৪ কোটি স্মার্টফোন আইডির তথ্য বিশ্লেষণ করে প্রতিরক্ষা স্থাপনার গতিবিধি শনাক্ত, নিরাপত্তা ঝুঁকিতে সামরিক কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ ইউনিট
জাপানের সামরিক নিরাপত্তার জন্য নতুন হুমকি হয়ে উঠেছে স্মার্টফোনের অবস্থানসংক্রান্ত তথ্য। বাণিজ্যিকভাবে কেনাবেচা হওয়া এসব তথ্য বিশ্লেষণ করে দেশটির সামরিক ঘাঁটি, প্রতিরক্ষা স্থাপনা এমনকি গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তাদের দৈনন্দিন চলাচলেরও বিস্তারিত চিত্র পাওয়া সম্ভব হচ্ছে।
জাপানের সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার অনুসন্ধানে দেখা গেছে, দেশটির স্থল, নৌ ও বিমান আত্মরক্ষা বাহিনীর ৩০০টির বেশি স্থাপনায় স্মার্টফোনের অবস্থানসংক্রান্ত তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের মাধ্যমে শুধু একজন ব্যক্তির অবস্থান নয়, পুরো সামরিক ইউনিটের কার্যক্রম ও চলাচলের ধরনও শনাক্ত করা সম্ভব।
নিক্কেই জাপানে এক মাসের অবস্থানসংক্রান্ত তথ্য সংগ্রহ করে ৪ কোটির বেশি স্মার্টফোন আইডি বিশ্লেষণ করেছে। এতে প্রায় ৪০ বিলিয়ন বা ৪ হাজার কোটি অবস্থানসংক্রান্ত রেকর্ড পাওয়া যায়।
ব্যক্তিগত তথ্য থেকেই সামরিক নিরাপত্তায় ঝুঁকি
স্মার্টফোনের বিভিন্ন অ্যাপ ব্যবহারকারীর অনুমতি নিয়ে তাদের অবস্থানসংক্রান্ত তথ্য সংগ্রহ করে। পরে অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান কিংবা সংশ্লিষ্ট তৃতীয় পক্ষের কাছে এসব তথ্য পৌঁছাতে পারে। বিজ্ঞাপন প্রচার, মানুষের চলাচল বিশ্লেষণসহ বিভিন্ন বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য তথ্যগুলো বিক্রি হয়।
নিক্কেই ১৮টি বিদেশি তথ্য ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে বিনা মূল্যে নমুনা তথ্য সংগ্রহ করে। এসব তথ্যে প্রতিটি স্মার্টফোনের জন্য আলাদা পরিচিতি নম্বরের সঙ্গে অক্ষাংশ, দ্রাঘিমাংশ ও সময় উল্লেখ ছিল।
বিশ্লেষণে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, মন্ত্রিপরিষদ সচিবালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবনেও স্মার্টফোনের অবস্থানসংক্রান্ত তথ্য পাওয়া গেছে।
বিশেষ উদ্বেগের বিষয় হলো, নাম বা ফোন নম্বর বাদ দেওয়া হলেও ধারাবাহিক অবস্থানসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে একজন ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব।
ইনস্টিটিউট অব স্ট্যাটিস্টিক্যাল ম্যাথমেটিকসের অধ্যাপক কাজুহিরো মিনামি বলেন, প্রত্যেক মানুষের চলাচলের ধরনে স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে। ফলে পরিচয়সংক্রান্ত তথ্য মুছে ফেললেও অবস্থানসংক্রান্ত তথ্যের মাধ্যমে ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব। এ ধরনের তথ্য সম্পূর্ণভাবে পরিচয়মুক্ত রাখা কঠিন।
সামরিক কর্মকর্তাদের দৈনন্দিন রুটিনও নজরে
নিক্কেইর অনুসন্ধানে জাপানের মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্সের (এমএসডিএফ) একজন কর্মকর্তার নিয়মিত চলাচলের তথ্য পাওয়া গেছে।
কানাগাওয়া প্রদেশের ইয়োকোসুকায় অবস্থিত মেরিটাইম অপারেশন সেন্টারের আশপাশে ওই কর্মকর্তার অবস্থান শনাক্ত করা হয়। সেখানে সকাল ৬টা ২৪ মিনিটে তাঁর অবস্থান রেকর্ড করা হয়েছিল। একই দিন রাত ৮টা ৭ মিনিটে একটি পার্কিং এলাকার সামনে তাঁর অবস্থান পাওয়া যায়।
এই কেন্দ্রে নৌবাহিনীর গুরুত্বপূর্ণ কমান্ড কার্যক্রম পরিচালিত হয়। জাপানের নৌবাহিনীর বিভিন্ন ইউনিট, সরকারি সংস্থা এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয়ের দায়িত্বও এখান থেকে পরিচালিত হয়।
এ ছাড়া টোকিওর আসাকা সামরিক শিবিরে স্থলবাহিনীর একজন কর্মকর্তার চলাচলের তথ্য পাওয়া গেছে। এক মাসে তাঁর স্মার্টফোনের সঙ্গে যুক্ত প্রায় ১ লাখ ৭০ হাজার অবস্থানসংক্রান্ত রেকর্ড শনাক্ত করেছে নিক্কেই। অর্থাৎ গড়ে প্রতি মিনিটে প্রায় চারটি রেকর্ড তৈরি হয়েছে।
এসব তথ্য থেকে ওই ব্যক্তির বাসস্থান, সুপারমার্কেট, নিকটবর্তী রেলস্টেশন এবং শরীরচর্চার জন্য ব্যবহৃত মাঠে যাতায়াতের চিত্রও পাওয়া গেছে।
গোয়েন্দা তৎপরতায় তথ্য ব্যবহারের আশঙ্কা
অবস্থানসংক্রান্ত তথ্য শুধু নজরদারির জন্য নয়, সামরিক ও গোয়েন্দা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দুর্বলতা শনাক্ত করতেও ব্যবহার করা হতে পারে।
অবসরপ্রাপ্ত জাপানি নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল ইয়াসুহিরো কাওয়াকামি বলেন, গুপ্তচরবৃত্তির একটি মৌলিক কৌশল হলো, যাঁদের কাছে পৌঁছানো প্রয়োজন তাঁদের ব্যক্তিগত দুর্বলতা শনাক্ত করে তা কাজে লাগানো। অবস্থানসংক্রান্ত তথ্য এ ধরনের উদ্দেশ্যে ব্যবহার করা সম্ভব।
তাঁর মতে, কোনো সংকট বা সংঘাতের সময় এসব তথ্য বিশ্লেষণ করে নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্যবস্তুতে পরিণত করার ঝুঁকি রয়েছে।
জাপানের বিশেষজ্ঞদের একটি সরকারি প্যানেলও চলতি বছরের জানুয়ারিতে অবস্থানসংক্রান্ত তথ্যকে সংবেদনশীল তথ্য হিসেবে চিহ্নিত করেছে। জিনগত, চিকিৎসা ও আর্থিক তথ্যের পাশাপাশি এই তথ্যের অপব্যবহার জাতীয় নিরাপত্তা ও সরকারি সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ওপর প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করতে পারে বলে সতর্ক করা হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইউরোপেও একই উদ্বেগ
সামরিক অবস্থানসংক্রান্ত তথ্য ফাঁসের ঝুঁকি শুধু জাপানের মধ্যে সীমাবদ্ধ নয়। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও এ বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।
মধ্যপ্রাচ্য ও এশিয়ার কিছু অংশে সামরিক অভিযান পরিচালনাকারী যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এপ্রিলে কংগ্রেসকে জানায়, বাণিজ্যিকভাবে পাওয়া অবস্থানসংক্রান্ত তথ্য ব্যবহার করে মার্কিন সেনাদের ওপর নজরদারি ও হামলার লক্ষ্য নির্ধারণের বিষয়ে একাধিক হুমকির তথ্য তারা পেয়েছে।
যুক্তরাষ্ট্রের ওকিনাওয়া অঞ্চলে ফুতেনমা মেরিন কর্পস এয়ার স্টেশন এবং কাদেনা বিমানঘাঁটির আশপাশেও স্মার্টফোনের অবস্থানসংক্রান্ত তথ্য পাওয়া গেছে।
২০২৫ সালে ইউরোপের কয়েকটি সংবাদমাধ্যমের যৌথ অনুসন্ধানে তথ্য ব্যবসায়ীদের কাছ থেকে পাওয়া প্রায় ১ হাজার ৩০০ কোটি অবস্থানসংক্রান্ত রেকর্ড বিশ্লেষণ করা হয়। এতে ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তরে ৫০০টির বেশি স্মার্টফোনের অবস্থান শনাক্ত হয়। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তার বাসার ঠিকানাও চিহ্নিত করা সম্ভব হয়।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সীমাবদ্ধতা
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্মার্টফোনের অবস্থানসংক্রান্ত তথ্য থেকে নিরাপত্তাঝুঁকি তৈরি হওয়ার বিষয়টি তারা স্বীকার করে। আত্মরক্ষা বাহিনীর সরবরাহ করা স্মার্টফোনে সীমিত সুবিধা রাখা হয়েছে এবং অপ্রয়োজনীয় অ্যাপ ইনস্টল না করার নিয়মও রয়েছে।
তবে ব্যক্তিগত স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে অবসর সময়ে অ্যাপ নিয়ন্ত্রণ করা কঠিন। এ কারণে সামরিক কর্মকর্তা ও মন্ত্রণালয়ের কর্মীদের অবস্থানসংক্রান্ত তথ্যের ঝুঁকি সম্পর্কে সচেতন করার উদ্যোগ নেওয়া হবে।
জাপান সরকার আগামী জানুয়ারিতে সংসদের নিয়মিত অধিবেশনে অর্থনৈতিক নিরাপত্তা উন্নয়ন আইন সংশোধনের প্রস্তাব আনতে যাচ্ছে। তবে প্রস্তাবিত সংশোধনে জিনগত, চিকিৎসা ও আর্থিক তথ্যের সুরক্ষার বিষয় থাকলেও অবস্থানসংক্রান্ত তথ্য অন্তর্ভুক্ত করা হচ্ছে না।
নিক্কেইর অনুসন্ধান দেখাচ্ছে, আধুনিক গোয়েন্দা প্রতিযোগিতায় সামরিক স্থাপনার নিরাপত্তা শুধু অস্ত্র, সীমানাপ্রাচীর কিংবা সাইবার প্রতিরক্ষার ওপর নির্ভর করছে না। সাধারণ মানুষের ব্যবহৃত স্মার্টফোনের তথ্যও এখন রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য বড় দুর্বলতা হয়ে উঠতে পারে।












