ভারতের পূর্ব উপকূলীয় রাজ্য ওডিশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আখভান। শুক্রবার সকালে গোপালপুর বন্দরের কাছ দিয়ে উপকূল অতিক্রম করে ঝড়টি। তবে আগাম সতর্কতা ও ব্যাপক উদ্ধার তৎপরতার কারণে এখন পর্যন্ত রাজ্যটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকা থেকে প্রায় তিন লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে গোপালপুরের কাছ দিয়ে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করে। বেলা ১১টা ২০ মিনিটের মধ্যে এর স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় বাতাসের একটানা গতিবেগ ছিল ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার, যা দমকা হাওয়ায় ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত উঠেছিল।
স্থলভাগে প্রবেশের পর দুর্বল হচ্ছে ঝড়
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আখভান উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে প্রথমে গভীর নিম্নচাপে এবং পরে নিম্নচাপে পরিণত হতে পারে। শুক্রবার দুপুরের পরবর্তী তিন ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে এবং পরের ছয় ঘণ্টায় নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে আখভান তীব্র ঘূর্ণিঝড় হিসেবে উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। তখন বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়। তবে শুক্রবার সকালে ঝড়টির শক্তি উল্লেখযোগ্যভাবে কমে যায়।
কর্মকর্তারা জানিয়েছেন, উল্লম্ব বায়ুপ্রবাহের প্রভাব, ঝড়ের বিস্তৃত কিন্তু সুসংগঠিত নয় এমন বায়ুচক্র এবং সমুদ্রের ওপর দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার কারণে এর শক্তি কমেছে। বর্তমানে দক্ষিণ ওডিশার উপকূল এবং আশপাশের সমুদ্র এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার। দমকা হাওয়ায় তা ৮০ কিলোমিটার পর্যন্ত উঠছে।
নিরাপদ আশ্রয়ে তিন লাখ মানুষ
ওডিশার রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী সুরেশ পুজারি জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের আঘাতে রাজ্যে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে—এমন এলাকা হিসেবে চিহ্নিত গঞ্জাম জেলায় মোট সরিয়ে নেওয়া মানুষের প্রায় অর্ধেককে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। রাজ্যজুড়ে তিন লাখের মতো মানুষকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়।
এ ছাড়া চার হাজারের বেশি অন্তঃসত্ত্বা নারীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁদের মধ্যে ১ হাজার ৪৫০ জন ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রেই সন্তান জন্ম দিয়েছেন।
প্রস্তুত ৯ হাজারের বেশি আশ্রয়কেন্দ্র
দুর্যোগ মোকাবিলায় রাজ্য সরকার ৯ হাজার ৩৪১টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র চালু করেছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় ওডিশা দুর্যোগ মোকাবিলা বাহিনী, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং ফায়ার সার্ভিসের মোট ৪১৮টি দল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আরও ২৮টি ফায়ার সার্ভিস দলকে প্রস্তুত রাখা হয়েছে।
ভদ্রক, কটক, গজপতি, গঞ্জাম, জগৎসিংহপুর, যাজপুর, কেন্দ্রাপাড়া, খুরদা, নয়াগড় ও পুরীসহ বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। আগামী দুই দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভুবনেশ্বর ও কটকেও উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টির আশঙ্কা রয়েছে।
ট্রেন চলাচলে বিঘ্ন, বাস বন্ধ
ঘূর্ণিঝড়ের প্রভাবে ওডিশার বিভিন্ন এলাকায় সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় ৪৭টি ট্রেনের চলাচল বাতিল করা হয়েছে। এর মধ্যে ৪১টি বাতিল করেছে ইস্ট কোস্ট রেলওয়ে। এ ছাড়া ২৮টি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
রেল যোগাযোগ স্বাভাবিক রাখা এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাজ্য সরকার রেলওয়ের সঙ্গে সমন্বয় করছে। রাজ্যের নিয়ন্ত্রণকক্ষ থেকে দুই জ্যেষ্ঠ কর্মকর্তা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। অন্যদিকে, গঞ্জাম জেলায় শুক্রবার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পড়লেও ভারী বৃষ্টি ও যোগাযোগব্যবস্থায় বিঘ্নের আশঙ্কা থাকায় উদ্ধার ও দুর্যোগ ব্যবস্থাপনার প্রস্তুতি অব্যাহত রেখেছে রাজ্য সরকার।












