সিঁড়ি দিয়ে ওঠার সময় হৃদ্স্পন্দন বেড়ে যাওয়া কিংবা সামান্য দৌড়ানোর পরই হাঁপিয়ে ওঠাকে অনেকেই শারীরিক সক্ষমতার ঘাটতি হিসেবে দেখেন। কিন্তু ব্যায়াম বন্ধ করার পর হৃদ্স্পন্দন কত দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, সেটিও শরীরের ভেতরের স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে।
চিকিৎসাবিজ্ঞানে এই বিষয়টিকে বলা হয় ‘হার্ট রেট রিকভারি’ (এইচআরআর)। ব্যায়ামের সময় হৃদ্স্পন্দন যে হারে বেড়ে যায়, ব্যায়াম বন্ধ করার পর নির্দিষ্ট সময়ে তা কতটা কমে আসে, সেটিই এই পরীক্ষার মূল বিষয়।
নিউইয়র্ক ইউনিভার্সিটির গ্রসম্যান স্কুল অব মেডিসিনের হৃদ্রোগ বিশেষজ্ঞ নিয়েকা গোল্ডবার্গের মতে, হৃদ্স্পন্দন স্বাভাবিক হওয়ার গতি হৃদ্যন্ত্র ও রক্তনালির সুস্থতার একটি গুরুত্বপূর্ণ নির্দেশক। এর মাধ্যমে উচ্চ রক্তচাপ এবং ভবিষ্যতে হৃদ্রোগজনিত জটিলতার ঝুঁকি সম্পর্কেও ধারণা পাওয়া যায়।
তবে এই পরীক্ষার গুরুত্ব শুধু হৃদ্স্বাস্থ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। গবেষণায় দেখা গেছে, হৃদ্স্পন্দন স্বাভাবিক হতে বেশি সময় লাগা সামগ্রিক স্বাস্থ্যঝুঁকি, এমনকি মৃত্যুঝুঁকির সঙ্গেও সম্পর্কিত হতে পারে।
১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড ক্লিনিকের গবেষকেরা প্রায় ২ হাজার ৪০০ প্রাপ্তবয়স্ক মানুষের ওপর এ বিষয়ে গবেষণা করেন। তাঁদের হৃদ্স্পন্দন পুনরুদ্ধারের হার পরিমাপ করে ছয় বছর ধরে পর্যবেক্ষণ করা হয়। গবেষণায় দেখা যায়, যাঁদের হৃদ্স্পন্দন স্বাভাবিক হওয়ার গতি কম ছিল, তাঁদের মৃত্যুর আশঙ্কা অন্যদের তুলনায় প্রায় চার গুণ বেশি ছিল।
পরবর্তী সময়ে বিশ্বের বিভিন্ন গবেষণায়ও প্রায় একই ধরনের ফল পাওয়া গেছে। গবেষকদের মতে, হৃদ্স্পন্দন পুনরুদ্ধারের হার এমনকি হৃদ্রোগের স্পষ্ট লক্ষণ না থাকলেও যেকোনো কারণে মৃত্যুর ঝুঁকি সম্পর্কে ধারণা দিতে পারে। তরুণ ও মধ্যবয়সীদের ক্ষেত্রে মৃত্যুঝুঁকির সঙ্গে এর সম্পর্ক উচ্চ রক্তচাপের চেয়েও বেশি শক্তিশালী হতে পারে বলে কিছু গবেষণায় উঠে এসেছে।
ঘরেই যেভাবে পরীক্ষা করবেন
এই পরীক্ষা করতে বিশেষ কোনো যন্ত্রের প্রয়োজন নেই। স্মার্টওয়াচ বা ফিটনেস ট্র্যাকার থাকলে সুবিধা হবে। পাশাপাশি প্রয়োজন একটি টাইমার ও তথ্য লিখে রাখার ব্যবস্থা।
প্রথমে নিজের সর্বোচ্চ হৃদ্স্পন্দনের আনুমানিক হার জানতে হবে। সাধারণভাবে বয়সকে ২২০ থেকে বিয়োগ করে এই হিসাব করা হয়। যেমন, বয়স ৪০ বছর হলে সর্বোচ্চ হৃদ্স্পন্দনের আনুমানিক হার মিনিটে ১৮০ বার।
এরপর নিজের শারীরিক সক্ষমতা অনুযায়ী দৌড়ানো, সাইকেল চালানো কিংবা অন্য কোনো ব্যায়াম করতে হবে। লক্ষ্য থাকবে সর্বোচ্চ হৃদ্স্পন্দনের ৭০ থেকে ৮৫ শতাংশ পর্যন্ত পৌঁছানো।
ব্যায়াম বন্ধ করার সঙ্গে সঙ্গে হৃদ্স্পন্দন পরিমাপ করতে হবে। স্মার্টওয়াচ না থাকলে ঘাড়ের পাশে আঙুল রেখে ১০ সেকেন্ডের স্পন্দন গুনে ছয় দিয়ে গুণ করলে মিনিটে হৃদ্স্পন্দনের আনুমানিক সংখ্যা পাওয়া যাবে।
এরপর বসে বা শুয়ে এক মিনিট বিশ্রাম নিয়ে আবার হৃদ্স্পন্দন মাপতে হবে। প্রথমবারের পরিমাপ থেকে দ্বিতীয়বারের পরিমাপ বাদ দিলেই পাওয়া যাবে হার্ট রেট রিকভারি বা এইচআরআর।
কত হলে ভালো, কখন সতর্ক হবেন
ব্যায়াম বন্ধ করার পর প্রথম এক মিনিটে হৃদ্স্পন্দন অন্তত ১৮ বার কমে আসাকে ভালো পুনরুদ্ধারের হার হিসেবে বিবেচনা করা হয়।
অন্যদিকে, প্রথম এক মিনিটে হৃদ্স্পন্দন ১২ বারের কম কমলে ভবিষ্যতে স্বাস্থ্যগত জটিলতার আশঙ্কা থাকতে পারে। তবে বয়স, শারীরিক সক্ষমতা এবং ব্যক্তিভেদে এই ফলাফলে পার্থক্য দেখা যায়।
বিশেষজ্ঞদের পরামর্শ, নতুন করে ব্যায়াম শুরু করার আগে চিকিৎসকের সঙ্গে কথা বলা উচিত। ব্যায়ামের সময় মাথা ঘোরা, বুকে ব্যথা বা চাপ অনুভব কিংবা ব্যায়ামের তুলনায় অস্বাভাবিক শ্বাসকষ্ট হলে সঙ্গে সঙ্গে থামতে হবে। আগে থেকে হৃদ্রোগ রয়েছে, এমন ব্যক্তিদের চিকিৎসকের তত্ত্বাবধান ছাড়া এই পরীক্ষা করা উচিত নয়।
হৃদ্স্পন্দন স্বাভাবিক হওয়ার গতি তাই কেবল শরীরচর্চার সক্ষমতা পরিমাপের বিষয় নয়; এটি সামগ্রিক স্বাস্থ্য সম্পর্কে আগাম সতর্কবার্তা দিতে পারে। তবে একটি পরীক্ষার ফল দিয়ে মৃত্যুঝুঁকি বা কোনো রোগ নিশ্চিত করা যায় না। অস্বাভাবিক ফল পাওয়া গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।












