বিশ্বের সবচেয়ে পরিচিত শিল্প জাদুঘরগুলোর একটি ফ্রান্সের লুভর। কিন্তু ঐতিহাসিক এই জাদুঘর এখন একসঙ্গে কয়েকটি বড় সংকটের মুখে। একদিকে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, ধর্মঘট ও নিরাপত্তা পরিস্থিতির অবনতি; অন্যদিকে দর্শনার্থীদের অতিরিক্ত ভিড়, অবকাঠামোর দুর্বলতা এবং কয়েক বছর আগে ঘটে যাওয়া মূল্যবান রাজমুকুটের অলংকার চুরির ঘটনার রেশ। এসব চাপ সামলে জাদুঘরটিকে নতুন করে সাজানোর দায়িত্ব নিয়েছেন এর বর্তমান প্রধান ক্রিস্তোফ লেরিবো।
চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই তাঁকে সামলাতে হচ্ছে নানা সমস্যা। এর মধ্যে রয়েছে কর্মীদের ধর্মঘটের আশঙ্কা, দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত শৌচাগারের অভাব এবং বড় ধরনের সংস্কার প্রকল্পের অর্থ সংগ্রহ। সব মিলিয়ে লুভরের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে তাঁর নেতৃত্ব ও পরিকল্পনা বাস্তবায়নের ওপর।
বিক্ষোভ ও ধর্মঘটের প্রভাব পড়ছে জাদুঘরে
ফ্রান্সে সাম্প্রতিক কয়েক মাসে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা বেড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে শুরু হওয়া আন্দোলন একপর্যায়ে দেশজুড়ে ছড়িয়ে পড়ে। গত ১৭ অক্টোবর বিভিন্ন শহরে ব্যাপক বিশৃঙ্খলা ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ৫ নভেম্বর বড় শ্রমিক সংগঠনগুলো দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেয়।
এই পরিস্থিতির প্রভাব পড়েছে লুভরেও। সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিরাপত্তাকর্মীদের কর্মস্থলে পৌঁছাতে সমস্যা হওয়ায় জাদুঘরের কিছু প্রদর্শনীকক্ষ বন্ধ রাখতে হয়েছে। ধর্মঘটের দিন ফ্লেমিশ ও জার্মান চিত্রকলার কয়েকটি প্রদর্শনীকক্ষ বন্ধ থাকলেও প্রধান গ্যালারিগুলো খোলা ছিল।
গত বছরের মূল্যবান রাজমুকুটের অলংকার চুরির ঘটনাও জাদুঘরটির নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। শত কোটি ডলারের বেশি মূল্যের অলংকার চুরির ঘটনার কয়েক মাস পরই তৎকালীন প্রধান লরঁস দে কার পদত্যাগ করেন। এরপর দায়িত্ব নেন লেরিবো।
সংস্কারে ব্যয় হবে ১২০ কোটি ডলার
লুভরের সবচেয়ে বড় দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ এর অবকাঠামো আধুনিক করা। কয়েক দশক আগের নকশায় তৈরি জাদুঘরটির দর্শনার্থীর চাপ সামলানোর সক্ষমতা এখন অনেকটাই অপ্রতুল। পাশাপাশি পুরোনো শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা নিয়েও সমস্যা বাড়ছে।
সংস্কার ও পুনর্বিন্যাসের জন্য নেওয়া হয়েছে একটি বহু বছর মেয়াদি পরিকল্পনা। এর সম্ভাব্য ব্যয় প্রায় ১২০ কোটি ডলার। এই অর্থের মধ্যে প্রায় ৪০ কোটি ডলার বেসরকারি উৎস থেকে সংগ্রহ করতে হবে।
পরিকল্পনার আওতায় জাদুঘরের পূর্ব দিক দিয়ে নতুন দুটি প্রবেশ ও বের হওয়ার পথ তৈরি করা হবে। এতে দর্শনার্থীদের চলাচলের চাপ কমবে। পাশাপাশি প্রায় ১ লাখ ৭ হাজার বর্গফুট নতুন জায়গা যুক্ত হবে। এর মধ্যে ৩২ হাজার বর্গফুটের বেশি জায়গা রাখা হবে মোনালিসা চিত্রকর্ম প্রদর্শনের জন্য। বিশেষ প্রদর্শনীর জন্যও তৈরি হবে নতুন গ্যালারি।
প্রকল্পটির কাজ ২০২৮ সালের দিকে শুরু হতে পারে বলে আশা করছেন লেরিবো। সংস্কার শেষে ২০৪০ সালের দিকে জাদুঘরটি নতুন রূপে চালুর লক্ষ্য রয়েছে।
মোনালিসাকে ঘিরে নতুন ব্যবস্থা
লুভরে আসা দর্শনার্থীদের বড় একটি অংশের প্রধান আকর্ষণ লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা। জাদুঘরের হিসাবে, প্রায় ৮০ শতাংশ দর্শনার্থী মূলত এই ছবিটি দেখতেই আসেন।
কিন্তু ছবিটি তুলনামূলক ছোট হওয়ায় এবং এর সামনে সব সময় প্রচণ্ড ভিড় থাকায় অনেক দর্শনার্থীর পক্ষেই ভালোভাবে ছবিটি দেখা কঠিন হয়ে পড়ে। নতুন পরিকল্পনায় মোনালিসার জন্য আলাদা ভূগর্ভস্থ প্রদর্শনী এলাকা তৈরি করা হবে। নির্দিষ্ট সময়ের টিকিটের মাধ্যমে দর্শনার্থীরা সেখানে যেতে পারবেন। চাইলে তাঁরা জাদুঘরের অন্য অংশ ঘুরে না দেখেও সরাসরি মোনালিসার প্রদর্শনীতে পৌঁছাতে পারবেন।
তবে বিষয়টি নিয়ে লেরিবোর নিজেরও কিছুটা আক্ষেপ রয়েছে। কারণ, আলাদা প্রদর্শনীকক্ষ তৈরি হলে মোনালিসাকে লিওনার্দো দা ভিঞ্চির অন্যান্য চিত্রকর্ম থেকে বিচ্ছিন্নভাবে দেখতে হবে।
অতিরিক্ত দর্শনার্থীতে বিপর্যস্ত পুরোনো নকশা
১৯৮১ থেকে ১৯৯৭ সালের মধ্যে বাস্তবায়িত গ্রঁ লুভর প্রকল্পের অংশ হিসেবে তৈরি হয়েছিল স্থপতি আই এম পেইয়ের নকশা করা বিখ্যাত কাচের পিরামিড। তখন বছরে প্রায় ৫০ লাখ দর্শনার্থীর কথা মাথায় রেখে জাদুঘরের প্রবেশ ও চলাচলের ব্যবস্থা করা হয়েছিল।
কিন্তু বর্তমানে সেই ধারণক্ষমতা অনেক আগেই অতিক্রম করেছে লুভর। ২০২৫ সালে জাদুঘরটিতে প্রায় ৯০ লাখ মানুষ এসেছেন। কোনো কোনো বছরে এই সংখ্যা ১ কোটিও ছাড়িয়েছে।
বর্তমানে প্রবেশের জন্য দুটি প্রধান পথ থাকলেও বের হওয়ার ক্ষেত্রে একটি প্রধান পথের ওপর নির্ভর করতে হয় দর্শনার্থীদের। ফলে কাচের পিরামিডের নিচে প্রচণ্ড ভিড় তৈরি হয়। লেরিবোর মতে, পিরামিডের স্থাপত্য ও আলো উপভোগ করার সুযোগ থাকলেও অতিরিক্ত ভিড় সেই সৌন্দর্য অনেকটাই ম্লান করে দিয়েছে।
সংস্কার পরিকল্পনায় নতুন প্রবেশপথ ও বের হওয়ার পথ যুক্ত হলে এই চাপ কমবে বলে আশা করা হচ্ছে।
তাপমাত্রা নিয়ন্ত্রণেও বড় দুর্বলতা
জাদুঘরটির আরেকটি বড় সমস্যা পুরোনো শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা। গত গ্রীষ্মে তাপপ্রবাহের কারণে ১১ বার নির্ধারিত সময়ের আগেই জাদুঘর বন্ধ করতে হয়েছিল। শুধু দর্শনার্থীদের অসুবিধা নয়, শিল্পকর্ম সংরক্ষণের জন্যও উপযুক্ত পরিবেশ বজায় রাখা জরুরি। নতুন প্রকল্পে এই ব্যবস্থার আধুনিকায়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
লুভরের আয়ের ক্ষেত্রেও দর্শনার্থীদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাদুঘরটির পরিচালন ব্যয়ের প্রায় ৬১ শতাংশ আসে টিকিট বিক্রি থেকে। মাদ্রিদের প্রাদো জাদুঘরের ক্ষেত্রে এই হার প্রায় ৩০ শতাংশ, আর নিউইয়র্কের মেট্রোপলিটন জাদুঘরে মাত্র ১৪ শতাংশ। লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে স্থায়ী সংগ্রহ দেখার জন্য প্রবেশমূল্যও দিতে হয় না।
ফলে লুভর দীর্ঘ সময় বন্ধ থাকলে বা দর্শনার্থীর সংখ্যা কমে গেলে আর্থিক চাপ আরও বাড়তে পারে।
দর্শনার্থীর অভিজ্ঞতা বদলাতে চান নতুন প্রধান
লেরিবো শুধু অবকাঠামো সংস্কারেই সীমাবদ্ধ থাকতে চান না। দর্শনার্থীদের অভিজ্ঞতা উন্নত করতে জাদুঘরের বিভিন্ন সংগ্রহ নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছেন তিনি। দীর্ঘদিনের প্রচলিত নিয়ম ভেঙে একই প্রদর্শনী এলাকায় চিত্রকর্ম, ভাস্কর্য ও বস্ত্রশিল্পের নিদর্শন পাশাপাশি রাখার পরিকল্পনা করছেন। তাঁর ধারণা, একটানা অনেকগুলো কক্ষজুড়ে শুধু চিত্রকর্ম দেখার বদলে বিভিন্ন ধরনের শিল্পকর্ম একসঙ্গে দেখলে দর্শনার্থীরা বেশি বৈচিত্র্য পাবেন।
কর্মীদের সঙ্গে সম্পর্ক উন্নত করতেও নতুন ব্যবস্থাপনা পদ্ধতি চালু করেছেন তিনি। সংস্কার পরিকল্পনা নিয়ে সাপ্তাহিক বৈঠকে বিভিন্ন পর্যায়ের কর্মীদের একসঙ্গে রাখছেন। সুযোগ পেলে কর্মীদের সঙ্গে একই খাবারঘরেও দুপুরের খাবার খান।
৬৩ বছর বয়সী এই শিল্প ইতিহাসবিদের লুভরের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিনের। ছোটবেলায় মিসরীয় সংগ্রহের বিশাল ভাস্কর্যগুলো দেখে জাদুঘরটির প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়েছিল। পরে লুভরের গ্রাফিক শিল্প বিভাগে উপপরিচালকের দায়িত্ব পালন করেন। এরপর প্যারিসের ওর্সে জাদুঘর এবং ভার্সাই প্রাসাদের পরিচালনার দায়িত্বও সামলেছেন তিনি।
নিজের মেয়াদের সাফল্য নিয়ে তাঁর প্রত্যাশা বেশ দীর্ঘমেয়াদি। ২০৪০ সালের দিকে সংস্কার শেষে লুভর যখন নতুনভাবে উদ্বোধন হবে, তখন সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেই নিজের কাজকে সফল মনে করবেন বলে জানিয়েছেন তিনি। তবে আপাতত তাঁর প্রধান লক্ষ্য অস্থিরতার মধ্যেও জাদুঘরটি নিয়মিত দর্শনার্থীদের জন্য খোলা রাখা। তাঁর আশা, সাম্প্রতিক কয়েক সপ্তাহের মতো আগামী সপ্তাহগুলোতেও লুভরের দরজা খোলা থাকবে।












