স্কটল্যান্ডের অ্যাবারডিন রয়্যাল ইনফার্মারিতে অস্ত্রোপচারের সময় অবহেলা ও ভুল সিদ্ধান্তের কারণে রোগীদের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএস গ্র্যাম্পিয়ানের বিরুদ্ধে করপোরেট হত্যার তদন্ত দাবি করেছেন হাসপাতালটির একজন জ্যেষ্ঠ সার্জন। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে একের পর এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়নি।
অ্যাবারডিন রয়্যাল ইনফার্মারির পরামর্শক সার্জন ডা. মোহাম্মদ হাবিব বলেছেন, তিনি প্রায় এক দশক ধরে হাসপাতালের চিকিৎসাসেবার গুরুতর অনিয়ম ও রোগীদের অপ্রয়োজনীয় মৃত্যুর বিষয়ে সতর্ক করে আসছেন। সরকারের মন্ত্রী ও পুলিশের কাছেও অভিযোগ জানিয়েছেন। কিন্তু তাঁর দাবি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি।
বৃহস্পতিবার আইনজীবী আমের আনোয়ারকে সঙ্গে নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ প্রকাশ করেন। রোগীদের মৃত্যুর ঘটনায় জবাবদিহি নিশ্চিত করতে নিজের পেশাগত অবস্থানও ঝুঁকিতে ফেলছেন বলে জানান এই চিকিৎসক।
৪৫ রোগীর মধ্যে ১৯ জনের মৃত্যু এড়ানো সম্ভব ছিল
ডা. হাবিবের প্রকাশ করা ২০২২ সালের একটি গোপন বিশেষজ্ঞ পর্যালোচনা প্রতিবেদনে গুরুতর তথ্য উঠে এসেছে। এতে ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত অ্যাবারডিন রয়্যাল ইনফার্মারির যকৃৎ ও অগ্ন্যাশয় চিকিৎসাসেবার আওতায় থাকা ৪৫ রোগীর চিকিৎসার তথ্য পর্যালোচনা করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ওই ৪৫ রোগীর মধ্যে ৩১ জন মারা যান। তাঁদের মধ্যে ১৯ জনের মৃত্যু অস্ত্রোপচার কিংবা চিকিৎসা হস্তক্ষেপের সঙ্গে সংশ্লিষ্ট এমন পরিস্থিতিতে হয়েছে, যা এড়ানো সম্ভব ছিল বলে বিশেষজ্ঞরা মনে করেন।
কিছু রোগী অস্ত্রোপচারকক্ষেই অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান। প্রতিবেদনে সার্জনদের ভুল সিদ্ধান্ত ও চিকিৎসা ব্যবস্থাপনার দুর্বলতাকে এসব ঘটনার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
অস্ত্রোপচারে মৃত্যুহার প্রত্যাশার চেয়ে অনেক বেশি
২০২২ সালের পর্যালোচনায় যকৃৎ ও অগ্ন্যাশয়ের অস্ত্রোপচারে অস্বাভাবিক উচ্চ মৃত্যুহারের বিষয়টি উঠে আসে।
২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে বড় ধরনের যকৃৎ অপসারণ অস্ত্রোপচারের পর ৩০ দিনের মধ্যে মৃত্যুহার ছিল ১২ শতাংশ। ৯০ দিনের হিসাবে তা বেড়ে দাঁড়ায় ১৮ শতাংশে। অথচ এ ধরনের অস্ত্রোপচারে প্রত্যাশিত মৃত্যুহার ছিল মাত্র ২ দশমিক ২ শতাংশ।
বিশেষজ্ঞরা যকৃৎ অস্ত্রোপচারে অতিরিক্ত ঝুঁকি নেওয়ার প্রবণতার সমালোচনা করেন। রোগীর অবস্থা বিবেচনায় অস্ত্রোপচার সম্ভব নয় বলে ধারণা করা হলেও কিছু ক্ষেত্রে তা করা হয়েছে।
অগ্ন্যাশয়ের অস্ত্রোপচারের ক্ষেত্রেও পর্যাপ্ত পরিকল্পনা ছাড়াই রোগীদের অস্ত্রোপচারকক্ষে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। অস্ত্রোপচার ছাড়া বিকল্প চিকিৎসার সুযোগ যথাযথভাবে বিবেচনা করা হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এ ছাড়া অস্ত্রোপচারের সময় অতিরিক্ত রক্তক্ষরণ, দুর্বল নেতৃত্ব এবং অপারেশনের আগে পরিকল্পনা ও প্রস্তুতির জন্য নির্দিষ্ট মানদণ্ডের অভাবের বিষয়টি তুলে ধরা হয়।
নতুন প্রতিবেদনেও একই ধরনের ব্যর্থতার চিত্র
চলতি বছরের আরেকটি বিশেষজ্ঞ প্রতিবেদনেও প্রায় একই ধরনের সমস্যা চিহ্নিত হয়েছে। এতে অস্ত্রোপচারের ঝুঁকি ও সম্ভাব্য সুফল মূল্যায়নে ভুল সিদ্ধান্ত, ব্যাপক রক্তক্ষরণ এবং অস্ত্রোপচারের সময় ও পরবর্তী সময়ে রোগীদের মৃত্যুর একাধিক ঘটনা তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট ইউনিটের সমস্যাগুলো দীর্ঘদিনের এবং বারবার ঘটছে। এনএইচএস গ্র্যাম্পিয়ান পরিস্থিতির উন্নয়নে চেষ্টা করলেও প্রয়োজনীয় কাঠামোগত পরিবর্তন আনতে পারেনি।
নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করার মতো পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসকও ইউনিটটিতে নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০১০ সাল থেকে বারবার উদ্বেগ জানানো হলেও সমস্যাগুলোর কার্যকর সমাধান হয়নি।
বিশেষজ্ঞরা অ্যাবারডিন রয়্যাল ইনফার্মারিতে জটিল ও বড় ধরনের যকৃৎ, অগ্ন্যাশয় এবং পিত্তনালির অস্ত্রোপচার বন্ধ রাখার জোরালো সুপারিশ করেছেন।
পুলিশের কাছে অভিযোগ, তবু হয়নি মামলা
ডা. হাবিব জানিয়েছেন, ২০২১ সালের জুলাইয়ে তিনি আনুষ্ঠানিকভাবে কয়েক ডজন এড়ানো সম্ভব ছিল এমন মৃত্যুর বিষয়ে অভিযোগ জানান। ২০২৪ সালে আগের এক দশকের ২০টি ঘটনা পুলিশের কাছে তুলে ধরেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে অভিযুক্ত করা হয়নি।
তাঁর ধারণা, অতিরিক্ত জটিলতার কারণে কয়েক শ রোগী ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন।
তিনি এনএইচএস গ্র্যাম্পিয়ানের বিরুদ্ধে রোগীদের মৃত্যুর ঝুঁকি সম্পর্কে জেনেও দায়িত্বহীন আচরণের অভিযোগ তুলে করপোরেট হত্যার তদন্ত দাবি করেছেন।
স্বাস্থ্য কর্তৃপক্ষের ওপর বাড়ছে চাপ
এই অভিযোগ এমন এক সময়ে সামনে এসেছে, যখন গত সপ্তাহেই হেলথকেয়ার ইমপ্রুভমেন্ট স্কটল্যান্ডের এক প্রতিবেদনে এনএইচএস গ্র্যাম্পিয়ানের নেতৃত্ব ও প্রাতিষ্ঠানিক সংস্কৃতির কঠোর সমালোচনা করা হয়েছে।
ওই প্রতিবেদনে অঞ্চলটির স্বাস্থ্যসেবায় বড় ধরনের ঘাটতি এবং ভুল থেকে শিক্ষা নিতে ব্যর্থ হওয়ার কারণে বারবার এড়ানো সম্ভব ছিল এমন রোগী-ভোগান্তির কথা বলা হয়।
স্কটল্যান্ডের স্বাস্থ্য সচিব অ্যাঞ্জেলা কনস্ট্যান্স অবশ্য দাবি করেছেন, রোগীরা নিরাপদ আছেন। একই সঙ্গে স্বাস্থ্যসেবার প্রতিটি পর্যায়ে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
ডা. হাবিব জানিয়েছেন, ২০২৩ সালের জুন থেকে তিনি স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার ও স্বাস্থ্য সচিবের কাছে একাধিকবার অভিযোগ করেছেন। কিন্তু সরকার জানিয়েছে, হুইসেলব্লোয়িং বা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অনিয়ম প্রকাশের অভিযোগ তদন্ত করার এখতিয়ার তাদের নেই।
স্বাধীন হুইসেলব্লোয়িং কর্মকর্তা তাঁর অভিযোগ এগিয়ে নিতেও অস্বীকৃতি জানিয়েছেন বলে দাবি করেন তিনি।
২০২৫ সালের ডিসেম্বরে এনএইচএস গ্র্যাম্পিয়ানের প্রধান নির্বাহী লরা স্কেইফ নাইটকে চিঠি দিয়েও কোনো কার্যকর সমাধান পাননি বলে জানান এই সার্জন।
তাঁর ভাষ্য, কর্তৃপক্ষ ভবিষ্যতে উন্নতির প্রতিশ্রুতি দিলেও অতীতে রোগীদের কী পরিমাণ ক্ষতি হয়েছে, সে বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহি এড়িয়ে যাচ্ছে।












