্ক করে রাখা মেঘলা পরিবহনের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে অল্প দূরত্বেই নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর বাড়ি।
বাসের কর্মী মো. আলম জানান, রাত সাড়ে ৩টার দিকে একটি মোটরসাইকেলে কয়েকজন এসে বাস দুটিতে আগুন ধরিয়ে দ্রুত চলে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে বাস দুটির ভেতরের অংশ পুড়ে যায়।
বাসের মালিক শহিদুল জানান, আগুনে তাঁর প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাস ভাড়া দিয়ে পাওয়া আয়েই তাঁর পরিবারের খরচ চলত। একই সঙ্গে অসুস্থ স্ত্রীর কিডনি ডায়ালাইসিসের ব্যয়ও বহন করতেন তিনি।
তিনি বলেন, বাস দুটি নিয়মিত সংসদ সদস্যের বাড়ির সামনে রাখা হতো। আগুনে সব হারিয়ে তিনি রাতারাতি অসহায় হয়ে পড়েছেন।
ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক রঞ্জু গোলাকান্দাইল এলাকায় অগ্নিসংযোগের ঘটনা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সানারপাড়ে আরও একটি বাসে আগুন
একই রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পার্ক করে রাখা থ্রি স্টার পরিবহনের একটি বাসেও আগুন দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সানারপাড় ইউটার্নের কাছে বাসটি দাঁড়িয়ে ছিল। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস জানান, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
চনমারীতে পুড়ল দুটি লেগুনা
এদিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চনমারী এলাকায় পার্ক করে রাখা আরও দুটি লেগুনায় আগুন দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন। এতে আগুনের বিস্তার ঠেকানো সম্ভব হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমদাদুল হক জানান, এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
তদন্তে পুলিশ
এক রাতের ব্যবধানে জেলার তিনটি পৃথক স্থানে পাঁচটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এসব ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।












