গাজায় যুদ্ধ বন্ধে নিজেদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে ইসরায়েল ও হামাস—এমন অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন ‘বোর্ড অব পিস’। সংস্থাটির মূল্যায়নে বলা হয়েছে, দুই পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতার কারণে যুদ্ধবিরতি ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। অন্যদিকে গাজার দুই মিলিয়নের বেশি ফিলিস্তিনি এখনো মানবিক বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছেন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উপস্থাপনের জন্য তৈরি ১২ পৃষ্ঠার এক প্রতিবেদনে এসব পর্যবেক্ষণ তুলে ধরেছে বোর্ড অব পিস। রয়টার্সের হাতে আসা প্রতিবেদনটি গত ১৩ মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির অগ্রগতি ও সীমাবদ্ধতার মূল্যায়ন। নভেম্বরের শেষ দিকে নিউইয়র্কে নিরাপত্তা পরিষদের বৈঠকে প্রতিবেদনটি উপস্থাপনের কথা রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শান্তি প্রক্রিয়ার সবচেয়ে বড় ঝুঁকি হলো চুক্তিতে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, বাস্তবে তার সঙ্গে পরিস্থিতির বড় ব্যবধান। দৃশ্যমান কোনো অগ্রগতি ছাড়া যুদ্ধবিরতি অনির্দিষ্টকাল টিকিয়ে রাখা সম্ভব নয় বলেও সতর্ক করেছে সংস্থাটি।
শান্তি পরিকল্পনা কার্যত স্থবির
যুদ্ধবিরতির ফলে বড় ধরনের সংঘাত কিছুটা কমলেও গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বৃহত্তর পরিকল্পনা কার্যত থমকে গেছে। পরিকল্পনার আওতায় হামাসের অস্ত্র সমর্পণ, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং পুনর্গঠন কার্যক্রম শুরুর কথা ছিল।
গত জুলাইয়ে হামাস বোর্ড অব পিসের একটি রূপরেখায় সম্মতি দিয়েছিল। এতে অস্ত্র সমর্পণ এবং গাজার প্রশাসনিক দায়িত্ব একটি বেসামরিক অন্তর্বর্তী কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তাব ছিল। তবে ইসরায়েল সেই রূপরেখা প্রত্যাখ্যান করে। দেশটির অবস্থান, হামাসকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় না করা পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্যাহার করা হবে না।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল প্রায় প্রতিদিনই গাজায় হামলা চালাচ্ছে। অন্যদিকে হামাসের যোদ্ধারাও ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে।
বোর্ড অব পিসের মূল্যায়নে বলা হয়েছে, ইসরায়েল হামাসের অবস্থান লক্ষ্য করে যত দিন হামলা চালিয়ে যাবে, তত দিন শান্তি পরিকল্পনায় হামাসের সম্মতি বাস্তবে যাচাই করার সুযোগ পিছিয়ে যাবে। একই সঙ্গে হামাসের সামরিক তৎপরতাও পুরোপুরি বন্ধ হয়নি।
হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম প্রতিবেদনটিকে ‘সম্পূর্ণ অপতথ্য’ বলে প্রত্যাখ্যান করেছেন। তাঁর অভিযোগ, শান্তি পরিকল্পনায় ইসরায়েলের দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ করে দিতেই বোর্ড অব পিস এমন প্রতিবেদন তৈরি করেছে।
পুলিশ বাহিনী গঠনেও ইসরায়েলের নিষ্ক্রিয়তা
গাজার দুই মিলিয়নের বেশি ফিলিস্তিনি বর্তমানে উপকূলীয় ভূখণ্ডের প্রায় এক-তৃতীয়াংশ এলাকায় সীমাবদ্ধ। তাঁদের অধিকাংশই অস্থায়ী তাঁবু ও ক্ষতিগ্রস্ত ভবনে বসবাস করছেন। অন্যদিকে গাজার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। এসব এলাকার বড় অংশই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং জনবসতিশূন্য হয়ে পড়েছে।
প্রতিবেদনে গাজার নিরাপত্তাব্যবস্থা পরিচালনার জন্য হামাসের পরিবর্তে একটি বেসামরিক ফিলিস্তিনি পুলিশ বাহিনী গঠনের বিষয়ে ইসরায়েল সরকারের সিদ্ধান্তহীনতার সমালোচনা করা হয়েছে।
নতুন পুলিশ বাহিনীকে কীভাবে প্রশিক্ষণ দেওয়া হবে এবং কীভাবে তাদের মোতায়েন করা হবে, সে বিষয়ে ইসরায়েল এখনো কার্যকর সিদ্ধান্ত নেয়নি। বোর্ড অব পিসের মতে, এই নিষ্ক্রিয়তা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
ত্রাণ সরবরাহে বাধা, হামাসের বিরুদ্ধে কর আদায়ের অভিযোগ
গাজায় মানবিক পরিস্থিতি আরও কঠিন হওয়ার পেছনে ইসরায়েলের আরোপ করা সরবরাহ ও সরঞ্জাম প্রবেশের বিধিনিষেধকে দায়ী করেছে বোর্ড অব পিস। অর্থায়নের ঘাটতির সঙ্গে এসব বিধিনিষেধ যুক্ত হওয়ায় মৌসুমি বন্যা মোকাবিলার প্রস্তুতি নিতে পারছেন না গাজার বাসিন্দারা।
গত সপ্তাহে ভারী বৃষ্টিতে গাজার বিভিন্ন বাস্তুচ্যুত মানুষের শিবির প্লাবিত হয়েছে। চলতি মাসের শেষ দিকে আরও বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে তাঁবুতে বসবাসকারী লাখো মানুষের দুর্ভোগ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
অন্যদিকে গাজায় প্রবেশ করা পণ্যের ওপর হামাস কর আদায় করছে বলে প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও প্রাপ্যতা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছে বোর্ড অব পিস।
যুদ্ধবিরতির পরও প্রাণহানি অব্যাহত
২০২৩ সালের অক্টোবরে হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন। ওই হামলার জবাবে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়। এরপর থেকে ইসরায়েলি হামলায় প্রায় ৭৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।
২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় প্রাণহানি বন্ধ হয়নি। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ১ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে বহু বেসামরিক নাগরিক রয়েছেন। একই সময়ে পাঁচ ইসরায়েলি সেনারও মৃত্যু হয়েছে।
ট্রাম্পের যুদ্ধ অবসানের পরিকল্পনা আন্তর্জাতিক মহলে ব্যাপক সমর্থন পেলেও বোর্ড অব পিসের ভূমিকা নিয়ে ওয়াশিংটনের পশ্চিমা মিত্রদের অনেকের মধ্যে সংশয় রয়েছে।
এদিকে গত মাসের অনির্ণায়ক নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী জোট সরকার তত্ত্বাবধায়ক অবস্থায় ক্ষমতায় রয়েছে। বুধবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ আবারও বলেছেন, হামাসকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করা এবং গাজাকে নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত ইসরায়েল সেনা প্রত্যাহার করবে না।
ফলে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় স্থায়ী শান্তি, প্রশাসনিক পুনর্গঠন এবং বাস্তুচ্যুত মানুষের স্বাভাবিক জীবনে ফেরার পথ এখনো অনিশ্চিত।












