ইউক্রেন যুদ্ধ রাশিয়ার অর্থনীতি, সামরিক বাহিনী ও আন্তর্জাতিক অবস্থানের ওপর বড় ধরনের চাপ তৈরি করেছে। দীর্ঘস্থায়ী এই সংঘাতে বিপুলসংখ্যক সেনা হতাহত হচ্ছে, বাড়ছে সামরিক ব্যয়, আর বিশ্বজুড়ে রাশিয়ার কূটনৈতিক অবস্থানও নানা চ্যালেঞ্জের মুখে পড়ছে। তবু যুদ্ধ থামানোর বিষয়ে দৃশ্যমান আগ্রহ দেখাচ্ছেন না প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠার উদ্যোগও বারবার উপেক্ষা করছেন তিনি।
প্রশ্ন উঠছে, এত ক্ষয়ক্ষতির পরও কেন যুদ্ধ চালিয়ে যেতে চাইছেন পুতিন? এর উত্তর শুধু ইউক্রেনের ভূখণ্ড দখলের আকাঙ্ক্ষায় সীমাবদ্ধ নয়। যুদ্ধটি রাশিয়ার অভ্যন্তরীণ রাজনীতি, সামরিক কাঠামো এবং আন্তর্জাতিক শক্তির ভারসাম্যেও পুতিনের জন্য কিছু সুবিধা তৈরি করেছে। ক্রেমলিনের হিসাব অনুযায়ী, যুদ্ধের ক্ষতির পাশাপাশি রয়েছে এমন কিছু রাজনৈতিক ও কৌশলগত লাভ, যা এখনই সংঘাত বন্ধ করার সিদ্ধান্তকে কঠিন করে তুলছে।
ক্ষমতা সংহত করার হাতিয়ার যুদ্ধ
রাশিয়ার যুদ্ধ পরিচালনায় নানা দুর্বলতা প্রকাশ পেয়েছে। ব্যয়বহুল স্থল অভিযান দেশটির অর্থনীতিকে চাপে ফেলেছে। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধের জন্য বিপুল অর্থ ও সামরিক সরঞ্জাম ব্যয় করতে গিয়ে আর্মেনিয়া ও সিরিয়ার মতো অঞ্চলে রাশিয়ার প্রভাব ধরে রাখার সক্ষমতাও সীমিত হয়েছে।
তবে পুতিনের কাছে যুদ্ধের হিসাব কেবল অর্থনৈতিক বা সামরিক ক্ষতির মধ্যে আটকে নেই। দীর্ঘ সংঘাত তাঁর অভ্যন্তরীণ ক্ষমতা আরও সংহত করার সুযোগ তৈরি করেছে। রাজনৈতিক প্রতিপক্ষকে কোণঠাসা করা, বিরোধী মতের প্রভাব কমানো এবং অর্থনীতিকে সামরিক প্রয়োজনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার ক্ষেত্রে যুদ্ধকে কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে ক্রেমলিন।
যুদ্ধের কারণে রাশিয়ার সামরিক বাহিনীকেও দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হচ্ছে। আধুনিক যুদ্ধের উপযোগী প্রযুক্তি, অস্ত্র উৎপাদন এবং শিল্পভিত্তি গড়ে তোলার প্রয়োজনীয়তা বেড়েছে। পুতিনের দৃষ্টিতে, এই পরিবর্তন ভবিষ্যতের সামরিক প্রতিযোগিতায় রাশিয়ার অবস্থান ধরে রাখতে সহায়ক হতে পারে।
ইউক্রেনের সাফল্য, আন্তর্জাতিক পরিসরে রাশিয়ার হিসাব
যুদ্ধক্ষেত্রে ইউক্রেন প্রত্যাশার চেয়ে ভালো প্রতিরোধ গড়ে তুললেও আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়া কিছু সুবিধা পাচ্ছে বলে মনে করছে ক্রেমলিন।
যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে উত্তর কোরিয়া ও চীনের সঙ্গে মস্কোর সহযোগিতা আরও কার্যকর হচ্ছে। অন্যদিকে ইউক্রেনকে সমর্থন দেওয়া পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে ক্লান্তি, মতভেদ ও রাজনৈতিক অনৈক্যের লক্ষণ দেখা যাচ্ছে।
ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও পুতিনের হিসাব রয়েছে। জার্মানি প্রতিরক্ষা ব্যয় বাড়ালেও দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের জনসমর্থন দুর্বল থাকায় মস্কো একে বড় রাজনৈতিক সীমাবদ্ধতা হিসেবে দেখছে। ফ্রান্সের আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়াপন্থী প্রার্থীর সম্ভাবনাও ইউরোপীয় ঐক্যের জন্য নতুন উদ্বেগ তৈরি করতে পারে।
একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর প্রতিক্রিয়ায় ধীরগতি এবং রুশ উসকানির বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপের ঘাটতি পুতিনের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। তাঁর কাছে বিষয়টি কেবল ইউক্রেনের সঙ্গে যুদ্ধ নয়; বরং যুক্তরাষ্ট্র ও ইউরোপের নেতৃত্বাধীন পশ্চিমা জোটের ঐক্য ও প্রভাব দুর্বল করার সুযোগও।
প্রাণহানিও কেন থামাতে পারছে না যুদ্ধ
যুদ্ধক্ষেত্রে রাশিয়ার বিপুলসংখ্যক সেনা হতাহত হলেও এখন পর্যন্ত তা পুতিনের সিদ্ধান্তে বড় পরিবর্তন আনতে পারেনি। পশ্চিমা দেশগুলো আশা করেছিল, এত প্রাণহানি ও সামরিক ব্যয়ের চাপ একসময় ক্রেমলিনকে যুদ্ধ বন্ধে বাধ্য করবে। কিন্তু বাস্তবে সেই চাপের প্রভাব প্রত্যাশার তুলনায় কম।
পুতিন মনে করতে পারেন, বর্তমান মাত্রার ক্ষয়ক্ষতি রাশিয়ার পক্ষে সহ্য করা সম্ভব। আবার ইউক্রেনের সীমিত জনবল দীর্ঘদিন একই মাত্রার যুদ্ধ চালিয়ে যেতে পারবে না—এমন হিসাবও তাঁর থাকতে পারে।
রাশিয়া চাইলে ব্যয়বহুল স্থল অভিযান সাময়িকভাবে কমিয়ে বিমান হামলা জোরদার করতে পারত। কিন্তু স্থল অভিযান চালিয়ে যাওয়ার মাধ্যমে সামরিক নেতৃত্বকে আধুনিক যুদ্ধের প্রয়োজনীয় পরিবর্তনের সঙ্গে যুক্ত রাখার কৌশলও থাকতে পারে।
শীতকে সামনে রেখে জ্বালানি অবকাঠামোয় হামলা
আকাশপথের লড়াইয়েও পুতিন কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকার আশা করছেন। রাশিয়ার তেল ও বাণিজ্যিক স্থাপনায় ইউক্রেনের হামলা ক্ষতি ও বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। তবে এখন পর্যন্ত এসব হামলা রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতাকে গুরুতরভাবে বিপর্যস্ত করতে পারেনি।
অন্যদিকে ইউক্রেনের জ্বালানি ও পানি সরবরাহব্যবস্থাকে লক্ষ্য করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা দেশটির অর্থনীতি ও সাধারণ মানুষের ওপর বড় চাপ তৈরি করছে। শীতকালে দীর্ঘ সময় বিদ্যুৎ ও তাপ সরবরাহ বন্ধ থাকলে বহু মানুষ পশ্চিম ইউরোপের দিকে চলে যেতে পারে। এতে ইউক্রেনের দুর্বল অর্থনীতি আরও সংকটে পড়বে।
এ ছাড়া গুরুত্বপূর্ণ শহরগুলোর অবকাঠামোয় হামলা চালিয়ে ইউক্রেনকে সামরিক প্রতিরক্ষার সীমিত অস্ত্র ও সরঞ্জাম শহর রক্ষায় ব্যস্ত করে রাখার সুযোগ তৈরি করতে পারে রাশিয়া। ফলে সম্মুখযুদ্ধে ইউক্রেনীয় সেনাদের জন্য প্রতিরক্ষা আরও কঠিন হয়ে উঠতে পারে।
পুতিনের প্রত্যাশা, সময় তাঁর পক্ষে
রাশিয়ার জন্য যুদ্ধের ব্যয় যে একসময় অসহনীয় হয়ে উঠতে পারে, তা পুতিনের অজানা নয়। তবে আপাতত তিনি মনে করছেন, সময় তাঁর পক্ষেই কাজ করছে। ইউক্রেনকে পরাজিত করার পাশাপাশি যদি এই যুদ্ধ পশ্চিমা জোটের ঐক্য ও প্রভাব দুর্বল করে দিতে পারে, তাহলে তাঁর হিসাবে যুদ্ধের লাভ ক্ষতির চেয়ে বেশি হতে পারে।
এ অবস্থায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের সামনে বড় চ্যালেঞ্জ হলো মস্কোর এই হিসাব বদলে দেওয়া। শুধু গণতন্ত্র, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও মানবাধিকারের পক্ষে বক্তব্য দিয়ে পুতিনকে যুদ্ধ থামাতে রাজি করানো কঠিন। প্রয়োজন পশ্চিমা দেশগুলোর ঐক্যবদ্ধ, সুস্পষ্ট ও কার্যকর পদক্ষেপ।
পশ্চিমা জোটের মধ্যে বিভক্তি যত বাড়বে, পুতিনের যুদ্ধ চালিয়ে যাওয়ার আগ্রহও তত শক্তিশালী হতে পারে। তাই ট্রাম্প প্রশাসন যতই শান্তির প্রস্তাব দিক, রাশিয়ার প্রেসিডেন্ট যদি মনে করেন যুদ্ধ তাঁর রাজনৈতিক ক্ষমতা ও আন্তর্জাতিক প্রভাব বাড়াচ্ছে, তাহলে তিনি সহজে সেই পথ থেকে সরে আসবেন—এমন সম্ভাবনা কম।












