তৈরি পোশাকশ্রমিকদের চলমান মজুরি আন্দোলন ও শিল্পাঞ্চলের অস্থিরতায় দেশের পোশাক খাতে তিন থেকে চার হাজার কোটি টাকা পর্যন্ত ক্ষতির আশঙ্কা করছে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)। পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে এই ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। একই সঙ্গে বাংলাদেশের কারখানাগুলো থেকে নতুন ক্রয়াদেশ দেওয়ার ক্ষেত্রে সতর্ক হয়ে উঠছেন আন্তর্জাতিক ক্রেতারা। এতে রপ্তানি আয়, উৎপাদন সক্ষমতা এবং বিশ্ববাজারে বাংলাদেশের ব্যবসায়িক সুনাম ঝুঁকিতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর উত্তরায় সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব উদ্বেগ তুলে ধরেন বিজিবিএ নেতারা। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মো. আবদুল হামিদ। এ সময় সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সহসভাপতি রোমান মিয়া ও এমদাদুল হক মিয়াজীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
ন্যায্য মজুরির দাবি যৌক্তিক, প্রয়োজন শিল্পাঞ্চলে স্থিতিশীলতা
সংবাদ সম্মেলনে আবদুল হামিদ বলেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির কারণে শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি যৌক্তিক। এ বিষয়ে নিম্নতম মজুরি বোর্ড কাজ করছে। শ্রমিকদের জন্য সম্মানজনক ও ন্যায়সংগত এবং কারখানার মালিকদের জন্য বহনযোগ্য—এমন একটি সময়োপযোগী মজুরিকাঠামো নির্ধারণ করা প্রয়োজন।
তবে মজুরি নিয়ে আলোচনার পাশাপাশি শিল্পাঞ্চলে দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনার ওপরও জোর দেন তিনি। তাঁর মতে, চলমান অস্থিরতায় কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। পাশাপাশি রপ্তানির জন্য প্রস্তুত পণ্য নির্ধারিত সময়ে জাহাজীকরণ করাও কঠিন হয়ে পড়ছে।
সময়মতো পণ্য পাঠাতে না পারলে বাড়বে ব্যয়
বিজিবিএর সভাপতি জানান, নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করা না গেলে বিকল্প হিসেবে উড়োজাহাজে পণ্য পাঠানোর প্রয়োজন হতে পারে। এতে পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। আবার সময়মতো পণ্য পৌঁছাতে ব্যর্থ হলে বিদেশি ক্রেতারা মূল্যছাড়ের চাপ দিতে পারেন।
তবে সবচেয়ে বড় উদ্বেগ হলো আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে পরিচিতি ক্ষতিগ্রস্ত হওয়া। পোশাক কেনার ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রেতারা শুধু দাম ও মান বিবেচনা করেন না; নির্ধারিত সময়ে পণ্য সরবরাহের সক্ষমতাও তাঁদের কাছে গুরুত্বপূর্ণ।
নতুন ক্রয়াদেশে সতর্ক বিদেশি ক্রেতারা
আবদুল হামিদের দাবি, চলমান পরিস্থিতির কারণে অনেক আন্তর্জাতিক ক্রেতা বাংলাদেশ থেকে নতুন ক্রয়াদেশ দেওয়ার বিষয়ে সতর্ক ও দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছেন। কিছু ক্ষেত্রে ক্রয়াদেশের পরিমাণও কমেছে।
এই প্রবণতা অব্যাহত থাকলে উৎপাদনকারী কারখানাগুলো পূর্ণ সক্ষমতায় কাজ করতে পারবে না। কোনো কোনো কারখানা উৎপাদন বন্ধ করতেও বাধ্য হতে পারে। এতে রপ্তানি আয় ও শিল্পের উৎপাদন সক্ষমতার পাশাপাশি শ্রমিকদের কর্মসংস্থান এবং তাঁদের পরিবারের আর্থিক নিরাপত্তাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
সংকটের প্রভাব ছড়াবে পুরো সরবরাহব্যবস্থায়
বিজিবিএ নেতারা মনে করেন, পোশাকশিল্পে অস্থিরতার প্রভাব শুধু কারখানা ও রপ্তানিতে সীমাবদ্ধ থাকবে না। পরিবহন, ব্যাংকিং, লজিস্টিকস, বন্দর, শিপিংসহ বিভিন্ন সেবা খাত এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত। ফলে উৎপাদন ব্যাহত হলে পুরো সরবরাহব্যবস্থায় তার প্রভাব পড়বে এবং ক্ষতির চাপ ছড়িয়ে পড়বে সামগ্রিক অর্থনীতিতে।
সংকট মোকাবিলায় শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি উৎপাদন ও সরবরাহব্যবস্থা সচল রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, শ্রমিক, মালিক ও সরকারের মধ্যে কার্যকর আলোচনা এবং দ্রুত গ্রহণযোগ্য সিদ্ধান্তের মাধ্যমে অস্থিরতা নিরসন জরুরি।
বাংলাদেশের পোশাকশিল্পের বড় শক্তি হলো প্রতিযোগিতামূলক দামে বিপুল পরিমাণ পণ্য উৎপাদন এবং নির্ধারিত সময়ে সরবরাহ। চলমান পরিস্থিতি দীর্ঘায়িত হলে এই দুই ক্ষেত্রেই চাপ বাড়তে পারে।












