পাকিস্তানে সৌরবিদ্যুতের ব্যবহার গত দুই বছরে এমন এক পরিবর্তন এনেছে, যা দেশটির জ্বালানি খাতের প্রচলিত হিসাব পাল্টে দিয়েছে। বিদ্যুৎ উৎপাদনের উচ্চ ব্যয়, জ্বালানি আমদানির চাপ এবং দীর্ঘ সময়ের লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষ নিজেরাই ছাদে সৌরবিদ্যুতের প্যানেল বসাতে শুরু করেন। সরকারের পরিকল্পনার বাইরে গড়ে ওঠা এই উদ্যোগ এখন দেশটির জ্বালানি ব্যবস্থায় বড় পরিবর্তনের ভিত্তি তৈরি করেছে।
জলবায়ু সম্মেলন কপ৩১-এ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিদ্যুতায়নবিষয়ক এক উচ্চপর্যায়ের আলোচনায় জানান, মাত্র দুই বছরে দেশটিতে প্রায় ২২ গিগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা তৈরি হয়েছে। তাঁর ভাষায়, সাধারণ মানুষের উদ্যোগে গড়ে ওঠা এই পরিবর্তন সাশ্রয়ী বিদ্যুৎ, পরিবেশ সুরক্ষা এবং ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তার নতুন সম্ভাবনা তৈরি করেছে। এ বছর বিক্রি হওয়া মোট মোটরসাইকেলের ১০ শতাংশেরও বেশি ছিল বৈদ্যুতিক।
তবে এই সাফল্যের পেছনে সরকারের পরিকল্পিত উদ্যোগের চেয়ে অর্থনৈতিক চাপের ভূমিকা বেশি ছিল। বিদ্যুৎকেন্দ্র চালু থাকুক বা বন্ধ, কেন্দ্রগুলোর সক্ষমতার জন্য সরকারকে অর্থ দিতে হয়েছে। একই সময়ে পাকিস্তানি রুপির অবমূল্যায়ন, জ্বালানি আমদানির ব্যয় বৃদ্ধি এবং ভর্তুকির ওপর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিধিনিষেধ বিদ্যুতের দাম বাড়িয়ে দেয়।
২০২২ থেকে ২০২৫ অর্থবছরের মধ্যে বিদ্যুতের মূল শুল্ক প্রায় দ্বিগুণ হয়ে যায়। অন্যদিকে, চীনে তৈরি সৌর প্যানেলের দাম কমতে থাকে। ফলে ব্যয়বহুল গ্রিড বিদ্যুতের বিকল্প হিসেবে সৌরবিদ্যুৎ সাধারণ মানুষের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে।
সৌরবিদ্যুৎ কমিয়েছে জ্বালানি আমদানির চাপ
সৌরবিদ্যুতের এই বিস্তার পাকিস্তানের অর্থনীতিতে উল্লেখযোগ্য সাশ্রয় এনেছে। এমবার, সিআরইএ এবং রিনিউএবলস ফার্স্টের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ার ফলে তেল ও গ্যাস আমদানিতে ১ হাজার ২০০ কোটি ডলারের বেশি সাশ্রয় হয়েছে। চলতি বছর আরও ৬৩০ কোটি ডলার সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে।
২০২৫ অর্থবছরে এর ফলে প্রায় ৩ কোটি ৫০ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ এড়ানো সম্ভব হয়েছে। বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার ক্ষতি বিবেচনায় নিলে দেশের মোট বিদ্যুৎ সরবরাহের প্রায় এক-তৃতীয়াংশ আসছে বিতরণভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে।
কৃষি খাতেও সৌরবিদ্যুতের ব্যবহার দ্রুত বেড়েছে। দেশটির ১৮ লাখ ৩০ হাজার সেচ পাম্পের মধ্যে প্রায় ৫২ শতাংশ এখন সৌরবিদ্যুতে চলছে। এসব স্থাপনার অধিকাংশই সরকারি সহায়তা ছাড়াই গড়ে উঠেছে। প্রায় ১৪০০ কোটি ডলারের সৌরবিদ্যুৎ বিনিয়োগের মধ্যে ব্যাংকঋণের অংশ ছিল ৫ শতাংশেরও কম।
তবে এই পরিবর্তনকে উৎসাহিত করার বদলে সরকার সৌর প্যানেলের ওপর বিক্রয়কর আরোপ এবং বিদ্যুৎ গ্রিডে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের বিপরীতে পাওয়া সুবিধা কমানোর মতো পদক্ষেপ নিয়েছে।
সৌরবিদ্যুতের দ্বিতীয় পর্যায়ে প্রয়োজন তিনটি উদ্যোগ
সৌরবিদ্যুতের প্রথম পর্যায়ে মানুষের বাড়ির ছাদে প্যানেল বসেছে। এখন দ্বিতীয় পর্যায়ের লক্ষ্য হওয়া উচিত উৎপাদিত বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা।
বিশেষজ্ঞদের মতে, দিনের বেলায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ইতিমধ্যে প্রচলিত তাপবিদ্যুৎ উৎপাদনের বড় একটি অংশের বিকল্প হয়ে উঠেছে। ফলে শুধু নতুন প্যানেল স্থাপন করলেই আগের মতো সুফল পাওয়া যাবে না। বরং বিদ্যুৎ সংরক্ষণ, পরিবহন খাতে বিদ্যুতের ব্যবহার এবং দুর্গম এলাকায় সৌরবিদ্যুৎভিত্তিক ক্ষুদ্র গ্রিড গড়ে তোলার দিকে নজর দিতে হবে।
প্রথমত, ব্যাটারি সংরক্ষণব্যবস্থা গড়ে তুলতে হবে। দিনের বেলায় উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ ব্যাটারিতে জমা রেখে সন্ধ্যার সর্বোচ্চ চাহিদার সময় ব্যবহার করা সম্ভব। একই সঙ্গে বিদ্যুৎ গ্রিডের স্থায়ী ব্যয় সব গ্রাহকের মধ্যে ন্যায্যভাবে বণ্টনের জন্য উপযুক্ত শুল্কনীতি প্রয়োজন।
দ্বিতীয়ত, পরিবহন খাতে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়াতে হবে। পাকিস্তানে পেট্রল আমদানির চাপ এখনো বাড়ছে। অথচ চলতি বছরের আগস্ট পর্যন্ত মোট মোটরসাইকেল বিক্রির ১৩ শতাংশ ছিল বৈদ্যুতিক। এই অগ্রগতি দেশটির নতুন জ্বালানিচালিত যানবাহন নীতির নির্ধারিত সময়সূচির চেয়েও এগিয়ে।
২০৩০ সালের পরিবর্তে ২০২৮ সালের মধ্যে মোটরগাড়ি, মোটরসাইকেল, রিকশা এবং পণ্য সরবরাহকারী যানবাহনের ৩০ শতাংশ বৈদ্যুতিক করার লক্ষ্য নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এ জন্য মোটরসাইকেল ও পণ্য পরিবহনের উপযোগী ব্যাটারি পরিবর্তনকেন্দ্র এবং মহাসড়কজুড়ে চার্জিং অবকাঠামো তৈরি করতে হবে।
তৃতীয়ত, এখনো বিদ্যুৎবিহীন প্রায় চার কোটি মানুষের কাছে সৌরবিদ্যুৎ পৌঁছে দিতে ক্ষুদ্র গ্রিড তৈরি করা প্রয়োজন।
রিনিউএবলস ফার্স্টের হিসাব অনুযায়ী, প্রতিবছর ৩ গিগাওয়াট করে বিতরণভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা বাড়ানো গেলে ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ এড়ানোর পরিমাণ প্রায় ৫ কোটি টনে পৌঁছাতে পারে। একই সময়ে জ্বালানি আমদানিতে সম্ভাব্য সাশ্রয় প্রায় ২ হাজার ৫০০ কোটি ডলারে পৌঁছাতে পারে।
কৃষিতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াচ্ছে পানির সংকট
সৌরবিদ্যুতের সাফল্যের পাশাপাশি পাকিস্তানের সামনে নতুন একটি পরিবেশগত ঝুঁকিও তৈরি হয়েছে। সেটি হলো ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার।
দেশটির মোট মিঠাপানির ৯৩ শতাংশের বেশি ব্যবহার হয় কৃষিতে। অথচ প্রতি ঘনমিটার পানির বিপরীতে কৃষি উৎপাদনের মূল্য এক ডলারেরও কম। বৈশ্বিক গড় এই পরিমাণ প্রায় ১৭ ডলার।
সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পের কারণে কৃষকের জন্য ভূগর্ভস্থ পানি তোলার প্রান্তিক ব্যয় প্রায় শূন্যে নেমে এসেছে। ফলে পানির ব্যবহার নিয়ন্ত্রণের অর্থনৈতিক প্রণোদনা কমে যাচ্ছে।
২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে পাকিস্তানে ধান চাষের জমি প্রায় ৩০ শতাংশ বেড়েছে। একই সময়ে পাঞ্জাবে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমেছে। ধানখেতে দীর্ঘ সময় পানি জমিয়ে রাখার কারণে মিথেন গ্যাসও নির্গত হয়, যা জলবায়ু পরিবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রিনহাউস গ্যাস।
অর্থাৎ সৌরবিদ্যুৎ একদিকে জ্বালানি আমদানি ও কার্বন নিঃসরণ কমাচ্ছে, অন্যদিকে নিয়ন্ত্রণহীন সেচের কারণে পানিসম্পদের ওপর চাপ বাড়াচ্ছে।
সংকট মোকাবিলায় পাঁচটি নীতিগত পরিবর্তন জরুরি
পাকিস্তানের কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের হাতে এই পরিস্থিতি মোকাবিলার প্রয়োজনীয় ক্ষমতা রয়েছে। বিশেষ করে কৃষি ও সেচ ব্যবস্থায় পাঁচটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ হতে পারে।
প্রথমত, সৌরচালিত সেচে শর্ত আরোপ। পাঞ্জাব সরকার ইতিমধ্যে টিউবওয়েল সৌরবিদ্যুতে রূপান্তরের জন্য ভর্তুকি দিচ্ছে। তবে এ সুবিধা পেতে হলে কৃষকদের ড্রিপ ও স্প্রিংকলার পদ্ধতির মতো পানি সাশ্রয়ী সেচব্যবস্থা ব্যবহার এবং পানির প্রবাহ পরিমাপক যন্ত্র স্থাপন বাধ্যতামূলক করা যেতে পারে। পাঞ্জাবের ২০১৯ সালের পানি আইন অনুযায়ী নতুন সৌরচালিত কূপ নিবন্ধনের সুযোগও রয়েছে।
দ্বিতীয়ত, পানির পরিমাণ অনুযায়ী সেচের মাশুল নির্ধারণ। বর্তমানে খাল থেকে সরবরাহ করা পানির মাশুল এত কম যে পানির প্রাপ্যতা বিবেচনা না করেই ধান ও আখের মতো পানিনির্ভর ফসল চাষ হচ্ছে। ব্যবহৃত পানির পরিমাণ ও ফসলের ধরন অনুযায়ী মাশুল নির্ধারণ করলে অপচয় কমবে এবং প্রাদেশিক সরকারের রাজস্বও বাড়বে।
তৃতীয়ত, রাসায়নিক সারের ভর্তুকি পুনর্বিন্যাস। ২০২৪ সালে ইউরিয়া উৎপাদনকারী কারখানাগুলোর জন্য গ্যাসভিত্তিক ভর্তুকির বড় অংশ বন্ধ হয়ে যায়। কিন্তু নির্বিচারে ইউরিয়া ব্যবহারের কারণে অতিরিক্ত নাইট্রোজেন থেকে নাইট্রাস অক্সাইড নির্গত হচ্ছে এবং ভূগর্ভস্থ পানিও দূষিত হচ্ছে। মাটির পরীক্ষা অনুযায়ী সার ব্যবহারের ব্যবস্থা এবং ধীরে পুষ্টি নিঃসরণকারী বিশেষ ইউরিয়া ব্যবহারে সহায়তা দিলে অপচয় কমানো সম্ভব। কৃষক কার্ডের ঋণসুবিধাকেও এসব শর্তের সঙ্গে যুক্ত করা যেতে পারে।
চতুর্থত, ধান চাষে বিকল্প ভেজানো ও শুকানোর পদ্ধতি চালু। প্রতিবার সেচের পর ধানখেত কিছু সময় শুকিয়ে রেখে আবার পানি দেওয়ার মাধ্যমে পানির ব্যবহার ও মিথেন নিঃসরণ দুটিই কমানো যায়। পাঞ্জাব ও সিন্ধু প্রদেশের কৃষি সম্প্রসারণ বিভাগ এবং কৃষক কার্ডের মাধ্যমে এ পদ্ধতি ছড়িয়ে দিতে পারে। পাশাপাশি কম কার্বন নিঃসরণে উৎপাদিত বাসমতি চালের বিশেষ পরিচিতি তৈরি করা যেতে পারে।
পঞ্চমত, ফসলের অবশিষ্টাংশ পোড়ানো বন্ধে স্যাটেলাইট নজরদারি। গম কাটার পর জমিতে পড়ে থাকা খড় ও অন্যান্য অবশিষ্টাংশ পোড়ানো পাকিস্তানে বায়ুদূষণের অন্যতম কারণ। স্যাটেলাইটের মাধ্যমে এসব ঘটনা শনাক্ত করা সম্ভব। কৃষক কার্ডের সুবিধা এবং সরকারি গম সংগ্রহের সঙ্গে খড় পোড়ানো বন্ধের শর্ত যুক্ত করা হলে কৃষকদের আচরণে পরিবর্তন আনা যেতে পারে।
বিদেশি সহায়তা ছাড়াই অর্থায়নের সুযোগ
এই পাঁচটি পদক্ষেপ বাস্তবায়নের জন্য প্রতিটি ক্ষেত্রেই বিদেশি ঋণ বা অনুদানের ওপর নির্ভর করতে হবে না। ২০২৬ অর্থবছরে পাকিস্তানের পেট্রোলিয়াম লেভি থেকে রেকর্ড ১ লাখ ৫৭ হাজার কোটি রুপি রাজস্ব এসেছে। চলতি বছরের বাজেটে জলবায়ু সহায়তা লেভি থেকে আরও ৫ হাজার কোটি রুপি আয়ের লক্ষ্য রয়েছে।
পেট্রোলিয়াম লেভির একটি নির্দিষ্ট অংশ এবং জলবায়ু সহায়তা লেভির পুরো অর্থ কৃষি ও পানি ব্যবস্থাপনার সংস্কারে বরাদ্দ করা যেতে পারে।
এ ছাড়া গত বছর পাকিস্তানের প্রদেশগুলোর সম্মিলিত নগদ উদ্বৃত্ত ছিল ১ লাখ ৪৫ হাজার কোটি রুপি। এর বড় অংশ এসেছে পাঞ্জান থেকে। কৃষি ও সেচের দায়িত্ব যেহেতু মূলত প্রাদেশিক সরকারের, তাই এই অর্থের একটি অংশ পানি ব্যবস্থাপনায় ব্যবহার করার সুযোগ রয়েছে।
এখানেই আবার গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আইএমএফের ভূমিকা। সংস্থাটির ১৪০ কোটি ডলারের রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটিতে সেচের পানির মূল্য নির্ধারণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তবে প্রভাবশালী স্বার্থগোষ্ঠীর বাধার কারণে পানিসম্পদ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংস্কার এগোচ্ছে না।
২০২৭ সালে আইএমএফের কর্মসূচির পরবর্তী দুটি পর্যালোচনায় এই সংস্কারের ভিত্তি তৈরি করা সম্ভব। পরবর্তী ঋণ কর্মসূচিতে জলবায়ু অভিযোজনকে কেন্দ্রীয় অগ্রাধিকার হিসেবে নেওয়া এবং প্রদেশভিত্তিক সময়সীমাসহ পাঁচটি সংস্কারকে বাধ্যতামূলক লক্ষ্যমাত্রা হিসেবে অন্তর্ভুক্ত করা যেতে পারে।
অবশ্য বন্যা প্রতিরোধ অবকাঠামো, জলবায়ু সহনশীল সড়ক ও স্থাপনা এবং পশুপালন খাত থেকে মিথেন নিঃসরণ কমানোর মতো বড় প্রকল্পে সহজ শর্তের আন্তর্জাতিক অর্থায়ন প্রয়োজন হবে।
জ্বালানি বিপ্লবের পর এবার পানির নিরাপত্তা
পাকিস্তানে সৌরবিদ্যুতের প্রথম বিপ্লব অনেকটাই অর্থনৈতিক পরিস্থিতির চাপে স্বতঃস্ফূর্তভাবে ঘটেছে। বিদ্যুতের বাড়তি দাম সাধারণ মানুষকে বিকল্প খুঁজতে বাধ্য করেছে। কিন্তু এই সাফল্য ধরে রাখতে হলে এখন পরিকল্পিত নীতিগত পরিবর্তন প্রয়োজন।
শুধু বিদ্যুৎ উৎপাদন বাড়ালেই হবে না, উৎপাদিত বিদ্যুতের কার্যকর ব্যবহার, পরিবহন খাতের রূপান্তর এবং কৃষিতে পানির সাশ্রয় নিশ্চিত করতে হবে।
জ্বালানি খাতে যে পরিবর্তন সাধারণ মানুষের উদ্যোগে সম্ভব হয়েছে, পানিসম্পদ ব্যবস্থাপনাতেও তেমন পরিবর্তন আনা গেলে পাকিস্তানের অর্থনীতি আরও শক্তিশালী ও জলবায়ু সহনশীল হয়ে উঠতে পারে।
প্রথম বিপ্লব দেশটির জ্বালানি আমদানি ব্যয় ও কার্বন নিঃসরণ কমিয়েছে। দ্বিতীয় বিপ্লবের লক্ষ্য হওয়া উচিত পানিসম্পদ রক্ষা এবং দীর্ঘমেয়াদি খাদ্য ও পরিবেশগত নিরাপত্তা নিশ্চিত করা।












