চীনের প্রতি জওহরলাল নেহরুর নীতিকে দীর্ঘদিন ধরে সরলতা ও অতিরিক্ত আশাবাদ হিসেবে সমালোচনা করা হয়েছে। কিন্তু তাঁর দীর্ঘদিনের গোয়েন্দাপ্রধান ভোলা নাথ মুল্লিকের স্মৃতিকথা বলছে ভিন্ন কথা। চীনের সামরিক উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে নেহরু অনেক আগেই সতর্ক ছিলেন।
ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে নিয়ে রাজনৈতিক ও ঐতিহাসিক বিতর্কের শেষ নেই। বিশেষ করে চীনের সঙ্গে সম্পর্ক, সীমান্ত বিরোধ এবং ১৯৬২ সালের যুদ্ধে ভারতের বিপর্যয়ের জন্য তাঁর পররাষ্ট্রনীতিকে প্রায়ই দায়ী করা হয়। সমালোচকদের অভিযোগ, চীনের উদ্দেশ্য বুঝতে নেহরু ব্যর্থ হয়েছিলেন। বন্ধুত্বের ওপর অতিরিক্ত আস্থা রেখে তিনি ভারতের নিরাপত্তাঝুঁকিকে যথাযথ গুরুত্ব দেননি।
তবে নেহরুর দীর্ঘদিনের গোয়েন্দাপ্রধান ভোলা নাথ মুল্লিকের স্মৃতিকথা এই প্রচলিত ধারণাকে প্রশ্নের মুখে দাঁড় করায়। ভারতের সাবেক গোয়েন্দা কর্মকর্তা রামানাথন কুমারের বিশ্লেষণ অনুযায়ী, মুল্লিকের স্মৃতিকথায় নেহরুর এমন একটি রাজনৈতিক ও কৌশলগত দৃষ্টিভঙ্গি উঠে এসেছে, যা তাঁকে চীন সম্পর্কে সরল বা অসচেতন নেতা হিসেবে দেখার সুযোগ কমিয়ে দেয়।
গোয়েন্দাপ্রধানের সঙ্গে নেহরুর সম্পর্ক
১৯৫০ সাল থেকে নেহরুর মৃত্যুর কিছু পর পর্যন্ত ভারতের গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক ছিলেন ভোলা নাথ মুল্লিক। তখনো ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) প্রতিষ্ঠিত হয়নি। ফলে দেশের গোয়েন্দা ও নিরাপত্তাসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যের প্রধান উৎস ছিল ইন্টেলিজেন্স ব্যুরো।
মুল্লিক ১৯৪৮ সালে এই সংস্থায় যোগ দেন। এর আগে তিনি বিহারে পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৩৪ সালে বিহারে ভয়াবহ ভূমিকম্পের পর পুনর্বাসন কার্যক্রম দেখতে সেখানে গিয়েছিলেন নেহরু। তখন মধুবনীতে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত মুল্লিক পুলিশ পরিচালিত পুনর্গঠন কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করার চেষ্টা করেন। কিন্তু নেহরু ভুল করে ধারণা করেছিলেন, পুলিশ তাঁর ওপর নজরদারি চালানোর চেষ্টা করছে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি মুল্লিকের উদ্দেশে কঠোর ভাষায় একটি চিঠি লেখেন।
ঘটনাটি মুল্লিকের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। পরে ইন্টেলিজেন্স ব্যুরোতে যোগ দেওয়ার পর পূর্ব পাকিস্তানে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে তাঁর তৈরি একটি প্রতিবেদনও নেহরুর প্রশ্নের মুখে পড়ে। প্রতিবেদনের পেশাদারত্ব নিয়ে প্রধানমন্ত্রীর সংশয় মুল্লিকের অসন্তোষ আরও বাড়িয়ে দেয়।
তবে ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক হওয়ার পর সর্দার বল্লভভাই প্যাটেল তাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরামর্শ দেন। সেই সাক্ষাৎ মুল্লিকের ধারণা বদলে দেয়। নেহরুর সৌজন্য, বিস্তৃত চিন্তাভাবনা এবং নিরপেক্ষ গোয়েন্দা তথ্য পাওয়ার আগ্রহ তাঁকে মুগ্ধ করে।
চীন সম্পর্কে আগাম সতর্কতা
অবসরের পর মুল্লিক নেহরুর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তিন খণ্ডের স্মৃতিকথা লেখেন। এর একটি খণ্ডে কাশ্মীর, অন্যটিতে ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধ এবং তৃতীয়টিতে স্বাধীন ভারতের জাতীয় নিরাপত্তার নানা চ্যালেঞ্জ উঠে এসেছে।
এই স্মৃতিকথায় চীন সম্পর্কে নেহরুর অবস্থান বিশেষ গুরুত্ব পেয়েছে।
সাধারণভাবে মনে করা হয়, নেহরু চীনের কমিউনিস্ট নেতৃত্বের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারেননি। কিন্তু মুল্লিকের বর্ণনা অনুযায়ী, ১৯৫২ সালেই নেহরু চীনের সামরিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে সতর্ক করেছিলেন।
রাজ্য পুলিশপ্রধানদের সম্মেলনে বক্তব্য দেওয়ার পর তিনি মুল্লিককে জানিয়েছিলেন, কমিউনিজমের আদর্শকে আড়াল হিসেবে ব্যবহার করে চীন মূলত নির্মমভাবে নিজের জাতীয় স্বার্থ প্রতিষ্ঠা করতে পারে। নেহরুর পর্যবেক্ষণ ছিল, ইতিহাসজুড়েই চীন আগ্রাসী রাষ্ট্র হিসেবে আচরণ করেছে। তাই ভারতের সঙ্গে বন্ধুত্বকে নিজেদের স্বার্থে ব্যবহার করার সুযোগ বেইজিংকে দেওয়া উচিত নয়।
অর্থাৎ চীনের সঙ্গে বন্ধুত্বের নীতি অনুসরণ করলেও দেশটির সামরিক ও কৌশলগত উদ্দেশ্য সম্পর্কে নেহরু যে সচেতন ছিলেন, মুল্লিকের স্মৃতিকথায় তার প্রমাণ পাওয়া যায়।
তিব্বত দখল ও ভারতের নিরাপত্তা প্রস্তুতি
১৯৫০ সালের নভেম্বরে সর্দার বল্লভভাই প্যাটেল নেহরুকে একটি ঐতিহাসিক চিঠি লিখেছিলেন। তিব্বতে চীনা আগ্রাসনের পর ভারতের জাতীয় নিরাপত্তার সম্ভাব্য বিপদ সম্পর্কে তিনি সতর্ক করেছিলেন।
প্রচলিত ধারণা হলো, নেহরু প্যাটেলের সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন। কিন্তু মুল্লিকের স্মৃতিকথা ভিন্ন চিত্র তুলে ধরে।
তাঁর বর্ণনা অনুযায়ী, তৎকালীন পরিস্থিতির সীমাবদ্ধতার মধ্যেও ভারত সরকার সামরিক প্রস্তুতি জোরদার, গোয়েন্দা তথ্য সংগ্রহ বৃদ্ধি এবং তিব্বত-সংলগ্ন সীমান্ত এলাকায় প্রশাসনিক উপস্থিতি সম্প্রসারণের উদ্যোগ নিয়েছিল।
এ প্রেক্ষাপটে নেহরুর বিতর্কিত ‘ফরওয়ার্ড পলিসি’ও গুরুত্বপূর্ণ। এর আওতায় ভারতের দাবিকৃত সীমান্তবর্তী এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি এবং হালকা অস্ত্রে সজ্জিত পুলিশি চৌকি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। উদ্দেশ্য ছিল, চীন যেন এসব এলাকায় নিজেদের অবস্থান সম্প্রসারণ করতে না পারে।
যুদ্ধ এড়াতে চেয়েছিলেন নেহরু
নেহরুর ভারত ও মাও সেতুংয়ের চীনের মধ্যে মৌলিক পার্থক্য ছিল রাষ্ট্র পরিচালনা ও শক্তি প্রয়োগের দৃষ্টিভঙ্গিতে।
স্বাধীনতা আন্দোলনের মানবিক ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী নেহরু যুদ্ধ এড়িয়ে চলতে চেয়েছিলেন। অন্যদিকে চীনের নেতৃত্ব রাষ্ট্রীয় লক্ষ্য অর্জনে সামরিক শক্তি প্রয়োগকে বৈধ উপায় হিসেবে বিবেচনা করত।
নেহরুর যুদ্ধ এড়ানোর পেছনে কেবল কূটনৈতিক বিবেচনা ছিল না, ছিল অর্থনৈতিক বাস্তবতাও। দুই শতাব্দীর ঔপনিবেশিক শোষণ এবং দেশভাগের ভয়াবহ ক্ষতি কাটিয়ে তখন ভারত অর্থনৈতিক পুনর্গঠনের চেষ্টা করছিল। সীমিত সম্পদের একটি বড় অংশ সামরিক খাতে ব্যয় হলে উন্নয়ন ও দারিদ্র্য মোকাবিলার উদ্যোগ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল।
তবে যুদ্ধ এড়ানোর সব প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। ১৯৬২ সালে চীনের সঙ্গে যুদ্ধে ভারত বিপর্যস্ত হলে নেহরু যুক্তরাষ্ট্রের কাছে সামরিক সহায়তা চান।
যুক্তরাষ্ট্র সহায়তা দিতে প্রস্তুত হয়েছিল। কিন্তু তত দিনে চীন ভারতের উত্তর-পূর্বাঞ্চলে দখল করা অধিকাংশ এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নেয়। তবে লাদাখের যে ভূখণ্ড চীন দখল করেছিল, তা এখনো তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
নেহরুর উত্তরাধিকার নিয়ে নতুন প্রশ্ন
ভারতের ইতিহাসে ১৯৬২ সালের যুদ্ধ নেহরুর নেতৃত্বের অন্যতম বড় ব্যর্থতা হিসেবে বিবেচিত। কিন্তু সেই ব্যর্থতার মূল্যায়ন করতে গিয়ে তাঁর সময়কার নিরাপত্তা পরিস্থিতি, অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং চীনের কৌশলগত অবস্থানও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
মুল্লিকের স্মৃতিকথা অন্তত এটুকু স্পষ্ট করে যে, নেহরু চীনের সামরিক উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ছিলেন না। বরং যুদ্ধের ঝুঁকি উপলব্ধি করেও তিনি উন্নয়নশীল একটি দেশের সীমিত সম্পদ এবং সাধারণ মানুষের কল্যাণের কথা বিবেচনা করে সংঘাত এড়ানোর চেষ্টা করেছিলেন।
মুল্লিক নিজেও নেহরুর সব সিদ্ধান্তের সঙ্গে একমত ছিলেন না। কিন্তু তাঁর মূল্যায়নে নেহরুর সাহস, দেশপ্রেম, দৃঢ়তা এবং সুদূরপ্রসারী চিন্তাশক্তির প্রতি গভীর শ্রদ্ধা ছিল।
নেহরুর নেতৃত্বকে নতুন করে বুঝতে এই স্মৃতিকথা তাই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল। এটি যুদ্ধের ব্যর্থতাকে আড়াল করে না, বরং সেই ব্যর্থতার পেছনের রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত বাস্তবতাকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করে।












